সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহক তুলতে পারছেন সর্বোচ্চ ২ লাখ টাকা

আপডেট : ০১ জানুয়ারি ২০২৬, ০৩:১৭ পিএম

বছরের প্রথম দিন থেকেই শুরু হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে আমানতকারীদের টাকা তোলার প্রক্রিয়া।

বৃহস্পতিবার সকাল থেকেই একীভূত হওয়া পাঁচ শরিয়াভিত্তিক ব্যাংকের গ্রাহকদের লাইন দেখা গেছে বিভিন্ন শাখায়।

প্রথম ধাপে সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত তুলতে পারছেন তারা। যাদের আমানত ২ লাখের বেশি, পরবর্তী ধাপে টাকা তোলার সুযোগ পাবেন সেসব গ্রাহক।

১লা জানুয়ারি থেকে এ প্রক্রিয়া শুরু হয়েছে বলে আলাপ-কে নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।

“সম্মিলিত ইসলামী ব্যাংকের বিভিন্ন শাখা থেকে সকাল থেকেই টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। ইতোমধ্যে অনেকে টাকা তুলেছেন,” তিনি বলেন।

এর আগেই বিভিন্ন শাখায় টাকা পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের এই নির্বাহী পরিচালক।

বৃহস্পতিবার সব গ্রাহকই হয়তো টাকা পাবেন না জানিয়ে তিনি পরের দিনগুলোতে ধারাবাহিকভাবে টাকা তুলতে অনুরোধ জানান গ্রাহকদের। 

আর্থিকভাবে দুর্বল হয়ে পড়া ৫টি শরিয়াভিত্তিক ব্যাংককে ’সম্মিলিত ইসলামী ব্যাংক’ নামে একীভূত করা হয়।

ব্যাংকগুলো হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক এবং এক্সিম ব্যাংক।  

এবার সেই সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে টাকা তোলার সুযোগ পাচ্ছেন গ্রাহকরা।