তারেক রহমানকে অভিনন্দন জানালেন ডনাল্ড ট্রাম্প

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫২ পিএম

বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। বুধবার হোয়াইট হাউস থেকে পাঠানো এক চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট এই বার্তা দেন। 

চিঠিতে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, তিনি মার্কিন জনগণের পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাচ্ছেন এবং তার সফল মেয়াদ কামনা করছেন।

প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্ক একটি অবাধ ও মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চল গড়ে তোলার যৌথ স্বার্থের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত।

ট্রাম্প বলেন, আপনি আপনার মেয়াদ শুরু করার সাথে সাথে আমি আশা করি, আপনি আমাদের ‘পারস্পরিক বাণিজ্য চুক্তি’ বাস্তবায়নের মাধ্যমে আমাদের বাণিজ্যিক সম্পর্কের যে দুর্দান্ত গতি রয়েছে তা বজায় রাখতে আমাকে সহায়তা করবেন। 

সম্প্রতি দুই দেশের মধ্যে স্বাক্ষরিত 'পারস্পরিক বাণিজ্য চুক্তি' বাস্তবায়নের কথা উল্লেখ করে এই চুক্তি দুই দেশের মধ্যে বিদ্যমান পারস্পরিক বাণিজ্য চুক্তির বাস্তবায়নের মাধ্যমে কৃষক ও শ্রমিকদের জন্য ইতিবাচক সুফল বয়ে আনবে বলেও আশাবাদ ব্যক্ত করেন  ট্রাম্প।

এ ছাড়া বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধকার প্রতিরক্ষা চুক্তিগুলো সম্পন্ন করার জন্য চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করার আহ্বান জানিয়েছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বাংলাদেশ সামরিক বাহিনীর জন্য উন্নত মানের আমেরিকান সরঞ্জাম ব্যবহারের সুযোগ দেয়ার কথাও উল্লেখ করেন চিঠিতে।

বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের ওপর পূর্ণ আস্থার কথা উল্লেখ করে ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যকার সম্পর্ককে আগের চেয়ে আরও শক্তিশালী সমৃদ্ধ ও নিরাপদ করার আহ্বান জানান।