দীপু মনি, ফারজানা রুপা ও মোজাম্মেল বাবুকে আদালতে হাজিরের নির্দেশ

আপডেট : ০৭ মে ২০২৬, ০৫:২২ পিএম

ঢাকার মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবুকে ১৪ই মে আদালতে হাজিরের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার বিচারপতি মো. শফিউল আলম মাহমুদের নেতৃত্বাধীন দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই আদেশ দেন। প্রসিকিউশনের পক্ষ থেকে এই তিন জনকে প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যুর আবেদনের শুনানি শেষে এ রায় দেওয়া হয়।

বৃহস্পতিবার ট্রাইব্যুনালে প্রসিকিউশন পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।

চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানান, শাপলা চত্ত্বরের হত্যার ঘটনাকে পরিকল্পনা মাফিক ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করেছিলেন সাবেক মন্ত্রী দীপু মনি, সাংবাদিক মোজ্জামেল বাবু ও ফারজানা রুপা। এ জন্য তাদের বিরুদ্ধে শাপলা চত্বরের মামলায় প্রোডাকশন ওয়ারেন্ট চাওয়া হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

মঙ্গলবার চিফ প্রসিকিউটর জানিয়েছেন, সব মিলিয়ে এখন পর্যন্ত ৫৮ জনের নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে আর তাদের সবারই পরিচয় শনাক্ত হয়েছে। এ মামলাটির তদন্ত প্রায় ৯০ শতাংশ সম্পন্ন হয়েছে।

এই মামলার ধার্য তারিখ আগামী ৭ জুনের মধ্যেই তদন্ত শেষ হবে বলে আশা করছেন চিফ প্রসিকিউটর।

তিনি বলেন, হেফাজতে ইসলামের যেসব সদস্য খুনের শিকার হয়েছেন, তাদের প্রত্যেকের পরিবারের সঙ্গে আমরা কথা বলেছি। তাদের পরিবারের সদস্যদের বক্তব্যও আমরা নিয়েছি। সব মিলিয়ে আমরা পর্যাপ্ত সাক্ষ্য পেয়েছি।

চব্বিশের জুলাই অগাস্টে গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক (টুকু), মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, পুলিশের সাবেক মহা-পরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক, হাসান মাহমুদ খন্দকার, বেনজীর আহমেদ, পুলিশের সাবেক উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মোল্যা নজরুল ইসলাম ও গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার এই মামলার আসামি হয়েছেন।

(সূত্র: বাসস)