ঐতিহাসিক বিজয়ে তারেক রহমানকে যুক্তরাষ্ট্রের শুভেচ্ছা

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫৪ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয় পাওয়ায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে মার্কিন দূতাবাস। 

শুক্রবার সকালে ঢাকায় মার্কিন দূতাবাসের ফেইসবুক পেইজ থেকে পোস্ট করে বাংলাদেশের জনগণ ও জয়ী দলকে অভিনন্দন জানানো হয়েছে। 

মার্কিন দূতাবাস তাদের পোস্টে বলেছে, “বিএনপি এবং তারেক রহমানকে তাদের ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা।” 

একইসাথে একটি সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকেও অভিনন্দন জানিয়েছে মার্কিন দূতাবাস। 

অভিন্ন লক্ষ অর্জনে বাংলাদেশের সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। পোস্টে বলা হয়েছে, “আমাদের দুই দেশের সমৃদ্ধি ও নিরাপত্তার অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে আপনাদের সাথে কাজ করার জন্য যুক্তরাষ্ট্র আগ্রহী।”

বৃহস্পতিবার বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে অংশগ্রহণ করেছে বিএনপি, জামায়াতে ইসলামীসহ ৫১টি রাজনৈতিক দল ও স্বতন্ত্রসহ লড়েছেন দুই হাজারের বেশি প্রার্থী।

শুক্রবার সকাল পর্যন্ত সরকারিভাবে ফল ঘোষিত ২৯৬টি আসনের মধ্যে ২১২টি আসন পেয়ে নিরঙ্কুশ বিজয়ের পথ নিশ্চিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এরপর ৭৬ আসন নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট।