ইরানের ওপর ‘সবচেয়ে বেশি’ হামলা চালানোর ঘোষণা যুক্তরাষ্ট্রের

আপডেট : ১৩ মার্চ ২০২৬, ০৭:২৮ পিএম

ইরানের ওপর সর্বোচ্চ হামলা চালানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার দেশটির  প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ  বলেন, ‘ইরানের ওপর আজকে সর্বোচ্চ হামলা চালানো হবে।”

ভার্জিনিয়ার আর্লিংটনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হেগসেথ বলেন, “ইরানের সব উল্লেখযোগ্য সামরিক সক্ষমতা পরাজিত, ধ্বংস এবং অকেজো করে দেওয়ার যে পরিকল্পনা আমরা হাতে নিয়েছি, তা সঠিক পথেই এগোচ্ছে।”

হেগসেথ বলেন, “খুব শিগগিরই ইরানের সব প্রতিরক্ষা কোম্পানি ও প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যাবে। উদাহরণ হিসেবে বলা যায়, গত দুই দিনের অভিযানে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন ক্ষমতা এবং এর যন্ত্রাংশ তৈরির সাথে যুক্ত প্রতিটি কোম্পানিকে 'কার্যত অকেজো ও বিধ্বস্ত' করে দেওয়া হয়েছে।”

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের কাছেই যুদ্ধের চাবি আছে উল্লেখ করে প্রতিরক্ষামন্ত্রী বলেন, “তিনিই যুদ্ধের গতি ঠিক করবেন। কখন মাত্রা বাড়বে এবং কখন যুদ্ধ শেষ হবে।”

তিনি বলেন, যুক্তরাষ্ট্র আবারও হামলা চালাবে আর এবার যেকোনো সময়ের চেয়ে ইরানের  আকাশে সবচেয়ে বেশি হামলা হবে। 

(বিবিসি অবলম্বনে)