নাশকতার টার্গেট পুলিশ, আন্ডারওয়ার্ল্ড কানেকশনের খোঁজে গোয়েন্দারা

চলমান রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে তালিকাভুক্ত সন্ত্রাসী, অস্ত্রধারী অপরাধী, চাঁদাবাজ ও পলাতক অপরাধীদের বিভিন্ন গোষ্ঠী নিজেদের প্রভাব বিস্তারের চেষ্টা চালাচ্ছে বলে তথ্য পেয়েছে পুলিশ। সাম্প্রতিক ঘটনাগুলো কেন্দ্র করে ঢাকার অপরাধ জগতের পুরোনো নেটওয়ার্ক আবারও সক্রিয় হয়েছে। এটি নিয়ে বিস্তারিত অনুসন্ধান ও তদন্ত করছে বিভিন্ন বাহিনী।

আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ০৬:৫১ পিএম

ঘড়ির কাঁটায় তখন রাত ৯টা। রাস্তায় মানুষের আনাগোনাও কম নয়। ঢাকার আদাবর চলছিল স্বাভাবিক নিয়মেই।

হঠাৎই আদাবর থানায় পরপর দুটি ককটেল বিস্ফোরণ। মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাজুড়ে। এটি ৬ই নভেম্বরের ঘটনা।

দুই দিন পর, আবারো থানায়ে ককটেল বিস্ফোরণ। এবার টার্গেট পল্লবী থানা। ওই রাতে ককটেল ছোঁড়া হয় সিআইডি হেডকোয়ার্টারসেও।

ব্যস্ত রাস্তায় হঠাৎ ককটেল বিস্ফোরণ, থানা লক্ষ্য করে হামলা কিংবা গভীর রাতে যানবাহনে আগুন। গত কয়েক সপ্তাহে এমন ঘটনা ঘটেছে রাজধানীর অনেক এলাকায়।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে গত কয়েক সপ্তাহে একাধিকবার টার্গেট হয়েছে পুলিশ। পল্লবী থানা, সিআইডি হেডকোয়ার্টার্সের ভেতরে ছোঁড়া হয়েছে ককটেল।

অন্যদিকে পোশাক শ্রমিকদের অসন্তোষও দানা বেঁধেছে। আন্দোলন-বিক্ষোভের মধ্যে আগুন দেওয়া হয়েছে পুলিশের গাড়িতে, মারধরেরও শিকার হয়েছেন তারা।

গোয়েন্দা তথ্য ও পুলিশের অভ্যন্তরীণ তদন্ত বলছে, চলমান পরিস্থিতির সুযোগ নিয়ে পর্দার আড়ালে সক্রিয় হয়ে উঠেছে আন্ডারওয়ার্ল্ডের পুরোনো নেটওয়ার্ক।

হুন্ডি ও ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে বিদেশ থেকে আসছে নাশকতার অর্থ। এমনকি বাহিনীর ভেতরেও অনেকের ভূমিকা নিয়েও তৈরি হয়েছে সন্দেহ।

সম্প্রতি ন্যূনতম মজুরি বাড়ানোর দাবিতে ঢাকার মিরপুরসহ উত্তপ্ত হয়ে ওঠে সাভার, আশুলিয়া, গাজীপুর ও নারায়ণগঞ্জ। এসব স্থানে দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষের ঘটনা ঘটে। গত পহেলা নভেম্বর মিরপুর ১১ নম্বর এলাকায় সংঘর্ষের সময় পুড়িয়ে দেওয়া হয় পুলিশের একটি গাড়ি।

পরদিন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে শ্রমিকদের বিক্ষোভ ও সংঘর্ষের সময় পুলিশের তিনটি গাড়িতে আগুন দেওয়া হয়। পোশাক শ্রমিকদের আন্দোলন উসকে দিয়ে পরিস্থিতি ভিন্ন খাতে নেওয়ার অভিযোগ আনা হয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে।

নাশকতায় যুক্ত থাকার অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়। পরের একটি ঘটনায় গণপিটুনির শিকার হন পুলিশের এক সদস্য, যার ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

এর রেশ কাটতে না কাটতেই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মোটরসাইকেল মিছিল হয় ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এলাকায়। সে সময় পুলিশের গাড়ি লক্ষ্য করে ছোড়া ককটেলে আহত হন এনামুল নামের দায়িত্বরত এক পুলিশ কনস্টেবল।

৬ই নভেম্বর আদাবর থানার ঘটনার পর তেজগাঁও বিভাগের এডিসি ফজলুল হক গণমাধ্যমকে জানিয়েছিলেন, “আমরা সিসিটিভি ফুটেজ চেক করা ছাড়াও ঘটনাটি তদন্ত করে দেখছি যে কারা কী উদ্দেশ্যে এই ককটেল হামলা চালিয়েছে।”

জানা যায়, মোটরসাইকেলে এসে দুই জন ব্যক্তি এই ঘটনা ঘটিয়েছে।

এছাড়া ৬ ও ৭ই নভেম্বর রাজধানীর কালশী মোড়, শাহবাগ, বিমানবন্দর, খিলগাঁও ও মিরপুর এলাকায় ককটেল বিস্ফোরণ হয়। ৭ই নভেম্বর শাহবাগ থানার টহল গাড়ি লক্ষ্য করে ককটেল হামলা চালানো হয়। একই সঙ্গে ওই দিন থেকে পরবর্তী ২০ ঘণ্টায় নগরীর মিরপুর, মহাখালী ও ভাটারা এলাকায় মোট ৩টি বাসে আগুন দেওয়া হয়।

এরপর ৯ই নভেম্বর ঢাকা ও দেশের বিভিন্ন এলাকায় একের পর এক ককটেল হামলা, পুলিশি স্থাপনা ঘিরে ককটেল নিক্ষেপ ও বিভিন্ন যানবাহনে আগুন লাগার তথ্য পাওয়া যায়। ওই রাতে বনানী পুলিশ ফাঁড়ি ও গুলশানে চেকপোস্টের সামনে ককটেল বিস্ফোরণের খবর পাওয়া যায়। যদিও পুলিশ তা অস্বীকার করে করে।

১০ই নভেম্বর টুঙ্গিপাড়াসহ দক্ষিণাঞ্চলের একাধিক জেলায় পুলিশের যানবাহনের ওপর হামলার ঘটনা ঘটে।

ওই দিন নিষিদ্ধ ছাত্রলীগের অবরোধের সমর্থনে এসব কার্যক্রম চালানোর দাবি করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে সংগঠনটি দাবি করে, ৮ থেকে ১০ই নভেম্বর পর্যন্ত রাজধানীতে ২০০ থেকে ২৫০টি এবং সারাদেশে ৮৫০ থেকে ৯০০টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের তথ্য অনুযায়ী, ৭ থেকে ১০ই নভেম্বর পর্যন্ত নাশকতার ঘটনায় ১৩ই নভেম্বর পর্যন্ত ১১৯টি মামলা করা হয়েছে।

রাজধানীতে এসব ঘটনা নিয়ে ডিএমপির যুগ্ম কমিশনার (ক্রাইম) ফারুক আহমেদ আলাপ-কে বলেন, “নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীরা পুলিশকে টার্গেট করছে। এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে এ পর্যন্ত ১৭৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। কোনো কোনো জায়গায় জনগণের সহযোগিতাও পেয়েছি।”

তিনি আরও জানান, “এই কার্যক্রম চালাতে বিপুল পরিমাণ অর্থ ব্যয়ের তথ্য ইতিমধ্যে আমরা পেয়েছি। বিদেশ থেকে এসব অর্থ কারা জোগান দিচ্ছে, তাদের অনেকের নামও আমাদের হাতে এসেছে। তবে এখন পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে।”

ঢাকার পাশাপাশি জেলা শহরগুলোতেও যেন কোনোভাবেই আন্ডারওয়ার্ল্ডের নেটওয়ার্ক বিস্তার লাভ করতে না পারে, সেজন্য দেশের সব জেলার এসপিদের প্রতি বিশেষ সতর্কবার্তা জারি করেছে পুলিশ সদর দপ্তর।

পুলিশ সদর দপ্তরের তথ্য

পুলিশ সদর দপ্তর থেকে পাওয়া তথ্যে দেখা যায়, গত ৭ থেকে ৯ই নভেম্বর পর্যন্ত সারাদেশে ২৭টি স্থানে ককটেল বিস্ফোরণ ও ১৯টি বাসে আগুন দেওয়া হয়েছে। এসব ঘটনায় ১১টি মামলায় গ্রেপ্তার করা হয়েছে ২৯ জনকে। আর ১০ই নভেম্বর ঢাকার ২০টি স্থানে ৩১টি ককটেল বিস্ফোরণ এবং মোট ৭টি স্থানে ৮টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। এসব ঘটনার সঙ্গে সম্পৃক্ত মোট ৬৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এছাড়া চট্টগ্রাম মহানগরে ১টি ককটেল বিস্ফোরণ ও ২টি যানবাহনে আগুন দেওয়া হয়। পাশাপাশি কিশোরগঞ্জ, নেত্রকোনা ও গাজীপুরে ১টি করে যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) কামারুম মুনিরা আলাপ-কে বলেন, “নাশকতা প্রতিরোধ ও অপরাধীদের বিরুদ্ধে অভিযান ছাড়াও জানমালের নিরাপত্তায় কঠোর অবস্থানের কারণে পুলিশ হামলার লক্ষ্যবস্তু হচ্ছে। বাহিনীর সদস্য, যানবাহন ও স্থাপনা ঘিরে হামলার মাধ্যমে মনোবল দুর্বল করাসহ জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। প্রতিটি ঘটনাই আলাদাভাবে তদন্ত করে দেখা হচ্ছে।”

পুলিশও সন্দেহের বাইরে নয়

গত কয়েক সপ্তাহের বিভিন্ন নাশকতার ঘটনায় খোদ কিছু পুলিশ সদস্যের সাম্প্রতিক কার্যক্রম নিয়ে সন্দেহ তৈরি হয়েছে ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে। তাদের বিরুদ্ধে গোপনে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে।

একাধিক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে আলাপ-কে জানিয়েছেন, একটি রাজনৈতিক দলের প্রত্যক্ষ ইন্ধনে দেশে নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড চালানো হচ্ছে।

গত বৃহস্পতিবার দুপুরে পুলিশ হেডকোয়ার্টার্সে এক বৈঠকে এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে উঠে আসে যে, প্রকৃতপক্ষে যারা ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছে তাদের বদলে কেবল বাহকদের গ্রেপ্তার করা হচ্ছে।

এছাড়া তথ্য ফাঁস হয়ে যাওয়ার কারণে বেশ কিছু অভিযান ব্যর্থ হয়েছে বলে পুলিশ সূত্র নিশ্চিত করেছে।

আন্ডারওয়ার্ল্ড কানেকশনের শঙ্কা

রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি এসব ঘটনায়, আন্ডারওয়ার্ল্ডের তৎপরতার শঙ্কা করছে পুলিশ ও গোয়েন্দারা। কিছু প্রাথমিক তথ্যও পেয়েছে তারা।

সহিংসতা নিয়ন্ত্রণের পাশাপাশি অর্থের জোগানদাতা, অপরাধের পৃষ্ঠপোষক ও সক্রিয় সদস্যদের শনাক্ত করতে না পারলে পরিস্থিতির সুযোগ নিয়ে অপরাধীরা আরও শক্তিশালী হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

লাগাতার নাশকতার ঘটনাগুলোর তদন্তে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কিছু নেতাকর্মীর সংশ্লিষ্টতা আছে বলে অভিযোগ করছে পুলিশ। তবে এসব বিষয়ে চূড়ান্ত কিছু বলার মতো পুরোপুরি তথ্য-উপাত্ত এখনো পাওয়া যায়নি।

পাশাপাশি অপরাধ জগতের পুরোনো সংযোগ, রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয়ের সম্ভাব্য সম্পর্ক এবং অর্থের জোগানদাতা স্থানীয় সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে যোগাযোগের বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

পুলিশ সদর দপ্তর থেকে পাওয়া তথ্যে দেখা যায়, গত ৭ থেকে ৯ই নভেম্বর পর্যন্ত সারাদেশে ২৭টি স্থানে ককটেল বিস্ফোরণ ও ১৯টি বাসে আগুন দেওয়া হয়েছে।

শীর্ষ সন্ত্রাসীদের সঙ্গে যোগাযোগ

চলমান রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে তালিকাভুক্ত সন্ত্রাসী, অস্ত্রধারী অপরাধী, চাঁদাবাজ ও পলাতক অপরাধীদের বিভিন্ন গোষ্ঠী নিজেদের প্রভাব বিস্তারের চেষ্টা চালাচ্ছে বলে তথ্য পেয়েছে পুলিশ।

সাম্প্রতিক ঘটনাগুলো কেন্দ্র করে ঢাকার অপরাধ জগতের পুরোনো নেটওয়ার্ক আবারও সক্রিয় হয়েছে। এটি নিয়ে বিস্তারিত অনুসন্ধান ও তদন্ত করছে বিভিন্ন বাহিনী।

যেসব এলাকায় আগে থেকেই অপরাধী চক্রের প্রভাব আছে, সেখানে রাজনৈতিক পরিচয়ধারী ব্যক্তি ও অপরাধ জগতের লোকজনের মধ্যে যোগাযোগের অভিযোগ খতিয়ে দেখার প্রয়োজনের কথাও জানিয়েছে পুলিশ। একটি গোয়েন্দা সংস্থার কর্মকর্তাও এই তদন্তের কথা নিশ্চিত করেছেন।

সীমান্তে কড়া নজরদারি

জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে পলাতক থাকা সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য রনজিত চন্দ্র সরকার সম্প্রতি গোপনে নেতা-কর্মীদের নিয়ে বৈঠক করেছেন। বৈঠকটি হয়েছে সিলেটের গোয়াইনঘাটের রাতারগুল এলাকার একটি রিসোর্টে।

রনজিত চন্দ্র সরকার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক। সিলেটের রাজনীতিতে আলোচনা আছে, সীমান্ত পেরিয়ে তিনি দুই বছর আগেই দেশ ছেড়েছেন।

তাই তিনি কিভাবে দেশে ফিরলেন এবং গোপনে সমাবেশ করলেন, তা নিয়ে স্পষ্ট তথ্য নেই।

যদিও নেত্রকোণায় বিজিবির ৩১ নাম্বার ব্যাটালিয়ানের অধিনায়ক তৌহিদুল বারী তার দায়িত্বরত এলাকার নিরাপত্তা পরিস্থিতি জানোনোর সময় শনিবার সাংবাদিকদের বলেছেন, “সম্প্রতি সিলেটে একটা অনুপ্রবেশের ঘটনা ঘটেছে।”

যদিও কোন নাম বা এর বিস্তারিত জানাননি তিনি।

এছাড়া আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের একটি রিপোর্টে বলা হয়েছে আওয়ামী লীগের অনেক নেতা-কর্মী দেশে ফিরেছেন।

দেশের ভেতরে সহিংসতা ঘটিয়ে কেউ সীমান্ত দিয়ে ওপারে পালিয়ে যাচ্ছে কি-না কিংবা দেশের বাইরে থেকে করে কেউ ভেতরের অপরাধীদের সঙ্গে যোগাযোগ রাখছে কি-না, এসব বিষয়ে কড়া নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।

গত ১১ই নভেম্বর আইজিপি সীমান্তবর্তী জেলার পুলিশ সুপার, মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও রেঞ্জ ডিআইজিদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন।

এ নিয়ে সীমান্তরক্ষীবাহিনীর সাথেও সমন্বয় করে কাজ করছে পুলিশ।

অনুসন্ধানে গুরুত্ব পাচ্ছে অর্থের উৎস

নাশকতা ও অপরাধমূলক কাজের জন্য বিপুল পরিমাণ টাকার জোগান কোথা থেকে আসছে, তা নিশ্চিত হতে অনুসন্ধানে নেমেছে সিআইডি, দুদক এবং বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট।

দুর্নীতি দমন কমিশনের একজন দায়িত্বশীল কর্মকর্তা আলাপ-কে বলেন, “কোন চ্যানেলে বা কাদের হাত থেকে এত পরিমাণ টাকা ব্যয় করা হচ্ছে, সেই উৎস খুঁজে দেখা হচ্ছে।”

গোয়েন্দা তথ্য বলছে, পলাতক শীর্ষ সন্ত্রাসীরা বর্তমানে সরাসরি ব্যাংকিং চ্যানেল এড়িয়ে হুন্ডি এবং ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে বাংলাদেশে অর্থ পাঠাচ্ছে।

এছাড়া দেশের ভেতরে থাকা বিভিন্ন ব্যবসায়িক সিন্ডিকেট, আবাসন খাত ও পরিবহন খাত থেকে আদায় করা চাঁদার অর্থ সরাসরি এই নাশকতায় ব্যয় করা হচ্ছে বলেও তথ্য রয়েছে।

পুলিশ সুপারদের সতর্কবার্তা

ঢাকার পাশাপাশি জেলা শহরগুলোতেও যেন কোনোভাবেই আন্ডারওয়ার্ল্ডের নেটওয়ার্ক বিস্তার লাভ করতে না পারে, সেজন্য দেশের সব জেলার এসপিদের প্রতি বিশেষ সতর্কবার্তা জারি করেছে পুলিশ সদর দপ্তর।

গত বৃহস্পতিবার পাঠানো এক বার্তায় জেলা পর্যায়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ৭ দফা নির্দেশনা দেওয়া হয়েছে।

এতে তালিকাভুক্ত সন্ত্রাসী, জামিনে বের হওয়া আসামি এবং দীর্ঘ সময় ধরে আত্মগোপনে থাকা অপরাধীদের অবস্থান ও গতিবিধি সার্বক্ষণিক নজরদারিতে রাখার কথা বলা হয়েছে।