আসিফ মাহমুদের সম্পদের তথ্য চেয়ে বিএফআইইউতে দুদকের চিঠি

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭ পিএম

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, শেল কোম্পানি গঠন, বিদেশে নাগরিকত্ব গ্রহণ ও অর্থপাচারের অভিযোগ অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন।
এর অংশ হিসেবে তার ব্যাংক হিসাব এবং বিদেশে স্থাবর-অস্থাবর সম্পত্তির তথ্য চেয়ে বাংলাদেশ ব্যাংকেরর ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন।
সাবেক এই উপদেষ্টার বিরুদ্ধে উত্থাপিত বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে একটি বিশেষ অনুসন্ধান টিম গঠন করেছে দুদক।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং তার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের দেশ ও দেশের বাইরে বিভিন্ন স্থাবর ও অস্থাবর সম্পত্তি অর্জন এবং অর্থ পাচার সংক্রান্ত তথ্য সংগ্রহ করা প্রয়োজন।
এর অংশ হিসেবে ব্যাংক ও নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে তাদের বিভিন্ন ব্যাংক হিসাব ডেবিট ও ক্রেডিট কার্ড, লকার, বন্ড, সঞ্চয়পত্র, এফডিআর, ডিপিএস এবং ঋণ হিসাবের বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে।
পাশাপাশি পর্তুগাল, অস্ট্রেলিয়া, দুবাই, সিঙ্গাপুর ও সুইজারল্যান্ডে জমি ক্রয়, অর্থপাচার এবং শেল কোম্পানি গঠনের সঙ্গে সংশ্লিষ্ট রেকর্ডপত্র ও ওই দেশগুলোতে বিনিয়োগের তথ্য সরবরাহের জন্যও বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
দুদকের চিঠিতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া স্ত্রী আয়েশা আক্তার পান্নার ক্ষেত্রেও এসব তথ্য চাওয়া হয়েছে।
বিএফআইইউয়ের কাছ থেকে এসব তথ্য পাওয়ার পর তা বিশ্লেষণ করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেবে দুদক।