দশ লাখ ডলারেই মিলবে যুক্তরাষ্ট্রের ’গোল্ড কার্ড’

আপডেট : ১১ ডিসেম্বর ২০২৫, ০৩:১১ পিএম

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এমন এক প্রকল্প চালু করেছেন যেখানে দশ লাখ ডলার দিতে পারলেই মিলবে যুক্তরাষ্ট্রের ভিসা। ‘গোল্ড কার্ড’ নামের এই ভিসা চালু হলো যখন অভিবাসন নিয়ে কড়াকড়ি নিয়ম আরোপ করছে ওয়াশিংটন।

 
বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প লিখেছেন, "এই কার্ড সকল যোগ্য ও যাচাই করা ব্যক্তির জন্য 'নাগরিকত্বের সরাসরি পথ'। খুবই এক্সাইটিং। আমাদের আমেরিকান কোম্পানিগুলি অবশেষে তাদের অমূল্য প্রতিভাদের ধরে রাখতে পারবে।"


অবৈধ অভিবাসন ঠেকাতে যুক্তরাষ্ট্র কঠিন নিয়ম করেছে। বৈধভাবে কাজের জন্য যে ভিসা দেয়া হয় তার ফি বাড়ানো, অনুমোদনহীন অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর মতো উদ্যোগও নেয়া হয়েছে।


তবে গোল্ড কার্ড প্রকল্পের ওয়েবসাইট বলছে, চলতি বছরের শুরুতে ট্রাম্পের ঘোষণা করা এই 'ট্রাম্প গোল্ড কার্ড' এমন একটি মার্কিন ভিসা, যা তাদেরকেই দেওয়া হয় যারা প্রমাণ করতে পারবে যে তারা যুক্তরাষ্ট্রকে ’যথেষ্ট সুযোগ-সুবিধা’ দিতে পারবে। “গোল্ড কার্ড স্কিম নির্দিষ্ট সময় পর্যন্ত যুক্তরাষ্ট্রে থাকার অনুমতি দিবে, এজন্য এক মিলিয়ন ডলার ফি প্রয়োজন হবে যা মূল ওই ব্যক্তি যুক্তরাষ্ট্রের প্রয়োজনে লাগার প্রমাণ।”


তবে বিভিন্ন স্পন্সরকারী ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে তাদের কর্মীদের বাড়তি ফিসহ দুই মিলিয়ন বা বিশ লাখ ডলার দিতে হবে সরকারকে।
এই প্রকল্পে আছে একটি 'প্লাটিনাম' সংস্করণ। এর আওতায় বিশেষ কর ছাড় পাবেন ভিসাগ্রহীতা। এর মূল্য হবে পাঁচ মিলিয়ন ডলার। আবেদনকারীর পরিস্থিতির ওপর নির্ভর করে সরকার অতিরিক্ত ফি’ও আরোপ করতে পারে বলেও ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে।