ড. ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ 

আপডেট : ০৭ মে ২০২৬, ০৬:২০ পিএম

রাজধানী ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় শিক্ষার্থীদের নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে করা মামলার আবেদন খারিজ করে দিয়েছে আদালত।

মামলা গ্রহণ করার মত ‘উপাদান না থাকায়’ বৃহস্পতিবার বিকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এ আদেশ দেন।

এর আগে সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে মামলাটির আবেদন করেন নিহত শিক্ষার্থীর উক্য  ছাইং মার্মার বাবা উসাইমং মারমা। এসময় আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে আদেশ অপেক্ষমাণ রাখেন।

মামলার আবেদনে ড. ইউনূসসহ ছিলেন সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, সাবেক পরিবেশ উপদেষ্টা ড. রেজওয়ানা হাসান, সি.আর আবরার, বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রেস সচিব শফিকুল আলম, এয়ার ভাইস মার্শাল মোরশেদ মোহাম্মদ খায়ের উল আফসার, গ্রুপ ক্যাপ্টেন রিফাত আক্তার জিকু, মাইলস্টোন স্কুল এন্ড কলেজের উপদেষ্টা কর্নেল নুরনবী (অব.), মাইলস্টোন স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল মোহাম্মদ জিয়াউল আলম, মাইলস্টোন স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল (প্রশাসন) মো.মাসুদ আলম, মাইলস্টোন স্কুল এন্ড কলেজের স্কুল শাখার প্রিন্সিপাল  রিফাত নবী, চেয়ারম্যান রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), ফিল্ড সুপার ভাইজার (উত্তরা) রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), শিক্ষা মন্ত্রণালয়ের সাবেক সচিব সিদ্দিক জুবায়ের, মোঃ রেজাউল করিম, ডেজীপ্রু মারমা, মুহাম্মদ আব্দুস সামাদ, তাহমিনা এবং মো.মতিউর রহমান।