গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে জনগণের সহযোগিতায়: সিইসি

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৮ এএম

জনগণের সহযোগিতায় গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাতে পারবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ‘পাতানো’ হচ্ছে কি না, সে বিষয়ে জনগণ মতামত দেবে বলেও জানিয়েছেন তিনি।

ইস্কাটন মডেল গার্ডেন উচ্চবিদ্যালয়ে বৃহস্পতিবার ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলে সিইসি।

তিনি বলেন, “ভোটের মাধ্যমে বাংলাদেশ যে গণতন্ত্রের ট্রেনে উঠেছে, তা গন্তব্যে পৌঁছাতে পারবে জনগণের সহযোগিতার মাধ্যমেই।”

“কোনো প্রকার পাতানো নির্বাচন হচ্ছে কি না সে বিষয়ে জনগণই মতামত দেবে।”

নির্বাচনের সার্বিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, সারাদেশে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। কিছু কেন্দ্রে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলেও সেগুলো তাৎক্ষণিকভাবে সমাধান করা হয়েছে।

তিনি আরও বলেন, সুষ্ঠু নির্বাচন সম্পন্নের লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে নির্বাচনকেন্দ্রিক প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং তারা মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন।
নির্বাচনকে ঘিরে ‘যেসব চ্যালেঞ্জ’ আসতে পারে, সেগুলো জনগণের সহযোগিতার মাধ্যমেই মোকাবিলা করা হবে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার।