রবিবার শুরু বাজেট অধিবেশন, যেসব সড়কে সভা-সমাবেশ নিষিদ্ধ

শনিবার রাত ১২টা থেকে সংসদের দ্বিতীয় অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে।

আপডেট : ০৬ জুন ২০২৬, ১০:৫১ এএম

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় এবং বাজেট অধিবেশন শুরু হচ্ছে রবিবার। অধিবেশনকে ঘিরে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও জাতীয় সংসদ ভবন-সংলগ্ন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল ও বিক্ষোভ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

নিষেধাজ্ঞার আওতায় সংশ্লিষ্ট এলাকাগুলোতে সব ধরনের অস্ত্র, বিস্ফোরক দ্রব্য, ক্ষতিকর ও দূষণকারী বস্তু বহনও নিষিদ্ধ থাকবে।

ডিএমপির গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার রাত ১২টা থেকে সংসদের দ্বিতীয় অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে।

ডিএমপির নির্দেশনা অনুযায়ী, ময়মনসিংহ রোডের মহাখালী ক্রসিং থেকে পুরাতন বিমানবন্দর হয়ে বাংলামোটর ক্রসিং পর্যন্ত, বাংলামোটর লিংক রোডের পশ্চিম প্রান্ত থেকে হোটেল সোনারগাঁও সড়কের সার্ক ফোয়ারা পর্যন্ত, পান্থপথের পূর্ব প্রান্ত থেকে গ্রিন রোড সংযোগস্থল হয়ে ফার্মগেট পর্যন্ত, মিরপুর রোডের শ্যামলী মোড় থেকে ধানমন্ডি-১৬ (পুরাতন ২৭) নম্বর সড়কের সংযোগস্থল পর্যন্ত, রোকেয়া সরণির সংযোগস্থল থেকে পুরাতন নবম ডিভিশন (উড়োজাহাজ) ক্রসিং হয়ে বিজয় সরণি পর্যটন ক্রসিং পর্যন্ত, ইন্দিরা রোডের পূর্ব প্রান্ত থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিম প্রান্ত, জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকা এবং এর ভেতরে থাকা সব সড়ক ও গলিপথে এ আদেশ কার্যকর থাকবে।

গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ৭ই জুন শুরু হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন নির্বিঘ্নভাবে পরিচালনা এবং সংসদ ভবন ও পার্শ্ববর্তী এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনে অধিবেশন শুরু হবে। এ অধিবেশনেই অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপন করবেন।

নতুন সরকারের অধীনে এটি হবে প্রথম জাতীয় বাজেট।