গণমাধ্যম চলবে সরকারের টাকায়, মানছে না চেক জনগণ 

চেক রিপাবলিক পার্লামেন্টের নিম্নকক্ষে ২৪এ অক্টোবর ভোর ৪টা ৩৬ মিনিটে একটি বিল প্রাথমিকভাবে পাস হয়। যেই বিলে খোদ সরকারই বলছে চেক মিডিয়ার লাইসেন্স ফি জনগণকে আর দিতে হবে না। কিন্তু এই বিল মানছে না চেক জনতা। তাদের দাবি, জনগণের টাকাতেই চলতে হবে মিডিয়া। আর সেই দাবি তাদের নিয়ে এসেছে রাজপথে। নাগরিক সংগঠন ‘মিলিয়ন মোমেন্টস ফর ডেমোক্রেসি’র আয়োজনে রবিবারের বিক্ষোভে অংশ নেন সাড়ে তিন লাখ থেকে সাড়ে চার লাখ মানুষ। 

আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ০৭:১৬ পিএম

‘‘আমরা গণমাধ্যমকে হাতছাড়া হতে দেব না!’’ এমন স্লোগান লেখা ব্যানার হাতে রাজপথে নেমেছেন লাখো মানুষ। কারও মাথায় ত্রিভুজাকৃতির কাগজের টুপি, কারও হাতে প্ল্যাকার্ড। দাবি একটাই, রাষ্ট্রীয় গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। চেক রিপাবলিকের রাজধানী প্রাগের লেতনা ময়দানে রবিবার এমনই এক বিশাল বিক্ষোভে অংশ নেন প্রায় চার লাখ মানুষ। প্রধানমন্ত্রী আন্দ্রেই বাবিশ সরকারের গণমাধ্যমের অর্থায়নব্যবস্থা পরিবর্তনের পরিকল্পনার বিরুদ্ধে এটিই ছিল চেক রিপাবলিকের ইতিহাসে সবচেয়ে বড় বিক্ষোভ।

সরকারি বাজেটে গণমাধ্যম, বাড়ছে নিয়ন্ত্রণের শঙ্কা

বিক্ষোভের মূল কারণ সরকারি টেলিভিশন ও রেডিওর অর্থায়ন ব্যবস্থায় পরিবর্তনের পরিকল্পনাকে ঘিরে। এত দিন দর্শক ও শ্রোতাদের কাছ থেকে বাধ্যতামূলক মাসিক লাইসেন্স ফি নিয়ে পরিচালিত হতো চেক টেলিভিশন ও চেক রেডিও। কিন্তু প্রধানমন্ত্রী বাবিশের সরকার সেই ফি বাতিল করে রাষ্ট্রীয় বাজেট থেকে প্রতিষ্ঠান দুটির ব্যয় মেটানোর পরিকল্পনা করছে। প্রস্তাবিত সংস্কারে সম্প্রচারমাধ্যম দুটির বাজেট প্রায় ১৫ শতাংশ কমানোর কথাও রয়েছে।

বর্তমানে চেক রিপাবলিকেে প্রতিটি পরিবারকে টেলিভিশনের জন্য মাসে ১৫০ চেক ক্রোনা এবং রেডিওর জন্য ৫৫ ক্রোনা দিতে হয়। চলতি বছর এই ফি থেকে চেক টেলিভিশনের আয় ৬৭৩ কোটি এবং চেক রেডিওর আয় ২৪৭ কোটি ক্রোনা। নতুন ব্যবস্থায় এই অর্থায়নের কাঠামো বদলে যাবে। সরকারের দাবি, এতে সাধারণ মানুষের আর্থিক চাপ কমবে। তবে বিরোধীদের আশঙ্কা, রাষ্ট্রীয় বাজেটের ওপর নির্ভরশীলতা বাড়লে সংবাদমাধ্যমের সম্পাদকীয় স্বাধীনতা ও নিরপেক্ষতা ক্ষতিগ্রস্ত হতে পারে।

‘নেভার এগেইন ৪:৩৬’

নাগরিক সংগঠন ‘মিলিয়ন মোমেন্টস ফর ডেমোক্রেসি’র আয়োজনে শুরু হওয়া বিক্ষোভে অংশ নেন দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা মানুষ। সংগঠনটির প্রধান মিকুলাশ মিনারের হিসাবে, সমাবেশে উপস্থিত ছিলেন সাড়ে তিন লাখ থেকে সাড়ে চার লাখ মানুষ। 

 

২৪এ অক্টোবর ভোর ৪টা ৩৬ মিনিটে পার্লামেন্টের নিম্নকক্ষে বিতর্কিতভাবে বিলটির প্রাথমিক অনুমোদনের ঘটনাকে কেন্দ্র করেই এই স্লোগান দেওয়া শুরু হয়। আর তাই বিক্ষোভের স্লোগান হয়ে যায় ‘নেভার এগেইন ৪:৩৬’।

অভিযোগ আছে, ওই দিন বিরোধী দলের ৬০ জনের বেশি সংসদ সদস্যকে বক্তব্য দেওয়ার সুযোগ না দিয়েই আলোচনা সংক্ষিপ্ত করে ভোট আয়োজন করা হয়।

বিক্ষোভে অংশ নেওয়া কম্পিউটার প্রোগ্রামার ইয়ান স্নাশেল বার্তা সংস্থা এএফপিকে বলেন, “গণমাধ্যমের স্বাধীনতা বজায় রাখা জরুরি।” 

তিনি অভিযোগ করে বলেন, সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ, অর্থায়ন কমানো এবং সম্প্রচার কার্যক্রমে প্রভাব বিস্তারের পদক্ষেপ নিচ্ছে। 

একই সমাবেশে প্রাগের শিক্ষক ও গবেষক লুসি ফাইফ্রোভা বলেন, তিনি শুধু চেক টেলিভিশন ও রেডিওর স্বাধীনতার সমর্থনে আসেননি; সংস্কৃতি ও পরিবেশ সুরক্ষাসহ আরও অনেক বিষয়েও তার উদ্বেগ রয়েছে। 

এখন বিক্ষোভটি শুধু গণমাধ্যমের দাবিতে সীমাবদ্ধ থাকেনি, সরকারের অন্যান্য নীতির বিরুদ্ধেও মানুষের অসন্তোষ প্রকাশ পেয়েছে।

‘গণমাধ্যম রাজনীতিবিদদের সম্পত্তি নয়’

লাখো মানুষের এই আন্দোলনকে সমর্থন জানিয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংগঠন, কয়েক ডজন থিয়েটার, লেখক, শীর্ষস্থানীয় ক্রীড়াবিদ, গির্জা, স্বাস্থ্যকর্মী এবং আন্তর্জাতিক সাংবাদিক সংগঠনের প্রতিনিধিরা। গত ৩রা নভেম্বর চেক টেলিভিশন ও চেক রেডিওর কর্মীরাও এক দিনের ধর্মঘট পালন করেন।

বিক্ষোভকারীদের দাবি, সরকারি সম্প্রচারমাধ্যম কোনো রাজনীতিবিদ, সরকার কিংবা রাষ্ট্রের ব্যক্তিগত সম্পত্তি নয়; এগুলো জনগণের প্রতিষ্ঠান। তাই সব শ্রেণির মানুষের মতামত তুলে ধরতে রাজনৈতিক প্রভাবমুক্ত গণমাধ্যম নিশ্চিত করতে হবে।

 

আন্দোলনকারীরা শুধু অর্থায়নসংক্রান্ত বিল প্রত্যাহারই চাননি, পার্লামেন্টের স্পিকার তোমিও ওকামুরাকে পদ থেকে সরানোর দাবিও জানিয়েছেন। তার নেতৃত্বাধীন এসপিডি দলের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা ও দেশের প্রতিরক্ষা সক্ষমতা দুর্বল করার অভিযোগ তুলেছেন তারা।

ইউরোপীয় ব্রডকাস্টিং ইউনিয়ন, ইউরোপীয় সাংবাদিক ফেডারেশন, রিপোর্টার্স উইদাউট বর্ডার্স এবং ইন্টারন্যাশনাল প্রেস ইনস্টিটিউট বিষয়টি নিয়ে উদ্বেগ জানিয়েছে। তাদের আশঙ্কা, প্রস্তাবিত সংস্কারে সরকারি সম্প্রচারমাধ্যমের স্বাধীনতা ক্ষুণ্ণ হতে পারে।

সমালোচনা মানতে নারাজ বাবিশ

তবে এসব সমালোচনা প্রত্যাখ্যান করেছেন প্রধানমন্ত্রী আন্দ্রেই বাবিশ। তিনি বলেছেন, বিক্ষোভ করার অধিকারকে সম্মান করেন তিনি। কিন্তু লাইসেন্স ফি বাতিলের পরিকল্পনা থেকে সরকার সরে আসবে না। তার দাবি, নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারি গণমাধ্যমকে নিয়ন্ত্রণ কিংবা রাষ্ট্রীয় মালিকানায় নেওয়ার কোনো উদ্দেশ্য সরকারের নেই।

অন্যদিকে আন্দোলনের আয়োজক মিকুলাশ মিনার সরকারের পুরো মন্ত্রিসভাকে ২রা ডিসেম্বর প্রাগের শভান্ডা থিয়েটারে বিশেষজ্ঞ, বিশিষ্ট ব্যক্তি ও সাধারণ নাগরিকদের সঙ্গে প্রকাশ্য বিতর্কে বসার আমন্ত্রণ জানিয়েছেন। পাশাপাশি গণমাধ্যমের অর্থায়নসংক্রান্ত বিল প্রত্যাহারের দাবিও জানিয়েছেন তিনি।

বিলিয়নিয়ার প্রধানমন্ত্রী কে এই বাবিশ 

প্রধানমন্ত্রী আন্দ্রেই বাবিশের জন্ম ১৯৫৪ সালে তৎকালীন চেকোস্লোভাকিয়ার ব্রাতিস্লাভায়। অর্থনীতিতে পড়াশোনা শেষে তিনি মরক্কোয় বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করেন। পরে কৃষি ও রাসায়নিক পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান অ্যাগ্রোফার্টের সহপ্রতিষ্ঠাতার পদ পান বাবিশ। 

১৯৯৫ সালে প্রতিষ্ঠানটির মালিকানা পান তিনি। কৃষি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, জ্বালানি ও প্লাস্টিক উৎপাদনসহ বিভিন্ন খাতে ২০০টিরও বেশি কোম্পানি নিয়ে গড়ে ওঠে তার ব্যবসায়িক সাম্রাজ্য। ২০২৬ সালের শুরুতে তার সম্পদের পরিমাণ আনুমানিক ৪ দশমিক ৪ বিলিয়ন মার্কিন ডলার বলে ধারণা করা হয়।

চেক রিপাবলিকের প্রধানমন্ত্রী আন্দ্রেই বাবিশ।

২০১১ সালে দুর্নীতিবিরোধী প্রতিশ্রুতি নিয়ে ‘আনো’ নামে রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন বাবিশ। ২০১৪ সালে অর্থমন্ত্রী এবং ২০১৭ সালে প্রথমবার প্রধানমন্ত্রী হন তিনি। ব্যবসায়িক স্বার্থের সঙ্গে রাজনৈতিক দায়িত্বের সংঘাত নিয়ে তার বিরুদ্ধে অভিযোগও ওঠে। ২০২১ সালের নির্বাচনে ক্ষমতা হারানোর পর ২০২৫ সালের নির্বাচনে আবারও জয়ী হন বাবিশ। পরে এসপিডি ও ডানপন্থি ‘মোটরিস্টস ফর দেমসেল্ভস’-এর সঙ্গে জোট গঠন করে ডিসেম্বরে দ্বিতীয়বার দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন তিনি।

বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই বিক্ষোভ এখন শুধু একটি বিল প্রত্যাহারের দাবিকে ঘিরেই নয়, বরং গণমাধ্যমের স্বাধীনতা, অর্থায়ন এবং রাজনৈতিক প্রভাবমুক্ত থাকার প্রশ্নকে সামনে নিয়ে এসেছে। সরকারের দাবি, অর্থায়নের নতুন পদ্ধতিতে স্বাধীনতা ক্ষতিগ্রস্ত হবে না। তবে প্রাগে প্রায় চার লাখ মানুষের উপস্থিতি দেখিয়েছে, সরকারের এই আশ্বাস নিয়ে দেশটির বড় একটি অংশ এখনো সন্তুষ্ট নয়।

[এএফপি, রয়টার্স, ইউরো নিউজ ও প্রাগ ডেইলি নিউজ অবলম্বনে]