জেল পালানো ফাঁসির আসামিকে গ্রেপ্তার

আপডেট : ১১ জুলাই ২০২৬, ০২:২২ পিএম

কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে যাওয়া মৃত্যুদণ্ড পাওয়া আসামি মো. আব্দুল্লাহ শিকদারকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শুক্রবার ঢাকার দারুস সালাম থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 

আব্দুল্লাহ শিকদার গোপালগঞ্জের একটি হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। ২০২৩ সালের ২৩ ডিসেম্বর থেকে তিনি কাশিমপুর হাই-সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি অবস্থায় ছিলেন বলে শনিবার সংবাদ সম্মেলনে জানিয়েছেন র‌্যাব-৪ এর অতিরিক্ত পুলিশ সুপার কে এন রায় নিয়তি। 

তিনি বলেন, গাজীপুরে বন্দী থাকা অবস্থায় ২০২৪ সালের ৫ই অগাস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর সহিসংতা ও সংকটপূর্ণ পরিস্থিতিতে ০৬ই অগাস্ট সকালে কারাগারের ভবন থেকে কারাবন্দিরা বের হয়ে দাঙ্গা-হাঙ্গামা ও অগ্নিসংযোগ শুরু করে ও ভিতরে কারারক্ষীদের জিম্মি করে পালানোর চেষ্টা করে।

র‌্যাব-৪ এর অতিরিক্ত পুলিশ সুপার বলেন, একপর্যায়ে কারাবন্দি আব্দুল্লাহ শিকদারসহ অন্য বন্দিরা বৈদ্যুতিক পিলার ভেঙে মই তৈরি করে। ওই মই বেয়ে সীমানা প্রাচীর টপকে এই আব্দুল্লাহসহ বিপুলসংখ্যক কারাবন্দি পালিয়ে যায়। ঘটনার পর জেল কর্তৃপক্ষ বাদী হয়ে কোনাবাড়ী থানায় আসামিদের নামে একটি মামলা করে। 

গ্রেপ্তার এড়াতে আসামি আব্দুল্লাহ শিকদার বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে আত্মগোপনে থেকে দেশের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে বসবাস করছিলেন বলেও জানান ওই কর্মকর্তা। 

কারা অধিদপ্তরের গণমাধ্যম শাখার এআইজি মো. জান্নাত-উল ফরহাদ আলাপ-কে জানিয়েছেন, বিষয়টি জেল কর্তৃপক্ষের নজেরে এসেছে গণমাধ্যমে খবর দেখে। এখনো আনুষ্ঠানিকভাবে তাদেরকে বিষয়টি অবহিত করা হয়নি।

পলাতক ওই আসামিকে জেল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হলে, তাকে আরো কঠোর নজরদারির মধ্যে রাখা হবে বলেও জানান তিনি।

র‌্যাবের তথ্য অনুযায়ী, ২ সহযোগীসহ সুদের পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে ২০২১ সালের ৭ই অক্টোবর প্রতিবেশী লুৎফর রহমানকে হাতুড়ি ও কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। ওই ঘটনায় গোপালগঞ্জ টুঙ্গিপাড়া থানায় মামলা হলে আব্দুল্লাহ শিকদারসহ ২ সহযোগীকে মৃত্যুদণ্ডের রায় দেন আদালত।