তারেক রহমান ফেরার দিন বিমানবন্দরে দর্শনার্থী প্রবেশ বন্ধ

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৫, ০৪:১৬ পিএম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২৪ ঘণ্টার জন্য দর্শনার্থী প্রবেশ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সিভিলে এভিয়েশন কর্তৃপক্ষ।

মঙ্গলবার বিমানবন্দর কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে নিরাপত্তার কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয় যাত্রীসেবা, বিশেষ নিরাপত্তা এবং অপারেশনাল শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে ২৪এ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ২৫এ ডিসেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত বিমানবন্দর এলাকায় বিদেশগামী যাত্রী ছাড়া অন্য কেউ ঢুকতে পারবেন না।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ আলাপকে বলেছেন, “সাধারনত দেখা যায় যাত্রীকে বিদায় বা স্বাগত জানাতে দুইজনের আসার কথা থাকলেও ১০ জন চলে আসেন। কিন্তু ওই ২৪ ঘণ্টা শুধুমাত্র বৈধ টিকিটধারী যাত্রীদের বিমানবন্দর এলাকায় প্রবেশের অনুমতি থাকবে। বাকিদের ঢাকা-ময়মনসিংহ রোড থেকে ফেরত পাঠানো হবে।” 

২৫ ডিসেম্বর বৃহস্পতিবার বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঢাকায় ফেরার কথা আছে। তার প্রত্যাবর্তন ঘিরে দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।