ইরানে যৌথ হামলা ইসরায়েল-যুক্তরাষ্ট্রের

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১৮ পিএম

ইরানের রাজধানী তেহরানে যৌথ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পাল্টা হামলার প্রস্তুতি হিসেবে জরুরি অবস্থা ঘোষণা করে দেশের সব বিমানবন্দর বন্ধ করে দিয়েছে ইসরায়েল। 

তেহরানের ইউনিভার্সিটি স্ট্রিট ও জোমহুরি এলাকায় শনিবার একাধিক মিসাইল হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইরানের সংবাদ সংস্থা ফারস।

আল জাজিরার তথ্য অনুযায়ী, তাদের একজন সংবাদদাতা আকাশে ধোঁয়া উড়তে দেখেছেন। আক্রমণের কথা স্বীকার করেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র।

ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাৎজ বলেন, "ইসরায়েল প্রতি হুমকি অপসারণ করতে ইসরায়েল ইরানের বিরুদ্ধে পূর্বপ্রস্তুতিমূলক আক্রমণ করেছে।" 

আল জাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইরানের পালটা হামলার প্রস্তুতিতে ইসরায়েলে জরুরি অবস্থা ঘোষণার পাশাপাশি বিমানবন্দর বন্ধ করা হয়েছে।

ইসরায়েলের এক প্রতিরক্ষা কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, এই আক্রমণের পরিকল্পনা কয়েক মাস আগেই করা হয়েছিল এবং তারিখ ঠিক করা হয় কয়েক সপ্তাহ আগে। 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, "ইরানে বড় আকারের সামরিক অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র। আমাদের লক্ষ্য ইরানের হুমকি নির্মূল করে আমেরিকার জনগণকে রক্ষা করা।"

আল জাজিরার তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের এক সরকারি প্রতিনিধি জানিয়েছেন, ইরানে হামলা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক অভিযানের অংশ।

সংবাদমাধ্য এপি জানিয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলি খামেইনির তেহরানের কার্যালয়ের কাছেই আঘাত হেনেছে ইসরায়েল।

খামেইনিকে তেহরান থেকে নিরাপদ কোনো জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে রয়টার্স।