প্রশ্নবিদ্ধ রায় দিতে চায় না আপিল বিভাগ: প্রধান বিচারপতি

২০১১ সালে সংবিধানের পঞ্চদশ সংশোধনী সংসদে পাস হয়। এর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলোপসহ ৫৪টি ক্ষেত্রে পরিবর্তন এসেছিল।

আপডেট : ১১ ডিসেম্বর ২০২৫, ০৭:২১ পিএম

আপিল বিভাগ এমন কোনও রায় দিতে চায় না যা নিয়ে প্রশ্ন ওঠে, এমন মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। পঞ্চদশ সংশোধনী বাতিলের আপিল শুনানিতে তিনি এ কথা বলেছেন।

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলসহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিলের চূড়ান্ত শুনানি ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর হবে বলে সিদ্ধান্ত দেন আপিল বিভাগ। ১১ই ডিসেম্বর বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষের শুনানি শেষে আদালত এই সিদ্ধান্ত জানান।

২০১১ সালে সংবিধানের পঞ্চদশ সংশোধনী সংসদে পাস হয়। এর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলোপসহ ৫৪টি ক্ষেত্রে পরিবর্তন এসেছিল। জুলাই গণঅভ্যুত্থানের পর পঞ্চদশ সংশোধনীর বৈধতা নিয়ে হাইকোর্টে আলাদা দুটি রিট হয়।

চূড়ান্ত শুনানি শেষে ২০২৪ সালের ১৭ই ডিসেম্বর পঞ্চদশ সংশোধনীর কয়েকটি ধারা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও বাতিল করে হাইকোর্ট। পুনর্বহাল হয় গণভোটের বিধান।

পঞ্চদশ সংশোধনী আইন সম্পূর্ণ বাতিল না করে বিধানগুলোর বিষয়ে আইন অনুসারে পরবর্তী সংসদ সিদ্ধান্ত নিতে পারে বলেও রায়ে উল্লেখ করা হয়। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে পৃথক তিনটি আপিল হয়। ৩রা ডিসেম্বর শুরু হয় আপিলের ওপর শুনানি। তবে আপিল বিভাগের সিদ্ধান্ত, নির্বাচনের পর এ বিষয়ে চূড়ান্ত শুনানি হবে।

রিটাকারীর আইনজীবী রুহুল কুদ্দুস কাজল বলেন, “আপিল বিভাগ বলেছেন, এমন একটা সময়ে যে সময়ে আগামী দুই মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন হবে এবং পরবর্তিতে জাতীয় সংসদ গঠিত হবে এবং যে সমস্ত বিষয়গুলো আমরা বলেছি আদালতের দৃষ্টিতে তার অনেকগুলো বিষয় পার্লামেন্টে করতে হবে। যেহেতু পার্লামেন্টে করতে হবে উনারা আসলে মূলত চেয়েছেন যে পরবর্তী নির্বাচন পর্যন্ত এবং পরবর্তী সংসদ গঠিত হওয়া পর্যন্ত এই মামলার এই পর্যায়ে শুনানি স্থগিত থাকুক।”