সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। সেই সাথে বুধবার তার জানাজার দিন সাধারণ ছুটিও ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত হয়। পরে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ কথা জানান প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
“নামাজে জানাজাসহ সব ধরনের শোক পালনে শৃঙ্খলা বজায় রাখার জন্য আমি সবার প্রতি বিনীত আহ্বান জানাচ্ছি,” তিনি বলেন।

খালেদা জিয়াকে বাংলাদেশের রাজনীতির এক পরম মহিমান্বিত ব্যক্তিত্ব উল্লেখ করে প্রফেসর ইউনূস বলেন, “গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তাঁর অসামান্য ভূমিকা ইতিহাসে অম্লান হয়ে থাকবে।“
বাংলাদেশ এক কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে আর এ সময় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে তিনি বলেন,” শোকের এই সময়ে কেউ যেন অস্থিতিশীলতা বা নাশকতার অপচেষ্টা চালাতে না পারে, সে বিষয়ে আমি সবাইকে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি। এই সময়ে আমাদের সবার দায়িত্বশীল ভূমিকা পালন করা অত্যন্ত জরুরি।“
মঙ্গলবার ভোর ৬টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় খালেদা জিয়ার মৃত্যু হয় বলে তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন জানিয়েছেন। তার বয়স হয়েছিল ৮০ বছর।



