এনভয় ও শেল্‌টেক্‌ গ্রুপের চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদ-এর জন্মদিন পালন

আপডেট : ২২ জানুয়ারি ২০২৬, ০৩:৫৬ পিএম

২১এ জানুয়ারি এনভয় লিগ্যাসি অ্যান্ড শেল্‌টেক্‌ গ্রুপ-এর চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদ-এর জন্মদিন। দিনটিতে তিনি আনন্দ ভাগ করে নেন পরিবার, বন্ধু ও সহকর্মীদের সঙ্গে।

ছোট পরিসরে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন শেল্‌টেক্‌ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদসহ প্রতিষ্ঠান দুটির শীর্ষ কর্মকর্তারা। 

জন্মদিনের অনুষ্ঠানে সহকর্মীদের প্রতিষ্ঠানকে ভালোবেসে এর উন্নয়ন নিয়ে ভাবার আহ্বান জানান কুতুবউদ্দিন আহমেদ।

তিনি বলেন, “সবাই আমরা একটি পরিবারের বন্ধনে আবদ্ধ। এই পরিবারের ভালো মন্দ সব কিছুই আমাদের ভাবতে হবে।”

পরামর্শ দেন নৈতিকতা ধরে রেখে হালল রুজির দিকে ধাবিত হওয়ার।

আল্লাহর ওপর বিশ্বাস রাখার কথা জানিয়ে নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, “প্রতিষ্ঠানের ওপর ঝড় এসেছে। আমার সম্মান হানির চেষ্টা করা হয়েছে। কেইস করা হয়েছে, দুদকে অভিযোগ করা হয়েছে, কিন্তু আল্লাহর ইচ্ছায় আমার তেমন ক্ষতি করতে পারেনি। এর কারণ আল্লাহর ওপর আমার অঢেল বিশ্বাস।”

এ সময় শেলটেকের সবশেষ প্রতিষ্ঠান আলাপ এর মাইলফলক সম্পর্কে তার ভাবনা জানাতে গিয়ে কুতুবউদ্দিন আহমেদ বলেন, “আমরা যখন আলাপ প্রতিষ্ঠা করেছি, আমরা ভেবেছি আলাপ এমন প্রতিষ্ঠান হবে যেটা হলুদ সাংবাদিকতা করবে না। কাউকে আঘাত দেওয়ার জন্য না। সমাজকে দিক নির্দেশনা দেওয়া, দেশের মানুষের উপকার করা, তাদের গাইড করার ব্যাপারে যেন আলাপ নিজেদের নিয়োজিত রাখে। আলাপ একটি স্বপ্নের প্রতীক আমাদের জন্য।”

জন্মদিনে তার সুস্বাস্থ্য ও দীঘায়ু কামনা করে বক্তব্য দেন শেলটেক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ।

এ সময় তিনি বলেন, “কোনো কাজকে যেন দায়িত্বের বাইরে মনে করা না হয়। কোম্পানির প্রয়োজনে সবাইকে এগিয়ে আসার মানসিকতা থাকতে হবে। ছোট মনে করা যাবে না।”

আনন্দ ও দুঃখ একটি পরিবারের মতো ভাগ করে নেওয়ারও পরামর্শ দেন তিনি।

মনোমুগ্ধকর অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ‘আলাপ’ এর নির্বাহী সম্পাদক আহরার হোসেন।