নূর জাহান বেগমের পর ঢাকার মিরপুর এলাকায় আরও এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

আপডেট : ০৪ জুন ২০২৬, ০৩:২৫ পিএম

মিরপুরে বৃদ্ধা নূর জাহান বেগমের মৃত্যুর পর একই এলাকায় আরও এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে মিরপুরের একটি আবাসিক ভবনের ফ্ল্যাট থেকে সেলিনা আফরোজ নামে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনাটির সত্যতা নিশ্চিত করে পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) এমদাদুল হক আলাপকে জানান, সেলিনা আফরোজ দীর্ঘদিন ধরে ওই ফ্ল্যাটে একাই বসবাস করতেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি তার বয়স হয়েছিলো ৫৫ বছর। 

তিনি বলেন, ঘটনাটি নিয়ে থানায় অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

পুলিশ জানিয়েছে, মৃত সেলিনা আফরোজের স্বামী ও দুই সন্তান বর্তমানে কানাডায় বসবাস করছেন।

এর আগে গত রবিবার মিরপুরের একই এলাকায় নিজ বাসা থেকে বৃদ্ধা নূর জাহান বেগমের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। একা বসবাসরত ওই বৃদ্ধার মৃত্যুর ঘটনা দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। পুলিশ জানায়, নূর জাহান বেগমের তিন ছেলের একজন যুগ্ম সচিব, একজন বুয়েটের শিক্ষক এবং অপরজন কানাডা প্রবাসী। তার মৃত্যুর পর সামাজিক যোগাযোগমাধ্যমে বৃদ্ধ মা-বাবার একাকী জীবন ও পারিবারিক দায়িত্ববোধ নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

একই এলাকায় স্বল্প সময়ের ব্যবধানে একা বসবাসকারী দুই নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছে।