মোজাফফরের বিচার সেনা আইনেই: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ২০ জুলাই ২০২৬, ০৭:৫৫ পিএম

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা ঘটনায় আটক সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনের বিচার সেনা আইনে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার ঢাকার পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশের সদর দপ্তরে বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের পর সাংবাদিকদের ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

মোজাফফর হোসেনের গ্রেপ্তারের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,"তৎকালীন সময়ে এই হত্যাকাণ্ডের প্রধান বিচার সামরিক আদালতের মাধ্যমে সম্পন্ন হয়েছিল এবং সেখানে সুনির্দিষ্ট ফাইন্ডিংস ছিল। দীর্ঘ সময় ছদ্মনামে পার্শ্ববর্তী দেশে আত্মগোপনে থাকা এই আসামিকে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গ্রেফতারের পর বর্তমান সেনা আইনেই বিচারের লক্ষ্যে সেনাবাহিনীর নিকট হস্তান্তর করা হয়েছে।"

তিনি আরও বলেন, "জেনারেল কোর্ট মার্শাল গঠনের মাধ্যমে মোজাফফর হোসেনের বিচার প্রক্রিয়া আইনানুগভাবে সম্পন্ন হবে।"

তার বিরুদ্ধে নিয়মিত আদালতে ফৌজদারি মামলা করা হবে কি-না এমন প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একই অপরাধে কাউকে দুই আইনে বিচারের সুযোগ নেই, তাই সেনা আইনেই বিচার হবে মোজাফফর হোসেনের।