যুদ্ধ অব্যাহত রাখতে প্রস্তুত ইরান

আপডেট : ১১ মার্চ ২০২৬, ০৪:৫১ পিএম

ইরান প্রয়োজনে যতদিন সম্ভব হামলা চালিয়ে যেতে প্রস্তুত বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

ইরান যুদ্ধ প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের "খুব দ্রুতই" যুদ্ধ শেষ হয়ে যাবে মন্তব্যের জবাবে এমন বক্তব্য দিয়েছেন তিনি।

মঙ্গলবার পিবিএস নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, “হামলা অব্যাহত রয়েছে। আমাদের ক্ষেপণাস্ত্র দিয়ে যতদিন প্রয়োজন এবং যতক্ষণ প্রয়োজন, তাদের ওপর আক্রমণ চালিয়ে যাওয়ার জন্য আমরা পুরোপুরি প্রস্তুত।”

আরাগচি আরও জানান, যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা এখন আর তাদের তালিকায় নেই।

“আমেরিকানদের সাথে আলোচনার ব্যাপারে আমাদের খুব তিক্ত অভিজ্ঞতা রয়েছে,” বলেছেন তিনি।

তিনি আরও উল্লেখ করেন, গত জুন মাসে এবং বর্তমানে- দুইবারই ইরানের ওপর মার্কিন হামলাগুলো হয়েছে দেশ দুটির মধ্যে ব্যর্থ আলোচনার পরপরই।

তাই স্পষ্ট করে তিনি বলেন, আলোচনা এখন আর তাদের “বিবেচনায় নেই”।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও দাবি করেন, যুদ্ধের শুরুর দিকে ইরান সরকার পরিবর্তনের যে চেষ্টা যুক্তরাষ্ট্র ও ইসরায়েল করেছিল, তাতে তারা “ব্যর্থ” হয়েছে এবং এখন তারা “লক্ষ্যহীন” হয়ে পড়েছে।