টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বদলে খেলবে স্কটল্যান্ড

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৬, ০২:০৩ পিএম

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে নাটকীয় মোড় দেখা দিয়েছে। নিরাপত্তার কারণে ভারতে দল না পাঠাতে বিসিবির অনড় অবস্থানের পর, বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি ।

বিসিবিকে পাঠানো এক ইমেইলে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি। ফেব্রুয়ারি থেকে ভারতে এই বিশ্ব আসর শুরু হওয়ার কথা রয়েছে। 

বিতর্কের সূত্রপাত হয় গেল তেসরা জানুয়ারি। আইপিএল উপলক্ষে বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে রেকর্ড ৯ কোটি রুপিতে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স।

পরে দলটির স্কোয়াড থেকে মুস্তাফিকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। এর কোনো সুনির্দিষ্ট কারণ দেখানো হয়নি। তবে এই ঘটনাকে দুই দেশের মধ্যকার অবনতিশীল কূটনৈতিক সম্পর্কের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।

এরপর চৌঠা জানুয়ারি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সরকারের সাথে আলোচনার পর নিরাপত্তার অভাবে ভারত সফরে যেতে ইচ্ছুক নয় বলে আইসিসিকে জানায়। এরপর তিন সপ্তাহ ধরে আইসিসি ও বিসিবির মধ্যে দফায় দফায় আলোচনা হলেও কোনো সমাধান আসেনি।

২১এ জানুয়ারি এক জরুরি মিটিংয়ে বসে আইসিসি। আর সেখানেই বাংলাদেশের বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে নেওয়ার সিদ্ধান্ত হয়। বাংলাদেশ যে গ্রুপে ছিল, সেখানে এখন স্কটল্যান্ড খেলবে।

টুর্নামেন্ট শুরুর এত অল্প সময় আগে সম্পূর্ণ সূচি পরিবর্তন করা "বাস্তবসম্মত নয়" বলে জানায় আইসিসি। একইসাথে ভারতের মাটিতে কোনো "বিশ্বাসযোগ্য নিরাপত্তা হুমকি" নেই বলে মনে করে আইসিসি।

আইসিসির এই সিদ্ধান্তকে 'দ্বিমুখী নীতি' বলে অভিযোগ করে বিসিবির সভাপতি আমিনুল ইসলাম প্রশ্ন তোলেন, ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের পাকিস্তানে যেতে অস্বীকৃতির সময় আইসিসি যেভাবে নমনীয়তা দেখিয়েছিল, বাংলাদেশের ক্ষেত্রে কেন তেমনটি করা হচ্ছে না।

বিসিবি ইতোমধ্যে বিষয়টি আইসিসির ডিসপিউট রেজ্যুলেশন কমিটিতে (ডিআরসি) নিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। তবে আইসিসি মুস্তাফিজুর রহমানের আইপিএল ইস্যুটিকে সম্পূর্ণ ভিন্ন ও একটি অভ্যন্তরীণ বিষয় হিসেবে দেখছে এবং টুর্নামেন্টের নিরাপত্তা কাঠামোর সাথে এর কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছে।