আগামী জুনের আগেই স্থানীয় সরকার নির্বাচন শেষ করতে হবে

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৮ পিএম

আগামী বছরের ৬ই জুনের আগে স্থানীয় সরকার নির্বাচন শেষ করতে হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।

বৃহস্পতিবার বিকালে নির্বাচন কমিশনে স্থানীয় সরকার নির্বাচন ও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিয়ে প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

ইসি সানাউল্লাহ বলেন, “আজকের আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে দু’টি এজেন্ডা ছিলো। জাতীয় সংসদের একটি বাই-ইলেকশন (উপনির্বাচন) এবং স্থানীয় সরকার নির্বাচন।” বৈঠকে নির্বাচনকে কমিশনের ঘোষিত খসড়া নিয়ে মতামত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

তিনি বলেন, বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় নির্বাচনে যেসব প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনেও সেসব প্রযুক্তি ব্যবহার করা হবে।

আগামী বছরের জুনে শুরু হতে যাওয়া এইচএসসি পরীক্ষাসহ বিভিন্ন বিষয় বিবেচনায় নিয়ে জুনের আগেই স্থানীয় সরকার নির্বাচন শেষ করতে হবে বলে জানান ইসি সানাউল্লাহ। তিনি বলেন, “স্থানীয় সরকার নির্বাচন আগামী বছরের ৬ই জুন শুরু হতে যাওয়া এইচএসসি পরীক্ষার আগে শেষ করতে হবে।”

এ বিষয়ে আন্তঃমন্ত্রণালয়ের সভায় শিক্ষাসহ বেশ কিছু বিষয় উঠে এসেছে বলে জানান তিনি। বিশেষ করে বন্যার কারণে শিক্ষার্থীরা যে ক্ষতির সম্মুখীন হয়েছে, তারা এখনো তা কাটিয়ে ওঠার চেষ্টা করছে বলে উল্লেখ করেন ইসি সানাউল্লাহ।

তিনি আরও বলেন, “নির্বাচনি কাজের প্রশিক্ষণসহ অন্যান্য বিষয়ের জন্য একজন শিক্ষককে আমাদের অন্তত এক সপ্তাহের জন্য প্রয়োজন। এসব বিষয় মাথায় রেখে জুনের আগেই স্থানীয় সরকার নির্বাচন শেষ করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।”