দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনমুখী বিক্ষোভে পুলিশের বাধা ও সংঘর্ষ

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৫, ০৮:০৯ পিএম

ভারতের রাজধানী দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনমুখী বিক্ষোভ করেছে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি), বজরং দলসহ বেশ কিছু দল।

বিক্ষোভ ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী একাধিক ব্যারিকেড দিলে তা ভেঙে ফেলে বিক্ষোভকারীরা। এ সময় পুলিশের সাথে তারা সংঘর্ষে জড়ায়।

তবে তারা হাইকমিশন ভবন পর্যন্ত পৌঁছাতে পারেনি। প্রায় এক কিলোমিটার আগেই তাদের পুলিশ আটকে দিয়েছে বলে খবর দিয়েছে একাধিক ভারতীয় গণমাধ্যম।

খবরে বলা হয় বিক্ষোভকারীরা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে বাংলাদেশবিরোধী স্লোগান দেয়। বাংলাদেশের ময়মনসিংহে দীপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যাসহ সংখ্যালঘু নির্যাতন বন্ধের দাবিতে তারা এই বিক্ষোভ করে।

টাইমস অব ইন্ডিয়া বলছে, ভিএইচপি এই বিক্ষোভ কর্মসূচির ডাক দিলে হাইকমিশনের সামনে নিরাপত্তা জোরদার করে দিল্লি পুলিশ, সেখানে তিন স্তরের ব্যারিকেড বসিয়ে অতিরিক্ত পুলিশ ও আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়।

এনডিটিভি বলছে, বিক্ষোভকারীরা দুই স্তরের ব্যারিকেড ভেঙে ফেলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে এবং বেশ কয়েকজনকে আটক করে।

বিক্ষোভ কর্মসূচির ঘোষণায় সোমবার রাতেই দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ভিসা ও কনস্যুলার সেবা বন্ধ ঘোষণা করে। ভিসাসেবা স্থগিত করা হয়েছে শিলিগুড়ির ভিসা সেন্টারেও।