মে মাসেই হামে ৩০৯ জনের মৃত্যু, মোট ৫৯৪

আপডেট : ০২ জুন ২০২৬, ০৬:১৫ পিএম

বাংলাদেশে সাম্প্রতিক প্রাদুভার্বের পর হাম ও হামের উপসর্গে এখন পর্যন্ত মোট ৫৯৪ জনের মৃত্যু হয়েছে। ১৫ই মার্চ থেকে শুরু করে ১লা জুন পর্যন্ত সারা দেশে এই মৃত্যু হয়েছে। হামে আক্রান্ত হয়ে গড়ে প্রতিদিন মৃত্যু হয়েছে প্রায় আটজন শিশুর। এর মধ্যে শুধু মে মাসেই মৃত্যু হয়েছে ৩০৯ জন শিশুর। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ছয় শিশু। 

সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, হামে সন্দেহভাজন মৃতের মোট সংখ্যা ৫০৪-এ পৌঁছেছে, অন্যদিকে নিশ্চিত মৃতের সংখ্যা ৯০।

মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় মোট ১,২৯২ জন সন্দেহভাজন হামে আক্রান্ত শনাক্ত হওয়ায়, মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে ৭৩ হাজার ৩৬২ জনে দাঁড়িয়েছে। 

একই সময়ে, নতুন করে ৪২ জন হামে আক্রান্ত শনাক্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৯ হাজার ১৩৬ জনে দাঁড়িয়েছে।

ডিজিএইচএস-এর তথ্য অনুযায়ী, ১৫ই মার্চ থেকে মোট ৫৯,১০৬ জন সন্দেহভাজন হামের রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন, যাদের মধ্যে ৫৪ হাজার ৮১২ জন সুস্থ হয়েছেন।