ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুলিবিদ্ধ

আপডেট : ১২ ডিসেম্বর ২০২৫, ০৭:০৯ পিএম

রাজধানীর বিজয়নগরে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি।

১২ই ডিসেম্বর দুপুরে ঢাকার বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় তাকে গুলি করা হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতাল থেকে জানা গেছে তার কানের নিচ দিয়ে গুলিটি মাথায় ঢুকেছে।

বিকাল চারটার কিছু পরে জানা গেছে হাদির অবস্থা আশঙ্কাজনক। তাকে ‘লাইফ সাপোর্ট’ দেওয়া হয়েছে। গুলিটি তার মাথার ভেতরে রয়েছে। ওসমান হাদি ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী।
হাদির ওপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেছেন, “নির্বাচনকে বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে কোনো ধরনের সহিংসতা বরদাশত করা হবে না। জনগণের নিরাপত্তা এবং প্রার্থীদের অবাধ চলাচল নিশ্চিত করা আমাদের দায়িত্ব। দোষীরা যে-ই হোক, আইনের আওতায় আনা হবে।”
বিএনপি বিবৃতি দিয়ে জানিয়েছে এ হামলা নির্বাচন বানচালের অপচেষ্টা।