ভারতের হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলব

শেখ হাসিনাকে উসকানিমূলক বক্তব্যের সুযোগ দেওয়ায় বাংলাদেশের উদ্বেগ

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৫ পিএম

দিল্লিতে পলাতক বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনবরত উসকানিমূলক বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ায় ভারত সরকারের প্রতি গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশে। ১৪ই ডিসেম্বর রবিবার ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে এই উদ্বেগ আনুষ্ঠানিকভাবে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পলাতক শেখ হাসিনা প্রকাশ্যে তার সমর্থকদের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়ানোর আহ্বান জানাচ্ছেন, যা বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য হুমকি। এ ধরনের কর্মকাণ্ড বন্ধ করতে ভারতের কার্যকর উদ্যোগ প্রত্যাশা করে বাংলাদেশ।

এছাড়া শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দ্রুত ফেরত দেওয়ার দাবিও মনে করিয়ে দেওয়া হয়েছে, যাতে তারা বাংলাদেশে বিচারের মুখোমুখি হতে পারেন।

ভারতীয় হাইকমিশনারকে জানানো হয়, ভারতে আশ্রয় নেয়া আওয়ামী লীগের পলাতক সদস্যরা বাংলাদেশবিরোধী তৎপরতায় জড়িত। আসন্ন নির্বাচন ব্যাহত করতে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিকল্পনা ও বাস্তবায়নে সহায়তা করছে তারা। তাদেরও বাংলাদেশে ফেরত দেওয়ার আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীকে হত্যাচেষ্টার ঘটনা সন্দেহভাজনদের ভারতে পালিয়ে যাওয়ার শঙ্কার বিষয়েও ভারতের সহযোগিতা চেয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। কেউ ভারতে প্রবেশ করলে তাদের গ্রেপ্তার করে বাংলাদেশের হাতে তুলে দেওয়ারও অনুরোধ জানানো হয়।

বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়ে ন্যায়বিচার ও গণতান্ত্রিক প্রক্রিয়া সুরক্ষায় প্রতিবেশি দেশ হিসাবে ভারতের দায়িত্বের কথাও বৈঠকে জোর দিয়ে উল্লেখ করা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৈঠকে ভারতের হাইকমিশনার বলেছেন, বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচন প্রত্যাশা করে ভারত। এ জন্য তার দেশ প্রয়োজনীয় সহযোগিতা করতে প্রস্তুত বলেও জানিয়েছেন প্রণয় ভার্মা।