সহিংসতার বিরুদ্ধে নাগরিকদের সতর্ক থাকার আহ্বান সরকারের

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৫, ০৪:২১ পিএম

সহিংসতামূলক সব কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। বিচ্ছিন্ন উগ্র গোষ্ঠীর দ্বারা হওয়া এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে দৃঢ়তার সঙ্গে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে বিবৃতিতে।

বৃহস্পতিবার রাতে ওসমান হাদির মৃত্যুর সংবাদ নিশ্চিত হওয়ার পর ঢাকার বিভিন্ন স্থানসহ দেশের একাধিক অঞ্চলে বিক্ষোভ হয়। মধ্যরাতে হামলা হয় প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে। হেনস্থা করা হয় নিউ এইজ সম্পাদক নূরুল কবীরকে।

চলমান পরিস্থিতিতে শুক্রবার দুপুরে দেওয়া বিবৃতিতে অন্তর্বর্তী সরকার জানিয়েছে, বিশৃঙ্খলাকে পুঁজি হিসেবে ব্যবহার করা এবং শান্তির পথকে উপেক্ষা করা বিচ্ছিন্ন জনগোষ্ঠীর কারণে গণতন্ত্রের রূপান্তরের অগ্রযাত্রাকে কোনোভাবেই ব্যহত হতে দেবে না সরকার।

বিবৃতিতে সরকার বলেছে, “আসন্ন নির্বাচন ও গণভোট কেবল রাজনৈতিক অনুশীলন নয়; এগুলো একটি গুরুতর জাতীয় অঙ্গীকার। এই অঙ্গীকার অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে আছে সেই স্বপ্নের সঙ্গে, যার জন্য শহীদ শরিফ ওসমান হাদি তাঁর জীবন উৎসর্গ করেছেন। তাঁর আত্মত্যাগ ও স্মৃতির প্রতি সম্মান জানাতে হলে সংযম, দায়িত্বশীলতা এবং ঘৃণা প্রত্যাখ্যানের প্রতি অবিচল অঙ্গীকার প্রয়োজন।”

সাংবাদিকদের ওপর হামলাকে সত্যের ওপর হামলা জানিয়ে সন্ত্রাস ও সহিংসতার শিকার হওয়া ডেইলি স্টার, প্রথম আলো ও নিউ এজ-এর সাংবাদিকদের প্রতি দুঃখ প্রকাশ করে তাদের পাশে থাকার অঙ্গীকার করেছে সরকার।

একইসাথে ময়মনসিংহে এক হিন্দু ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনায় নিন্দা জানিয়ে বিবৃতিতে বলা হয়েছে, “নতুন বাংলাদেশে এ ধরনের সহিংসতার কোনো স্থান নেই। এই নৃশংস অপরাধের সঙ্গে জড়িতদের কাউকেই ছাড় দেওয়া হবে না।”

বিবৃতিতে সব সহিংসতার বিচারের আশ্বাস দেওয়া হয় এবং নাগরিকদের প্রতি সহিংসতা, উসকানি ও ঘৃণাকে প্রত্যাখ্যান ও প্রতিরোধের মাধ্যমে হাদির প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানানো হয়।