দিল্লির অগ্নিকাণ্ডের ঘটনায় ৫ বাংলাদেশি আহত

আপডেট : ০৩ জুন ২০২৬, ০৬:৫৩ পিএম

ভারতের রাজধানী দিল্লির মালভিয়া নগরের একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচ বাংলাদেশি আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজন সাকেতের ম্যাক্স হাসপাতালে এবং অপর দুইজন সফদারজাং হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনের এক ফেইসবুক পোস্টে এ তথ্য জানানো হয়।

ঘটনায় গভীর শোক প্রকাশ করে হাই কমিশন জানিয়েছে, আহত বাংলাদেশিদের চিকিৎসা ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।

এদিকে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, বুধবার সকালে দিল্লির মালভিয়া নগরে অবস্থিত মিকাসা ইন হোটেলের বেজমেন্টে আগুনের সূত্রপাত হয়। সল্প সময়ের মধ্যেই আগুন ভবনের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত ২১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।