চলমান পোশাক শ্রমিক অসন্তোষের জেরে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন শিল্প এলাকায় ৩৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
রবিবার বিজিবির গণসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
বিজিবি সদর দপ্তর জানায়, ঢাকার সাভার, আশুলিয়া ও মিরপুর এবং নারায়ণগঞ্জের শিবু মার্কেট, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাঢ়া, কাঁচপুর ও শিমরাইল এবং গাজীপুরের চন্দ্রা, পল্লীবিদ্যুৎ, মৌচাক, আমবাগ, কাশিমপুর, নাওজোর, ভোগড়া বাইপাস, গাছা ও সালনা এলাকায় নিরাপত্তা নিশ্চিতে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন।
আরো জানানো হয়, বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর ব্যবস্থার মাধ্যমে মাঠের কার্যক্রম, সরাসরি ভিডিও চিত্র সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। স্থানীয় প্রশাসন ছাড়াও পুলিশের সঙ্গে সমন্বয় করে বিজিবি সদস্যরা সতর্কভাবে পালন করছেন।
শিল্পাঞ্চলগুলোর নিরাপত্তা, সাধারণের জানমালের সুরক্ষা এবং স্বাভাবিক কর্মপরিবেশ বজায় রাখতে নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানায় বিজিবি সদর দপ্তর ।
ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে সম্প্রতি ঢাকা মহানগর, গাজীপুর আর নারায়ণগঞ্জ আন্দোলনে নামেন পোশাক শ্রমিকরা। এর মধ্যে পুলিশ সঙ্গে পোশাক শ্রমিকদের সংঘর্ষের ঘটনাও ঘটে। এসময় পুলিশের গাড়িতে আগুন, ভাঙচুর এবং এই আন্দোলন ঘিরে ইন্ধন ও নাশকতার অভিযোগ আনা হয়েছে নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে। গ্রেফতার করা হয় অনেককে।



