আবারও পিছিয়ে গেছে বইমেলা, লাগবে না স্টলভাড়া

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৭ এএম

প্রতি বছর ফেব্রুয়ারির প্রথম দিন থেকে বই মেলা শুরু হলেও এবার রাজনৈতিক কারণে সেটা পিছিয়ে ২০ ফেব্রুয়ারি শুরুর কথা ছিল। তবে সেটাও আরও পাঁচ দিন পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে বাংলা একাডেমি।

২৫ ফেব্রুয়ারি শুরু হতে যাচ্ছে একুশে বইমেলা ২০২৬। মেলা চলবে ১৫ মার্চ পর্যন্ত।

একই সঙ্গে বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর স্টলভাড়া সম্পূর্ণ মওকুফ করার সিদ্ধান্তও নেয়া হয়েছে।

বুধবার বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে আয়োজিত সভায় এসব সিদ্ধান্ত হয়।

এ ছাড়া বইমেলায় অংশ নিতে যে সব প্রকাশক এখনো স্টল বরাদ্দ নেয়নি, তাদের বৃহস্পতিবার বেলা তিনটার মধ্যে আবেদন করতে বলা হয়েছে। ঐ দিনই সন্ধ্যা ছয়টায় তাদের স্টল বরাদ্দ দেওয়ার কথা রয়েছে।

প্রসঙ্গত, রমজানের কারণে এবার একুশে বইমেলা ঈদের পরে করার দাবি জানিয়ে আসছিলেন প্রকাশকদের একাংশ।

নয়তো বইমেলায় অংশ না নেওয়ার কথাও জানিয়ে রেখেছেন তারা।