বেশিরভাগ কেন্দ্রে সুষ্ঠু হলেও কিছু কিছু কেন্দ্রে ভোট প্রভাবিত বা বিশৃঙ্খল করার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামির আমীর ডা. শফিকুর রহমান।
নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।
মনিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রসঙ্গে জামায়াতের আমীর বলেন, “সবকিছু স্বাভাবিক চলছিল। হঠাৎ করে আমাদের প্রতিদ্বন্দ্বী দলের কিছু লোক বেপরোয়াভাবে ঢুকে পড়ে। তারা ভোটারদেরকে ভয়ভীতি প্রদর্শন করে এবং অহেতুক তারা এখানে হস্তক্ষেপ করে।”
সমর্থকদের হেনস্তার অভিযোগও তোলেন শফিকুর রহমান। বলেন, “আমাদের যারা ভোটার এবং সমর্থক তাদেরকে তারা শারীরিকভাবে নাজেহাল করে।”
তবে পরবর্তীতে সেনাবাহিনী দায়িত্বশীলতার সাথে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে দাবি করেন তিনি।
একইভাবে লাকসাম ও লালমোহনেও বিশৃঙ্খলার অভিযোগ করেন জামায়াতের আমীর।



