বাংলাদেশিদের জন্য ফের ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

আপডেট : ২৫ জুন ২০২৬, ০৪:০৬ পিএম

প্রায় দুই বছর পর আবারও বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত। ২৮এ জুন থেকে আবেদন করা যাবে।

বৃহস্পতিবার বাংলাদেশে নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে (আইভ্যাক) এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।  

হাইকমিশনার বলেন, “আমি খুব খুশির সাথে ঘোষণা করছি যে, আমরা ট্যুরিস্ট ভিসার জন্য সাধারণ ভিসা আবেদন পুনরায় চালু করছি।”

২৮এ জুন থেকে আবেদন করা যাবে উল্লেখ করে তিনি বলেন, “আমরা জরুরি ক্ষেত্রে মানবিক নজরে মেডিকেল ভিসা আবেদন গ্রহণ অব্যাহত রাখবো।”

ঢাকা, খুলনা, রাজশাহী, সিলেট ও চট্টগ্রামের বাইরে ভিসা আবেদনের কার্যক্রম বাড়ানো হবে বলেও জানান তিনি। দীনেশ ত্রিবেদী বলেন, "অন্যান্য শহরে ধীরে ধীরে ভিসা আবেদন কার্যক্রম বাড়ানো হবে। আমরা আশা করি এর দ্বারা দুই সার্বভৌম দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী হবে।"

ভারত সরকার গত এপ্রিলে দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার হিসেবে নিয়োগ দেয়। দুই দেশের ৫৫ বছরের সম্পর্কের ইতিহাসে ভারত এই প্রথম কোনো রাজনীতিবিদকে দেশটির হাইকমিশনার করে বাংলাদেশে পাঠালো।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ই অগাস্ট রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর নিরাপত্তা ইস্যুতে অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশিদের পর্যটন ভিসা দেওয়া বন্ধ করে দেয় ভারত।