জঙ্গি-সম্পৃক্ততার অভিযোগে সিঙ্গাপুর ফেরত দুই যুবকের তিন দিনের রিমান্ড

আপডেট : ০৯ জুলাই ২০২৬, ০৪:৪৭ পিএম

জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার সিঙ্গাপুর ফেরত দুই যুবককে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার পুলিশের আবেদনের পর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা এ আদেশ দেন।

রিমান্ডে যাওয়া দুই যুবক হলেন সাহেদুল ইসলাম ও রিশাদ তায়ানী।

আদালত সূত্রে জানা যায়, সিঙ্গাপুরে অবস্থানকালে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকার সন্দেহে দেশটির পুলিশ তাদের আটক করে। 

বুধবার বিমানযোগে তাদের ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাঠানো হয়। পরে ইমিগ্রেশন কর্তৃপক্ষ বিষয়টি ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটকে জানায়। সিটিটিসির মাধ্যমে বিমানবন্দর থানা পুলিশ তাদের হেফাজতে নেয়।

এরপর বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল আলম তাদের ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী আলাপ-কে বলেন, জঙ্গি সম্পৃতক্ততার সন্দেহে তাদের আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হয়। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এখন পুলিশি হেফাজতে তাদের জিজ্ঞাসাবাদ চলবে। 

রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই যুবক সিঙ্গাপুরে অবস্থানকালে বিভিন্ন নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকার তথ্য দিয়েছেন।

আবেদনে আরও বলা হয়, তারা বাংলাদেশের কোনো নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত কি না, ইলেকট্রনিক মাধ্যম ব্যবহার করে কোনো নিষিদ্ধ কার্যক্রম পরিচালনা করেছেন কি না, জঙ্গি কার্যক্রমে অর্থায়নের সঙ্গে কারা জড়িত এবং আন্তর্জাতিক কোনো নিষিদ্ধ সংগঠনের সঙ্গে তাদের যোগাযোগ রয়েছে কি না—এসব বিষয়ে জানতে তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।