এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ, করছেন না নির্বাচন

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৫, ০৯:২৬ এএম

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি দলটিতে মুখপাত্রের দায়িত্ব পালন করবেন। পাশাপাশি দলটির নির্বাচন পরিচালনা কমিটির প্রধানের দায়িত্বও দেওয়া হয়েছে তাকে।

তবে এবারের নির্বাচনে অংশ নিচ্ছেন না তিনি। 

সোমবার, ২৯এ ডিসেম্বর সন্ধ্যায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি জানান, আজ (সোমবার) অনলাইনে এনসিপির রাজনৈতিক পর্ষদের একটি জরুরি সভা হয়েছে। সেই সভার সিদ্ধান্ত অনুযায়ী, আসিফ মাহমুদকে এনসিপির মুখপাত্রের দায়িত্ব দেওয়া হয়েছে।

তিনি বলেন, “আসিফ মাহমুদ নির্বাচনে অংশ নেবেন না। বরং এনসিপির মনোনীত প্রার্থীরা যাতে নির্বাচনে জিতে আসতে পারেন, সেজন্য তিনি কাজ করবেন। তাকে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।”

এনসিপিতে যোগ দেয়া প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, “কিছুদিন আগে আমাদের এক সহযোদ্ধা শরিফ ওসমান হাদি শহীদ হয়েছেন। এসময় জুলাই অভ্যুত্থানের সকল শক্তি ঐক্যবদ্ধ থাকা এবং রাখা গুরুত্বপূর্ণ। একইসাথে গণ-অভ্যুত্থানের শহীদ পরিবার ও আহত এবং বাংলাদেশে লক্ষ মানুষ যারা রাজপথে নেমে এসেছেন, তাদের আকাঙ্ক্ষাকে সামনে রেখে আবারও ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। সে জায়গা থেকে আমি নাগরিক পার্টিতে যোগ দিচ্ছি।”

২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংঘটিত গণঅভ্যুত্থানের অন্যতম প্রধান সমন্বয়ক ছিলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। গত বছরের ৫ই আগস্ট তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারে তিনি উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন। এ বছরের ১০ই ডিসেম্বর তিনি পদত্যাগ করেন এবং ১১ই ডিসেম্বর তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে পদত্যাগ কার্যকর হয়।