ফের ভারতের হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলব

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৫, ০১:০৮ পিএম

দশ দিনের ব্যবধানে দ্বিতীয়বারের মতো তলব করা হয়েছে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে। মঙ্গলবার সকাল ১০টায় তাকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়।

ভারতের বিভিন্ন স্থানে থাকা বাংলাদেশের কূটনৈতিক মিশনের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বাংলাদেশ সরকারের বার্তা তাকে পৌঁছে দেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ এবং শিলিগুড়িতে বাংলাদেশ ভিসা সেন্টারে সহিংসতার ঘটনায় উদ্বেগ জানানো হয়। 

একইসাথে কূটনৈতিক স্থাপনা ও কর্মীদের ওপর এ ধরনের পূর্বপরিকল্পিত সহিংসতা ও ভীতি প্রদর্শনের নিন্দাও জানিয়েছে সরকার।

হাইকমিশনারকে জানানো হয়েছে, এ ধরনের কর্মকাণ্ড শুধু কূটনৈতিক কর্মীদের নিরাপত্তাই না, বরং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে পারস্পরিক শ্রদ্ধা, শান্তি ও সহনশীলতার যে মূল্যবোধ রয়েছে, তাও ক্ষুণ্ণ করে।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত সরকারের প্রতি এই সহিংসতার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে।

ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা না ঘটে, সেজন্য উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে বাংলাদেশের কূটনীতিক ও কূটনৈতিক স্থাপনার নিরাপত্তা জোরদারের অনুরোধ জানানো হয়েছে।

এর আগে গত ১৪ই ডিসেম্বর রবিবার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল।