পুলিশে বড় রদবদল

আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ০৬:০৭ পিএম

বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে বড় ধরনের রদবদল এনেছে সরকার। বিসিএস (পুলিশ) ক্যাডারের ছয় কর্মকর্তাকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বদলি ও পদায়ন করা হয়েছে। এর মধ্যে ডিএমপি, চট্টগ্রাম রেঞ্জ, পুলিশের বিশেষ শাখা (এসবি), শিল্পাঞ্চল পুলিশ এবং ফেনী ও গোপালগঞ্জ জেলার পুলিশ সুপারের পদে পরিবর্তন আনা হয়েছে।

রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এ বদলি ও পদায়নের তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ফেনী জেলার পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। অন্যদিকে গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাঃ হাবীবুল্লাহকে ফেনী জেলার পুলিশ সুপার করা হয়েছে।

অপর প্রজ্ঞাপনে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুস চৌধুরীকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) হিসেবে বদলি করা হয়েছে। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) মোহাম্মদ শামসুল হককে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি করা হয়েছে।

এ ছাড়া পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ডিআইজি মিয়া মাসুদ করিমকে পুলিশের বিশেষ শাখার (এসবি) ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ রাশিদুল ইসলাম খানকে শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।