মাঝপথে বিকল ‘মকবুল-২’, ৮০ জন যাত্রী উদ্ধার

আপডেট : ২৩ জুন ২০২৬, ০৩:০২ পিএম

মেঘনা নদীর মাঝপথে বিকল হয়ে যাওয়া একটি যাত্রীবাহী লঞ্চে আটকে থাকা নারী-শিশুসহ প্রায় ৮০ জন যাত্রীকে নিরাপদে উদ্ধার করেছে নৌ পুলিশ।

সোমবার বিকেলে ‘মকবুল-২’ নামে একটি ছোট লঞ্চ চাঁদপুর থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করছিলো। মাঝপথে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনা নদীর ষোলআনি এলাকায় যান্ত্রিক ত্রুটির কারণে লঞ্চটি বিকল হয়ে পড়ে বলে নৌ পুলিশের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

লঞ্চে থাকা যাত্রী সেলিম হোসেন জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানান। তিনি বলেন, লঞ্চটিতে নারী ও শিশুসহ প্রায় ৮০ জন যাত্রী ছিলেন এবং নদীর মাঝখানে আটকে পড়ায় তারা উদ্বিগ্ন হয়ে পড়েন। দ্রুত উদ্ধারের জন্য তিনি সহায়তা চান।

ফোন পাওয়ার পর ৯৯৯-এর সংশ্লিষ্ট কর্মকর্তারা বিষয়টি দ্রুত গজারিয়া নৌ পুলিশ ফাঁড়িকে জানানো হয়।

খবর পেয়ে নৌ পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে চাঁদপুর থেকে নারায়ণগঞ্জগামী ‘এমডি আল-মাহবুব’ নামে একটি লঞ্চ থামিয়ে বিকল লঞ্চে থাকা সব যাত্রীকে নিরাপদে অন্য লঞ্চে স্থানান্তর করা হয়।

উদ্ধার হওয়া সব যাত্রী নিরাপদে গন্তব্যের উদ্দেশে রওনা হয়েছেন এবং এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে নৌ পুলিশ।