বাংলা এআই: প্রয়োজনের বিনিয়োগ, না নতুন বুদ্‌বুদ?

বাংলা এআই সফল হবে তখনই, যখন মানুষ শুধু নামটি মনে রাখবে না, বলতে পারবে এতে আমার কাজ হয়েছে। বাংলাদেশের মতো সীমিত সম্পদের দেশে সেইটাই সবচেয়ে জরুরি। কারণ একটি ওয়েবসাইট বন্ধ করা কোনও বিষয় নয়। কিন্তু ঋণ নেওয়া হলে তার দায় টানতে হয়। আর মানুষের আস্থা একবার হারালে সেটি আবার অর্জন করা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজগুলোর একটি।

আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ০৩:৪০ পিএম

পিপীলিকার কথা মনে আছে? pipilika.com। বাংলায় তথ্য খুঁজে দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে এসেছিল দেশের এই সার্চ ইঞ্জিন। গুগল তখনই মানুষের তথ্য খোঁজার অভ্যাসের অংশ। তার মধ্যেও পিপীলিকাকে ঘিরে আগ্রহ তৈরি হয়েছিল। নিজেদের তরুণেরা বানিয়েছেন, নিজেদের ভাষাকে গুরুত্ব দিয়েছেন, আশা করার মতো বিষয় তো ছিলই।

২০১৩ সালের ১৩ই এপ্রিল, পয়লা বৈশাখের আগমুহূর্তে,  ঢাকার রূপসী বাংলা হোটেলে আনুষ্ঠানিক উদ্বোধন হয় পিপীলিকার।  শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষক-শিক্ষার্থীদের সঙ্গে ছিল জিপিআইটি। খবরটিতে নতুন বছরের উপহারের আমেজও ছিল। যেন বিশাল ইন্টারনেটে বাংলার জন্য আমাদের নিজেদের একটি দরজা খুলছে।

এর প্রায় এগারো বছর পর, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে অন্য খবর এল। পিপীলিকার কার্যক্রম প্রায় তিন বছর ধরে বন্ধ। বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্টরা জানালেন,অর্থায়ন বন্ধ হওয়ায় কর্মী ধরে রাখা যায়নি। আর এটুআইয়ের তৎকালীন প্রকল্প পরিচালকের বক্তব্য ছিল, প্রত্যাশিত মানে পৌঁছায়নি বলেই অর্থায়ন বন্ধ করা হয়েছিল। এক পক্ষের কাছে সমস্যা টাকার,অন্য পক্ষের কাছে কাজের মানের। মাঝখানে থেমে গিয়েছে একটি সম্ভাবনা।

অর্থায়নের একটি নির্দিষ্ট হিসাবও পাওয়া যায়। বিশ্ববিদ্যালয়ের তথ্য উদ্ধৃত করে দৈনিক বাংলা জানিয়েছিল, কিছু সেবার বিনিময়ে এটুআই জুলাই ২০১৭ থেকে অক্টোবর ২০২০ পর্যন্ত আট কিস্তিতে পিপীলিকাকে ১ কোটি ৭১ লাখ ৫৫ হাজার ৩৬৬ টাকা দিয়েছিল। আরও ২১ লাখ ৭৪ হাজার ৬৫৩ টাকা বকেয়া থাকার দাবি ছিল। এটি অবশ্য পিপীলিকার শুরু থেকে মোট ব্যয় নয়। গবেষণা,বেসরকারি সহায়তা ও বিশ্ববিদ্যালয়ের সম্পদসহ পূর্ণ নিরীক্ষিত হিসাব পাওয়া যায়নি।

পিপীলিকার গবেষণার কোনো মূল্য ছিল না,এমন সিদ্ধান্ত অন্যায্য হবে। কিন্তু গবেষণার সাফল্য আর মানুষের নিয়মিত ব্যবহারযোগ্য সেবা হয়ে ওঠা এক নয়। কতজন ব্যবহার করতেন, কোন কাজে গুগলের চেয়ে ভালো ফল মিলত, সরকারি অর্থায়নের বিনিময়ে কী অর্জিত হচ্ছিল, এই প্রশ্নগুলোর উত্তর দরকার। কয়েক বছর চালু থাকার মধ্যে সেই উত্তর লুকিয়ে নেই।

এখন সরকার বাংলা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই তৈরির কথা বলছে। পিপীলিকার স্মৃতি তাই ফিরে আসে। পুরোনো একটি উদ্যোগ থেমেছে বলে নতুন উদ্যোগও থামবে, এমন নয়। কিন্তু ব্যর্থ প্রকল্পে শুধু অর্থ নষ্ট হয় না, মানুষের আস্থাও নষ্ট হয়। পরের ভালো উদ্যোগটিকেও সন্দেহের চোখে দেখা শুরু হয়। বাংলাদেশের মতো সীমিত সম্পদের দেশে এই ক্ষতি উপেক্ষা করার সুযোগ নেই।

একটি প্রকল্পে যে অর্থ ব্যয় হয়, সেটি অন্য গবেষণা, শিক্ষা বা জনসেবায় ব্যবহার করা যেত। সেই সুযোগ ছেড়ে নতুন প্রযুক্তিতে বিনিয়োগের কারণ দেখাতে হবে। ‘আমাদেরও আছে’ বলার আনন্দ আর ‘আমাদের কাজে লাগছে’ বলার স্বস্তির মধ্যে ব্যবধান অনেক।

বাংলায় উত্তর তো এখনই পাওয়া যায়

চ্যাটজিপিটি, জেমিনাই বা অন্য এআইকে বাংলায় প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়। অনুবাদ, লেখার খসড়া কিংবা দীর্ঘ লেখার সারসংক্ষেপও করা যায়। ফলে প্রশ্নটি স্বাভাবিক: আবার বাংলা এআই কেন? যে সুবিধা এখনই পাওয়া যাচ্ছে, তার জন্য নতুন নাম, নতুন যন্ত্রপাতি এবং নতুন ঋণের প্রয়োজন কী?

এ প্রশ্নের উত্তর দিতে হলে আগে বুঝতে হবে, এআই বলতে কী বোঝানো হচ্ছে। একটি চ্যাটবট, তার পেছনে কাজ করা ভাষা মডেল এবং সেটি চালানোর সার্ভার এক জিনিস নয়। ছবি চেনা, মুখের কথাকে লেখায় বদলানো, পুরোনো নথি পড়া এবং প্রশ্নের উত্তর তৈরি করাও আলাদা কাজ। প্রকল্পে কোন সক্ষমতাটি তৈরি হবে, কোনটি কেনা হবে এবং কোনটি বিদ্যমান প্রযুক্তি বদলে ব্যবহার করা হবে- তা পরিষ্কার থাকা দরকার।

বর্তমানেই চ্যাটজিপিটির মতো এআই চ্যাটবটের সাথে বাংলায় কথোপকথনের সুযোগ আছে

পৃথিবীতে মোট কত এআই রয়েছে, তারও একক নির্ভরযোগ্য হিসাব নেই। ১১ই নভেম্বর ২০২৬-এ দেখা Hugging Face-এর নিজস্ব নথি অনুযায়ী, তাদের প্ল্যাটফর্মে ৩০ লাখের বেশি মডেল এবং ২০ লাখের বেশি এআই অ্যাপ বা ‘স্পেস’ রয়েছে। এগুলো সব স্বতন্ত্র জিপিটি নয়। বিভিন্ন কাজের মডেল, একই মডেলের পরিবর্তিত সংস্করণ এবং পরীক্ষামূলক অ্যাপও রয়েছে। সংখ্যাটি বিশ্বের মোট এআইয়ের হিসাব নয়; তবে বোঝায়, বাংলাদেশ একটি জনাকীর্ণ প্রযুক্তির বাজারে নামছে।

সেই বাজারে প্রয়োজনীয় হতে হলে বাড়তি সুবিধা দিতে হবে। ধরা যাক, একজন মানুষ নিজের ভাষায় সরকারি ভাতার আবেদনপদ্ধতি জানতে চান। এআই যদি হালনাগাদ নির্দেশনা দেখে প্রয়োজনীয় কাগজের তালিকা ও সঠিক দপ্তরের ঠিকানা জানায়, তার উপকার হবে। আবার একজন সাংবাদিক পুরোনো পত্রিকার পাতায় কোনো ঘটনার প্রথম খবরটি খুঁজছেন। নির্ভরযোগ্য সূত্রসহ সেটি বের করে দিতে পারলেও কাজ হবে। কিন্তু তথ্য না পেয়ে যন্ত্রটি নিজের মতো উত্তর বানালে সুবিধাটিই বিপদ হয়ে দাঁড়াবে।

এগুলো সম্ভাব্য ব্যবহার। প্রস্তাবিত সরকারি ব্যবস্থা ইতিমধ্যে এমন কাজ করতে পারে, তার প্রমাণ নয়। প্রকল্পের প্রচারণায় ভবিষ্যতের সম্ভাবনা প্রায়ই বর্তমানের অর্জন হয়ে যায়। জনগণের টাকার ক্ষেত্রে এই ফারাকটি মনে রাখা জরুরি।

কী বানাতে চায় সরকার

পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত পরিকল্পনায় কালিয়াকৈরের জাতীয় ডেটা সেন্টার ঘিরে মূল এআই অবকাঠামো এবং আট বিভাগে আঞ্চলিক কেন্দ্রের কথা রয়েছে। Gemma, Llama ও Qwen-এর মতো বিদ্যমান মডেলকে বাংলা তথ্য দিয়ে আরও প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনাও আছে। কথাকে লেখায় বদলানো, অনুবাদ ও শিক্ষাসহায়তার পাশাপাশি টঙ্গীর টেশিসে যন্ত্রপাতি সংযোজনের প্রস্তাব এসেছে।

অর্থাৎ সবকিছু শূন্য থেকে আবিষ্কারের কথা হচ্ছে না। বিদ্যমান মডেলকে বিশেষ কাজের উপযোগী করে প্রশিক্ষণ দেওয়া স্বীকৃত পদ্ধতি। তবে মডেলের কোন অংশ নিজেদের নিয়ন্ত্রণে থাকবে, কোন লাইসেন্সে ব্যবহার করা যাবে এবং ভবিষ্যতে অন্য প্রযুক্তিতে যাওয়া সম্ভব কি না- এসব প্রশ্ন থেকেই যায়। একটি দেশীয় নাম প্রযুক্তির মালিকানার পূর্ণ বিবরণ নয়।

১১ই নভেম্বরের ডেইলি স্টারের প্রতিবেদন অনুযায়ী, এডিবির সঙ্গে আলোচনাধীন সম্ভাব্য ২৫ কোটি ডলারের কর্মসূচিতে এআই ছাড়াও সাইবার নিরাপত্তা ও প্রযুক্তি ভিলেজ রয়েছে। ফলে পুরো অর্থ শুধু বাংলা চ্যাটবট তৈরির খরচ বলা যাবে না। আবার বাংলা মডেল, অবকাঠামো ও অন্য কাজে কত ব্যয় হবে, সেই হিসাবও প্রকাশিত তথ্য থেকে স্পষ্ট নয়। অর্থায়নের কাঠামো ও সময়সূচি চূড়ান্ত হয়নি।

এখানেই প্রকল্পের বিস্তারিত নথি প্রকাশের প্রয়োজন। উদ্দেশ্যের তালিকা দিয়ে ব্যয়ের যৌক্তিকতা বোঝা যায় না। কোন কাজ আগে হবে, পরীক্ষায় কী ফল পেলে পরের ধাপে যাওয়া হবে এবং সেবা চালুর পর খরচ কে বহন করবে- এই উত্তরগুলোও চাই।

অন্যরা কী করছে: ভারত ও সিঙ্গাপুরের উদাহরণ 

সরকারি সহায়তায় স্থানীয় ভাষার এআই তৈরির উদাহরণ আছে। ভারতের BharatGen আইআইটি বোম্বের নেতৃত্বে গড়ে উঠেছে। লেখা, কথা ও নথির ছবি নিয়ে কাজ এর লক্ষ্য। নির্মাতাদের প্রকাশিত অগ্রগতি অনুযায়ী, Param2 ভারতের সংবিধানের অষ্টম তফসিলভুক্ত ২২টি ভাষা এবং ইংরেজি অন্তর্ভুক্ত করেছে। এটি ঘোষিত ভাষা-পরিধি; সব ভাষায় সমান দক্ষতার স্বাধীন প্রমাণ নয়।

ভারতে আইআইটি বোম্বের নেতৃত্বে গড়ে উঠেছে BharatGen

সিঙ্গাপুর ২০২৩ সালে সাত কোটি সিঙ্গাপুরিয়ান ডলারের জাতীয় মাল্টিমোডাল ভাষা মডেল কর্মসূচি শুরু করে। এর SEA-LION দক্ষিণ-পূর্ব এশিয়ার ভাষা ও সাংস্কৃতিক প্রসঙ্গ নিয়ে কাজ করে। অন্যদিকে A*STAR-এর MERaLiON কথ্যভাষা ও স্থানীয় কথোপকথন বোঝায় গুরুত্ব দেয়। সরকারি বিবরণে Singlish এবং একই কথোপকথনে ভাষা বদল বা মিশ্র ভাষা বোঝার সক্ষমতার কথা আছে।

এই উদ্যোগগুলোর যুক্তি হলো, আন্তর্জাতিক মডেলের বাইরেও স্থানীয় প্রয়োজন থেকে যায়। কিন্তু ভারত বা সিঙ্গাপুর করেছে বলেই বাংলাদেশের যেকোনো অঙ্কের বিনিয়োগ যৌক্তিক হয়ে যায় না। প্রকল্পের পরিধি, সময়কাল ও অবকাঠামো আলাদা। তুলনার জায়গা হওয়া উচিত সমস্যাটি কত স্পষ্ট করে চিহ্নিত করা হয়েছে, গবেষণা কতটা এগিয়েছে এবং মানুষ কী সুবিধা পাচ্ছে।

বাংলাদেশের জন্য ভাষার প্রশ্নটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। বাংলা বলতে আমরা প্রায়ই প্রমিত বাংলাকে বুঝি। কিন্তু দেশের সবাই সেই ভাষায় কথা বলেন না। চট্টগ্রামের শব্দ, নোয়াখালীর টান বা সিলেটের কথার ধরন বুঝতে না পারলে একটি জাতীয় সেবার নাগাল অসম হয়ে যায়।

আঞ্চলিক ভাষা বোঝা শুধু উচ্চারণ শনাক্ত করা নয়। শব্দ, বাক্যের গঠন ও অর্থের ব্যবহারও বদলায়। মুখের কথা লেখায় আনা, অর্থ বোঝা এবং উত্তর শোনানো আলাদা সক্ষমতা। একজন কৃষক নিজের ভাষায় সমস্যা বলার পর যন্ত্র যদি তাকে প্রমিত বাংলায় আবার বলতে বলে, তাহলে প্রযুক্তির সুবিধা পেতে তাকেই বদলাতে হচ্ছে।

এ নিয়ে গবেষণাও আছে। তাওসিফ তাশওয়ার দীপ্ত ও সহগবেষকদের IJCNLP–AACL ২০২৫-এর গবেষণায় ‘Ben-10’ নামে ৭৮ ঘণ্টার চিহ্নিত বাংলা কথ্যভাষার তথ্যভান্ডার তৈরি করা হয়। পরীক্ষায় ব্যবহৃত বড় speech model-গুলো আঞ্চলিক কথাকে লেখায় বদলাতে সমস্যায় পড়ে। উপভাষাভিত্তিক প্রশিক্ষণে কিছু উন্নতি হয়। এটি সব বর্তমান মডেলের মূল্যায়ন নয়, কিন্তু স্থানীয় কাজের প্রয়োজনীয়তার প্রমাণ দেয়।

বাংলাদেশের প্রকাশিত পরিকল্পনায় কথা থেকে লেখা তৈরির কথা আছে। কোন অঞ্চলের ভাষারূপ কতটা সমর্থন করবে, কত রেকর্ডিং সংগ্রহ করা হবে বা ভুলের গ্রহণযোগ্য সীমা কী সেটির নির্দিষ্ট প্রকাশ্য তালিকা পাওয়া যায়নি। তাই এখনই বলা যাচ্ছে না, প্রস্তাবিত এআই দেশের মানুষের সব আঞ্চলিক কথা বুঝবে। এই প্রতিশ্রুতির আগে মানুষের সম্মতিতে তথ্য সংগ্রহ, ভাষাবিদের অংশগ্রহণ ও মাঠপর্যায়ের পরীক্ষা প্রয়োজন।

প্রযুক্তির সম্ভাবনা, বিনিয়োগের বুদ্‌বুদ

এআই নিয়ে আশাবাদ যেমন আছে, অতিরিক্ত প্রত্যাশার আশঙ্কাও আছে। প্রযুক্তিটি উপকারী হলেই তার নামে করা প্রতিটি বিনিয়োগ ভালো হবে না। ভবিষ্যতের আয়ের আশায় বিনিয়োগ ও দাম এমন জায়গায় উঠে যেতে পারে, যা প্রকৃত চাহিদা দিয়ে টেকানো কঠিন। আর্থিক বুদ্‌বুদের প্রশ্নটি সেখানেই।

আইএমএফের অক্টোবর ২০২৬-এর Global Financial Stability Report এআই বিনিয়োগ ও মুনাফা প্রত্যাশা পূরণ না হলে সংশ্লিষ্ট সম্পদের দাম কমার ঝুঁকি চিহ্নিত করেছে। ঋণ এবং অল্প কিছু প্রতিষ্ঠানে বিনিয়োগের ঘনত্ব সেই ধাক্কা বাড়াতে পারে।

বিপুল ব্যবহার হবে ধরে সার্ভার কেনা যায়। কিন্তু ব্যবহার অনুমানের নিচে থাকলে যন্ত্র ও দায় দুটোই থেকে যায়। বাংলাদেশের সরকারি উদ্যোগ শেয়ারবাজারের ব্যবসা নয়। তবু চাহিদা অতিরঞ্জিত করে আগে যন্ত্র কেনা, কম ব্যবহৃত অবকাঠামোর খরচ চালানো এবং একটি সরবরাহকারীর ওপর আটকে যাওয়ার ঝুঁকি এখানেও আছে।

স্ট্যানফোর্ডের ২০২৫ AI Index দেখিয়েছে, নির্দিষ্ট পরীক্ষায় GPT-3.5 পর্যায়ের ফল দেওয়া ব্যবস্থার ব্যবহার-খরচ নভেম্বর ২০২২ থেকে অক্টোবর ২০২৪-এর মধ্যে ২৮০ গুণের বেশি কমেছিল। সব এআইয়ের খরচ একই হারে কমেছে, এমন নয়। তবে আজকের দামি পছন্দ কয়েক বছর পরও সাশ্রয়ী থাকবে কি না, প্রশ্নটি জরুরি।

এর অর্থ প্রযুক্তি সস্তা হওয়ার অপেক্ষায় চিরকাল বসে থাকা নয়। অর্থ হলো, বড় বিনিয়োগের আগে ছোট পরিসরে ফল দেখা এবং প্রয়োজন বদলালে পথ বদলানোর সুযোগ রাখা। দপ্তরের কয়েক’শ নথির সারসংক্ষেপের জন্য কত বড় ব্যবস্থা প্রয়োজন আর বহু প্রতিষ্ঠানের যৌথ ব্যবহারে কতটা প্রয়োজন, হিসাব দুটি এক নয়।

দেশের নিয়ন্ত্রণ, নাকি সরকারের নিয়ন্ত্রণ

নিজস্ব এআইয়ের পক্ষে জাতীয় নিরাপত্তার যুক্তি আছে। একজন শিক্ষার্থী কবিতার ব্যাখ্যা চাইছেন আর একটি সরকারি প্রতিষ্ঠান অপ্রকাশিত গুরুত্বপূর্ণ নথি বিশ্লেষণ করছে- দুটির নিরাপত্তার প্রয়োজন আলাদা। সংবেদনশীল তথ্য কোথায় যাচ্ছে, কে দেখতে পাচ্ছেন এবং কী কাজে ব্যবহার করছেন, তার ওপর নিয়ন্ত্রণ থাকা প্রয়োজন।

বিদেশি সেবার দাম বা শর্ত বদলালে, সংযোগ বিচ্ছিন্ন হলে কিংবা সেবা পাওয়া বন্ধ হলে প্রয়োজনীয় কাজ কীভাবে চলবে, সেই প্রস্তুতিও জাতীয় সক্ষমতার অংশ। এ কারণেই ‘সার্বভৌম এআই’ নিয়ে আলোচনা হচ্ছে। এর ব্যবহারিক অর্থ হতে পারে, নিজের প্রয়োজনের প্রযুক্তি নির্বাচন, পরিচালনা ও মূল্যায়ন করার ক্ষমতা।

তবে নিরাপত্তার জন্য সবকিছু শূন্য থেকে বানানো বাধ্যতামূলক নয়। যুক্তরাজ্যের জাতীয় সাইবার নিরাপত্তা কেন্দ্রের নির্দেশনায় নিজে তৈরি করা, বিদ্যমান মডেল ব্যবহার এবং বাইরের সেবা নেওয়ার সিদ্ধান্ত প্রয়োজন ও ঝুঁকি অনুযায়ী নিতে বলা হয়েছে। উপযুক্ত মডেল পরীক্ষা করে দেশের নিয়ন্ত্রিত পরিবেশে চালানোও একটি পথ।

অন্যদিকে, দেশের সার্ভারেই দুর্বল নিরাপত্তার কারণে তথ্য ফাঁস হতে পারে। নিজের বাড়িতে আলমারি রাখলে সুবিধা আছে। কিন্তু চাবি সবার হাতে দিলে নিরাপত্তা থাকে না। একইভাবে সার্ভারের অবস্থানের সঙ্গে প্রবেশাধিকার, নজরদারি, নিরাপত্তা পরীক্ষা ও অপব্যবহারের জবাবদিহিও জরুরি।

রাষ্ট্রের নিয়ন্ত্রণ বাড়ার আরেকটি দিক আছে। সরকারি এআই নাগরিকের কাছে তথ্য পাওয়ার গুরুত্বপূর্ণ দরজা হয়ে উঠলে, কোন উত্তর দেওয়া হবে আর কোনটি এড়িয়ে যাওয়া হবে, তার ক্ষমতাও বাড়বে। ইতিহাস বা রাজনীতির প্রশ্নে সরকারের পছন্দের বক্তব্যকে নিরপেক্ষ সত্য হিসেবে দেখানো হলে এআই জ্ঞানের সহকারীর বদলে প্রচারের মাধ্যম হয়ে উঠতে পারে।

নজরদারির উদ্বেগটিও বাস্তব নকশার প্রশ্ন। নাগরিকের স্বাস্থ্য, জমি, মামলা বা ভাতা নিয়ে প্রশ্ন করলে ব্যক্তিগত তথ্য জমতে পারে। সেই কথোপকথন কত দিন থাকবে, কে দেখবেন এবং অন্য কাজে ব্যবহার করা যাবে কি-না, তার সীমা স্পষ্ট না থাকলে সেবার তথ্য নাগরিককে পর্যবেক্ষণের উপকরণ হতে পারে। বাংলাদেশের প্রস্তাবিত প্রকল্পে এমন পরিকল্পনা আছে, তার প্রমাণ পাওয়া যায়নি। কিন্তু অপব্যবহার ঠেকানোর ব্যবস্থা শুরুতেই রাখতে হবে।

আবার বিদেশি বা বাণিজ্যিক মডেলকে স্বয়ংক্রিয়ভাবে নিরপেক্ষ ধরে নেওয়ারও সুযোগ নেই। নিস্টের জেনারেটিভ এআই ঝুঁকি বিশ্লেষণে ক্ষতিকর পক্ষপাত, গোপনীয়তা এবং বিশ্বাসযোগ্যভাবে ভুল তথ্য তৈরির সমস্যা রয়েছে। দেশি-বিদেশি উভয় ব্যবস্থারই মূল্যায়ন দরকার।

তাই নাগরিকের তথ্য ব্যবহারের স্পষ্ট সীমা, স্বাধীন তত্ত্বাবধান, বিতর্কিত বিষয়ে উত্তরের নিয়মিত পরীক্ষা এবং অভিযোগের কার্যকর পথ থাকা উচিত। সরকার বদলালেই ইতিহাসের উত্তর বদলে যাবে কি না, সে প্রশ্নও অপ্রাসঙ্গিক নয়। দেশের নিয়ন্ত্রণ বাড়ানোর দাবি তখনই অর্থবহ হবে, যখন সেই নিয়ন্ত্রণের মধ্যে নাগরিকের অধিকার থাকবে।

সার্ভারের পাশে মানুষ, ঋণের পাশে সুদ

এই উদ্যোগের দীর্ঘস্থায়ী লাভ হতে পারে দক্ষ গবেষক, প্রকৌশলী, ভাষাবিদ ও নিরাপত্তাবিশেষজ্ঞ তৈরি। বিশ্ববিদ্যালয় ও ছোট প্রতিষ্ঠান যদি স্বচ্ছ নিয়মে কম্পিউটিং সুবিধা পায়, তারা নিজেদের প্রয়োজনের সেবা বানাতে পারে। কিন্তু যন্ত্র পরিবর্তন বা মেরামতে প্রতিবার বাইরের প্রতিষ্ঠানের অপেক্ষা করতে হলে স্বাধীনতা সীমিতই থাকবে।

একইভাবে পুরোনো ফাইল এআইয়ের সামনে দিলেই প্রশাসনের তথ্যের সমস্যা মিটবে না। কোন নির্দেশনা বাতিল, কোনটি হালনাগাদ, একই বিষয়ে দুটি নথিতে দুই কথা কেন, এসব প্রতিষ্ঠানকেই ঠিক করতে হবে। বই, সংবাদ ও গবেষণা ব্যবহারের অধিকার এবং ব্যক্তিগত তথ্য সুরক্ষার প্রশ্নও থাকবে। অগোছালো তথ্যভান্ডারের সামনে বুদ্ধিমান সহকারী বসিয়ে দিলেই তথ্যভান্ডার গোছানো হয় না।

সেবাটি মানুষের নাগালে আসবে কি না, সেটিও বড় প্রশ্ন। কম দামের ফোনে চলবে? দুর্বল ইন্টারনেটে ব্যবহার করা যাবে? বিনা মূল্যে কতটুকু সুবিধা পাওয়া যাবে? বাংলাদেশের নতুন কর্মসূচির মূল্যনীতি নিয়ে নিশ্চিত ঘোষণা পাওয়া যায়নি। সিঙ্গাপুরও MERaLiON-এর পরীক্ষামূলক সংযোগ ব্যবহারের সুযোগকে সীমিত সময়ের ট্রায়াল বলেছে, চিরস্থায়ী ফ্রি সেবা নয়।

সরকার চাইলে নাগরিকের মৌলিক সেবা বিনামূল্যে, গবেষণায় ভর্তুকি এবং ব্যবসার বড় ব্যবহারে মূল্য নিতে পারে। এটি সম্ভাব্য ব্যবস্থা, ঘোষিত সিদ্ধান্ত নয়। ব্যবহারকারী টাকা না দিলেও বিদ্যুৎ, কর্মী, নিরাপত্তা ও যন্ত্রের খরচ থাকে। ঋণে গড়া হলে পরিশোধের দায়ও থাকে।

এডিবির আলোচনাধীন কর্মসূচির ঋণের নির্দিষ্ট শর্ত এখনো জানা যায়নি। ব্যাংকটির কিছু রেয়াতি ঋণে ২ শতাংশ সুদ থাকলেও সেটিকে এই প্রকল্পের হার বলা যাবে না। অর্থায়নের কতটা ঋণ হবে, কী মেয়াদে এবং কোন শর্তে—চূড়ান্ত নথি ছাড়া নিশ্চিত হিসাব সম্ভব নয়।

তবে আকার বোঝাতে একটি কাল্পনিক উদাহরণ নেওয়া যায়। পুরো ২৫ কোটি ডলার যদি ঋণ হয়, সম্পূর্ণ অর্থ এক বছর বকেয়া থাকে এবং সুদ ২ শতাংশ হয়, তাহলে ওই বছরের সুদ হবে ৫০ লাখ ডলার। এটি অনুমোদিত ঋণের হিসাব নয়। প্রকৃত খরচ নির্ভর করবে অর্থছাড়, পরিশোধ ও চুক্তির শর্তের ওপর।

বিদেশি মুদ্রায় ঋণ হলে বিনিময় হারের ঝুঁকিও থাকবে। ডলারের বিপরীতে টাকা দুর্বল হলে একই ডলার ফেরত দিতে বেশি টাকা লাগবে। এর বাইরে সার্ভার যেখানে থাকবে তার তাপমাত্রা ঠিক রাখা, দক্ষ কর্মীর বেতন, যন্ত্র বদলানো এবং মডেল নিয়মিত উন্নত করার খরচ আছে। উদ্বোধনের দিনের বাজেট দিয়ে পরের দশ বছরের সক্ষমতা নিশ্চিত হয় না।

ঋণ নেওয়া মাত্রই ভুল, এমন নয়। সেবা ভালো হলে, সময় বাঁচলে এবং উৎপাদনশীলতা বাড়লে বিনিয়োগের মূল্য পাওয়া যেতে পারে। কিন্তু সেই লাভ মাপার ব্যবস্থা দরকার। কতটি কম্পিউটার কেনা হয়েছে বা কতটি সমঝোতা হয়েছে, তার পাশাপাশি জানতে হবে কতজন নিয়মিত ব্যবহার করছেন, ভুল কতটা কমেছে এবং প্রতি কাজের খরচ কত।

পিপীলিকার স্মৃতি মুছবে কাজে

পিপীলিকার ঘটনায় সংশ্লিষ্টরা কয়েকজন পূর্ণকালীন প্রকৌশলী রেখে কাজ চালানোর অর্থসংকটের কথা বলেছিলেন। বাংলা এআইয়ের উদ্যোক্তাদের তাই প্রথম দিনের বড় পরিকল্পনার সঙ্গে তৃতীয়, পঞ্চম ও দশম বছরের লোকবল ও পরিচালনার উত্তরও দিতে হবে। গবেষণায় ব্যর্থতা থাকতে পারে; কিন্তু ব্যর্থতা থেকে কী শেখা হলো, তার হিসাব থাকা চাই।

শুরু হতে পারে কয়েকটি সীমিত কাজ দিয়ে। সরকারি নথি খোঁজা, পুরোনো বাংলা পাতা থেকে তথ্য উদ্ধার কিংবা আঞ্চলিক ভাষায় সেবার নির্দেশনা দেওয়া। বিদ্যমান ব্যবস্থার সঙ্গে একই কাজে স্বাধীন তুলনা হোক। ফল ভালো হলে বিনিয়োগ বাড়ুক। দুর্বল হলে সংশোধন বা থামানোর সুযোগ থাকুক। যে নাগরিকের জন্য সেবা, তাকে শুধু উদ্বোধনের দর্শক না বানিয়ে পরীক্ষার অংশীদার করতে হবে।

ভারত ও সিঙ্গাপুর দেখায়, স্থানীয় ভাষা ও প্রয়োজনের জন্য এআইয়ে বিনিয়োগের যুক্তি আছে। পিপীলিকা মনে করায়, সম্ভাবনা বাস্তবায়নের নিশ্চয়তা নয়। আর এআই বুদ্‌বুদের সতর্কতা বলে, প্রযুক্তির ভবিষ্যৎ উজ্জ্বল হলেই তার নামে প্রতিটি ব্যয় সঠিক হয়ে যায় না।

বাংলা এআই সফল হবে তখনই, যখন মানুষ শুধু নামটি মনে রাখবে না, বলতে পারবে এতে আমার কাজ হয়েছে। বাংলাদেশের মতো সীমিত সম্পদের দেশে সেইটাই সবচেয়ে জরুরি। কারণ একটি ওয়েবসাইট বন্ধ করা কোনও বিষয় নয়। কিন্তু ঋণ নেওয়া হলে তার দায় টানতে হয়। আর মানুষের আস্থা একবার হারালে সেটি আবার অর্জন করা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজগুলোর একটি।