২৪ ঘণ্টা না পেরোতেই অ্যাটকো’র বিজ্ঞপ্তি প্রত্যাহার

আপডেট : ১৬ জুন ২০২৬, ০৪:৫৩ পিএম

সমালোচনার মুখে এনওসি বাধ্যতামূলক করে দেওয়া বিজ্ঞপ্তি প্রত্যাহার করেছে অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো)। সোমবার দেওয়া এক বিবৃতিতে এই তথ্য জানায় সংগঠনটি। 

এর আগে রবিবার দেওয়া এক বিজ্ঞপ্তিতে টেলিভিশনে কর্মরত সাংবাদিকদের চাকরি পরিবর্তন করতে এনওসি বা অনাপত্তিপত্র বাধ্যতামূলক বলে জানিয়েছিল সংগঠনটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, নতুন কোনো প্রতিষ্ঠানে যোগ দিতে হলে সংবাদকর্মীদের আগের প্রতিষ্ঠানের লিখিত ছাড়পত্র জমা দিতে হবে। ছাড়পত্র বা অনাপত্তিপত্র ছাড়া চাকরি পরিবর্তন করলে প্রতিষ্ঠানের নিয়ম ভঙ্গ হয়েছে বলে ধরা হবে এবং নিয়ম অনুযায়ী ওই ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছিল বিজ্ঞপ্তিতে। 

অনাপত্তিপত্র আবশ্যক করে বিবৃতি দেওয়ার পর থেকেই এর নানা সমালোচনা শুরু হয়। এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।

এমন পরিস্থিতিতে ২৪ ঘণ্টা না পেরোতেই সোমবার অনাপত্তিপত্র বিষয়ক এই বিজ্ঞপ্তি প্রত্যাহার করে আরও একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

সোমবারের বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, আগের দিনের বিজ্ঞপ্তিটি ‘ভুলবশত’ পাঠানো হয়েছিল।