পারস্য উপসাগরের 'গুরুত্বপূর্ণ' নৌপথ হরমুজ প্রণালি আবারও বন্ধ ঘোষণা করেছে ইরান। ১৮ই এপ্রিল দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।
আইআরজিসির বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর ওপর নৌ অবরোধ চালিয়ে যাওয়ায় হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ পুনরায় কঠোরভাবে নিজেদের হাতে নিয়েছে ইরান। বর্তমানে এই কৌশলগত জলপথটি সশস্ত্র বাহিনীর কঠোর নজরদারির আওতায় রাখা হয়েছে।
খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স-এর একজন মুখপাত্র জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের তথাকথিত নৌ অবরোধ ও “দস্যুতা”মূলক কর্মকাণ্ডের কারণে স্ট্রেইট অব হরমুজ-এর ওপর ইরান আবারও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে।
লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম জোলফাঘারি-এর মতে, আলোচনার সময় সদিচ্ছা ও পূর্ববর্তী সমঝোতার ভিত্তিতে ইরান সীমিত সংখ্যক তেলবাহী ট্যাংকার ও বাণিজ্যিক জাহাজকে নিয়ন্ত্রিতভাবে এই প্রণালী দিয়ে চলাচলের অনুমতি দিয়েছিল।
তবে তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র তাদের আগের প্রতিশ্রুতি ভঙ্গের ধারাবাহিকতা বজায় রেখে তথাকথিত অবরোধের আড়ালে দস্যুতা চালিয়ে যাচ্ছে।
তিনি বলেন, “এই কারণে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ আবার আগের অবস্থায় ফিরে গেছে এবং এই কৌশলগত জলপথ এখন সশস্ত্র বাহিনীর কঠোর তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণে রয়েছে।”
মুখপাত্র আরও জানান, যতদিন না যুক্তরাষ্ট্র ইরান থেকে যাওয়া এবং ইরানে ফিরে আসা জাহাজগুলোর অবাধ চলাচলে বাধা দেওয়া সম্পূর্ণভাবে বন্ধ করছে, ততদিন এই প্রণালীতে কঠোর নিয়ন্ত্রণ বজায় থাকবে।



