গ্রামীণফোনের নাম সবাই জানে। দেশের মোবাইল গ্রাহকদের বড় অংশ গ্রামীণ নেটওয়ার্কের সাথে যুক্ত। কিন্তু গ্রামীণফোন কীভাবে গড়ে উঠলো, তাদের পেছনে কারা, বাংলাদেশে কীভাবে এলো? এসব গল্প অনেকেরই অজানা।
গ্রামীণফোন বাংলাদেশে এসেছিল টেলিকম জায়ান্ট টেলিনরের হাত ধরে। যাকে নিয়ে বিশ্বজুড়ে বিশেষ করে এশিয়ায় কম আলোচনা হয়নি। এমনকি সম্প্রতি তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে মানবতাবিরোধী অপরাধে প্রত্যক্ষ সহযোগিতার।
এছাড়াও বাংলাদেশে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বন্দ্বের গল্প তো আছেই।
প্রশ্ন হলো বিশ্বজুড়ে যারা নিজেদের মানবাধিকারের রক্ষক, সামাজিক উন্নয়নের দূত এবং শতভাগ নৈতিক ব্যবসার রোল মডেল হিসেবে প্রচার করে, সেই টেলিনরের গায়ে রক্তের দাগের অভিযোগ কেন?
টেলিনরের গল্প জানতে ঘুরে দেখতে হবে কীভাবে তারা হয়ে উঠলো ব্যবসায়িক জায়ান্ট। কে, কেন, কীভাবে, কোন উদ্দেশ্য নিয়ে এই প্রতিষ্ঠান তৈরি করলো। আর কেনই বা তাকে নিয়ে এত বিতর্ক।
সরকারি দপ্তর থেকে বেসরকারি কোম্পানি
টেলিনরকে জন্ম দিয়েছে খোদ নরওয়ে রাষ্ট্র। আর তাদের জন্ম হয়েছিল টেলিকম জায়ান্ট হিসেবেই ১৮৫৫ সালে। যদিও তখন আধুনিক প্রযুক্তি ছিল টেলিগ্রাফ।
১৮৪৮ সালে নরওয়ের রয়্যাল নেভির ভেতরে দেশব্যাপী টেলিগ্রাফ লাইনের পরিকল্পনা করা হয়। ১৮৫২ সালে নরওয়ের সংসদ এই পরিকল্পনা জনসমক্ষে আনে। পুরো দেশে একটি সরকারি টেলিগ্রাফ নেটওয়ার্ক গড়ে তোলার জন্য তহবিল অনুমোদন করে সংসদ।

১৮৫৫ সালে ক্রিস্টিয়ানিয়া। অর্থাৎ বর্তমানের ওসলো শহর থেকে ড্রামেন এবং প্রতিবেশী দেশ সুইডেনের সাথে সংযোগ তৈরির মাধ্যমে এই সরকারি সংস্থার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। যাত্রার সময়ে তাদের নাম ছিল ‘টেলিগ্রাফভার্কেট’। ১৯৯৫ সালে শত বছর পুরনো এই প্রতিষ্ঠানের নতুন নাম হয় ‘টেলিনর’।
টেলিনরের নিজস্ব অফিশিয়াল নথিপত্রে ১৮৬৯ সালের ঐতিহাসিক ঘটনা উল্লেখ করে বলা হয়েছে, “Norway's Monopoly Act ensures the state exclusive rights on communication by telegraph line.”
অর্থাৎ, ১৮৬৯ সালের মনোপলি আইনের মাধ্যমে টেলিগ্রাফ লাইনে যোগাযোগের ক্ষেত্রে রাষ্ট্রের একচ্ছত্র অধিকার নিশ্চিত করা হয়েছিল। পরে ১৮৯৯ সালে আইনটি আরও শক্তিশালী করে পাস করা হয়। যা রাষ্ট্রকে টেলিফোন সেবা পরিচালনারও একক আইনি অধিকার দেয়।
সরকার একচেটিয়া আইনি অধিকার প্রয়োগ করতো নির্দিষ্ট সরকারি অধিদপ্তরের মাধ্যমে। এই অধিদপ্তরের নামই ছিল 'টেলিগ্রাফভার্কেট'।
এটি তখনো কোনো কোম্পানি ছিল না, ছিল ডাক বা রেল বিভাগের মতো সম্পূর্ণ সরকারি একটি বিভাগ। যার সব কর্মকর্তা-কর্মচারী ছিলেন সরকারি আমলা ও টেকনিশিয়ান।
নরওয়ের টেলিকম খাতের আইনি বিবর্তনের ইতিহাস বলছে, ১৯০১ সালের দিকে ‘টেলিগ্রাফ অ্যাক্ট’ আরও পরিমার্জিত রূপ পায়। যার মাধ্যমে দেশটির সমস্ত তারযুক্ত ও তারহীন যোগাযোগ রাষ্ট্রায়ত্ত মনোপলির অধীনে চলে যায়।
এই মনোপলি আইনটি এতটাই শক্তিশালী ছিল যে ১৯৯৮ সালের ১লা জানুয়ারি মুক্তবাজারের জন্য এটি আনুষ্ঠানিকভাবে বাতিল করার আগ পর্যন্ত কোনো বেসরকারি প্রতিষ্ঠান সেখানে ব্যবসা শুরু করতে পারেনি।

১৯৯৪ সালে নরওয়ে সরকার সিদ্ধান্ত নেয়, তারা এই সরকারি বিভাগটিকে আমলাতান্ত্রিক দপ্তর হিসাবে রাখবে না। বরং একটি বাণিজ্যিক করপোরেশনে রূপান্তর করবে। সেই সিদ্ধান্ত অনুযায়ী, ১লা জানুয়ারি ১৯৯৫ সালে এই ‘টেলিভার্কেট’ বিভাগটির নতুন বাণিজ্যিক নাম দেওয়া হয় ‘টেলিনর’।
যেহেতু আগের সরকারি বিভাগের সমস্ত নেটওয়ার্ক, তার, টাওয়ার এবং আইনি মনোপলি উত্তরাধিকার সূত্রে এই নতুন প্রতিষ্ঠানের কাছে চলে আসে, তাই ১৯৯৫ থেকে ১৯৯৭ সালের ৩১এ ডিসেম্বর পর্যন্ত টেলিনরই রাষ্ট্রীয় মনোপলির চূড়ান্ত সুবিধাভোগী হিসেবে দায়িত্ব পালন করে।
টেলিনরের মালিক এখন কে
২০০০ সালের ৪ঠা ডিসেম্বর টেলিনর অসলো স্টক এক্সচেঞ্জ এবং নিউইয়র্কের নাসডাকে তালিকাভুক্ত হয়। সে সময় এটি ছিল নরওয়ের ইতিহাসে সবচেয়ে বড় আইপিও। এই আইপিওতে টেলিনর ৩৭ কোটি ২০ লাখের বেশি শেয়ার বিক্রির জন্য ছাড়ে। শেয়ারের প্রাথমিক মূল্য নির্ধারণ করা হয়েছিল ৪২ নরওয়েজিয়ান ক্রোন।
আইপিওর পর টেলিনর কোম্পানিতে নরওয়ে সরকারের মালিকানা দাঁড়ায় ৭৯ শতাংশে। এ সময় টেলিনরের নতুন শেয়ারহোল্ডার হন ৫৫ হাজার মানুষ। তাদের মধ্যে ৫৩ হাজারই ছিলেন ব্যক্তি বিনিয়োগকারী। তাদের অধিকাংশই ছিলেন নরওয়ের নাগরিক।

টেলিনর এখনো অসলো স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত। তবে ২০০৭ সালে প্রতিষ্ঠানটি নাসডাক থেকে নিজেদের শেয়ার প্রত্যাহার করে নেয়। যুক্তরাষ্ট্রে নিয়ন্ত্রিত ওটিসি কিউএক্স বাজারে আমেরিকান ডিপোজিটরি রিসিপ্টসের মাধ্যমেও টেলিনরের শেয়ার লেনদেন করা সম্ভব।
২০২৬ সালের ২৭এ ফেব্রুয়ারি পর্যন্ত টেলিনরের প্রধান শেয়ারহোল্ডার নরওয়ে সরকার। প্রতিষ্ঠানটির মোট শেয়ারের ৫৩ দশমিক ৯৭ শতাংশ সরকারের মালিকানায়। নরওয়ের বাণিজ্য, শিল্প ও মৎস্য মন্ত্রণালয় সরকারের এই মালিকানা পরিচালনা করে।
নরওয়ে সরকার মনে করে, আংশিকভাবে রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানিগুলোর সুশাসনের নীতিমালা মেনে চলা উচিত।
কেন তারা ঢুকে পড়লো এশিয়ার বাজারে
নরওয়ের নিয়ন্ত্রিত বাজারে শত বছরের একচেটিয়া আধিপত্য হারানোর পর টেলিনরের চোখ পড়ে এশিয়ায়। নিজের ঘরের মনোপলির অবসান ঘটার আগের বছরগুলোতেই টেলিনর বুঝতে পেরেছিল নরওয়ের সাড়ে চার কোটি মানুষের বাজারে বসে থাকলে প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন। তাই তারা একটি সাহসী কৌশল নেয়।
ইউরোপের উন্নত বাজার বাদ দিয়ে তারা এমন সব উন্নয়নশীল দেশগুলোর দিকে নজর দেয়। এমন সব দেশে বিনিয়গের পরিকল্পনা করে যেখানে জনসংখ্যা বেশি কিন্তু মোবাইল ফোনের ব্যবহার সীমিত।
বাংলাদেশের বাজার দখল
আন্তর্জাতিক বাজারে টেলিনরের সবচেয়ে বড় এবং সফল জুয়া ছিল বাংলাদেশ। ১৯৯৬ সালে বাংলাদেশের তৎকালীন সরকার যখন টেলিকম খাতকে বেসরকারি লাইসেন্সের জন্য উন্মুক্ত করে, তখনই দৃশ্যপটে আসেন ড. মুহাম্মদ ইউনূস। তবে একটি নাম এখনও খুব একটা আলোচনায় আসে না।
তার আগে বলা জরুরি, টেলিনর লাইসেন্স পাওয়ার সময়ে অর্থাৎ গ্রামীণফোন প্রতিষ্ঠার শুরুতে অংশীদার ছিল ড. মুহাম্মদ ইউনূসের একটি অলাভজনক সহযোগী প্রতিষ্ঠান গ্রামীণ টেলিকম।
আরেকজন ব্যক্তির কথা বলছিলাম, ইকবাল কাদির।
কয়েকটি সূত্র বলছে উদ্যোক্তা ইকবাল কাদির প্রথম গণফোনের আইডিয়া নিয়ে ড. ইউনূসের সঙ্গে যোগাযোগ করেন। গ্রামীণফোন যখন লাইসেন্স পায়, তখন এটি ৪টি পক্ষের একটি যৌথ কনসোর্টিয়াম ছিল। এর মধ্যে ইকবাল কাদিরের নিজস্ব কোম্পানি ‘গণফোন ডেভেলপমেন্ট কর্পোরেশন’ ছিল শেয়ারহোল্ডার। সে সময় চার পার্টনারের মধ্যে তার শেয়ারের পরিমাণই ছিল সবচেয়ে কম। বাকি বড় শেয়ারগুলো ছিল টেলিনর, গ্রামীণ টেলিকম এবং জাপানের মারুবেনি করপোরেশনের কাছে।

হোয়ারটন ম্যাগাজিন ইকবাল কাদিরকে নিয়ে বলতে গিয়ে তাদের এক সংখ্যায় জানায়, “১৯৯৩ সালে এক বিকেলে কাজের সময় বিরক্তি থেকেই গ্রামীণফোনের ধারণাটি মাথায় আসে ইকবাল কাদিরের।”
যাইহোক, শেয়ার হোল্ডারদের মধ্যে টেলিনরের ছিল ৫১ শতাংশ, গ্রামীণ টেলিকমের ৩৫ শতাংশ, জাপানি প্রতিষ্ঠান মারুবেনি করপোরেশনের ৯ দশমিক পাচ শতাংশ এবং গণফোন ডেভেলপমেন্ট করপোরেশনের ৪ দশমিক ৫ শতাংশ।
১৯৯৭ সালে গ্রামীণফোন (Grameenphone) তার বাণিজ্যিক যাত্রা শুরু করে।
২০০৪ সালের এই দুটি সফল এক্সিট বা শেয়ার বিক্রির পরই গ্রামীণফোনের মূল পার্টনার হিসেবে শুধু টেলিনর এবং গ্রামীণ টেলিকম টিকে থাকে। পরে ২০০৯ সালে আইপিও (IPO)-র মাধ্যমে শেয়ার বাজারে সাধারণ জনগণের জন্য উন্মুক্ত করা হয়।
প্রতিষ্ঠানটি বাংলাদেশ হয়ে ওঠে টেলিনরের বৈশ্বিক সাম্রাজ্যের সবচেয়ে লাভজনক বাজার বা 'ক্যাশ কাউ'। কোটি কোটি গ্রাহকের এই দেশ থেকে প্রতি বছর হাজার হাজার কোটি টাকা লভ্যাংশ চলে যায় নরওয়েতে। বাংলাদেশের এই বিপুল সাফল্য দেখে টেলিনর তাদের ডানা বিস্তার করে ভারত, পাকিস্তান এবং মিয়ানমারে। কিন্তু ব্যবসা সব সময় সোজা পথে চলেনি।
তবে এই দেশগুলোতে তাদের অভিজ্ঞতা একদমই ভালো না। ভারত থেকে রীতিমতো ব্যবসা ছাড়তে টেলিনর বাধ্য হয়। মিয়ানমার থেকেও গুটিয়ে নিতে হয় ব্যবসা। আর সর্বশেষ পাকিস্তান ব্যবসা বিক্রি করে দিয়ে আসে।
ড. ইউনূস বনাম টেলিনর
বাংলাদেশের মাটিতে টেলিনর হয়েছে নানান বিতর্ক। এমনকি এই প্রতিষ্ঠানের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছিলেন খোদ ড. ইউনূস।
২০০৭ সালের ৩রা এপ্রিল বিবিসি প্রকাশিত একটি প্রতিবেদনের শিরোনাম ছিল “Bangladeshi phone row escalates”। ওই প্রতিবেদনে বলা হয়, ১৯৯৬-৯৭ সালে গ্রামীণফোন প্রতিষ্ঠার সময় ড. ইউনূসের মূল দর্শন ছিল ‘পল্লিফোন’ বা গ্রামীণ নারীদের হাতে মোবাইল তুলে দিয়ে তাদের স্বাবলম্বী করা।

প্রতিবেদনে বলা হয়, মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত গ্রামীণফোনে গ্রামীণ ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান গ্রামীণ টেলিকমের ৩৮ শতাংশ মালিকানা বাড়াতে চান।
গ্রামীণ টেলিকম টেলিনরের কাছ থেকে আরও ১৩ শতাংশ শেয়ার কিনতে ৪২ কোটি ৭০ লাখ ডলারের প্রস্তাব দেওয়ার কথাও বলা হয়। এই শেয়ার কেনা সম্ভব হলে প্রতিষ্ঠানটির নিয়ন্ত্রণ গ্রামীণ টেলিকমের হাতে চলে যাবে।
মুহাম্মদ ইউনূসের যুক্তি ছিল, এই উদ্যোগের মাধ্যমে গ্রামীণফোনের সামাজিক ব্যবসার মূল দর্শন অক্ষুণ্ন রাখা সম্ভব হবে। এর মধ্যে আছে গ্রামের বিভিন্ন স্থানে ফোন বুথ স্থাপন, যেখানে মানুষ স্বল্প খরচে মোবাইল ফোন ব্যবহার করতে পারেন।
প্রতিবেদনে আরও বলা হয়, টেলিনরের বিরুদ্ধে ড. ইউনূস ১৯৯৬ সালের একটি চুক্তি ভঙ্গের অভিযোগ করেছেন। তার দাবি, ওই চুক্তি অনুযায়ী ২০০২ সালে টেলিনরের গ্রামীণফোনের নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়ার কথা ছিল।
এমনকি অসলোতে এক বক্তব্যে মুহাম্মদ ইউনূস টেলিনরের অবস্থানে হতাশা প্রকাশ করেন। তিনি বলেছিলেন, মোবাইল ফোনের মালিকানা বাড়ানোর পাশাপাশি এর সামাজিক ও সাংস্কৃতিক সুফল নিশ্চিত করার দিকেও টেলিনরের মনোযোগ দেওয়া উচিত।
অন্যদিকে বিবিসির প্রতিবেদনে টেলিনর জানিয়েছে, তারা গ্রামীণফোনের কিছু শেয়ার বাংলাদেশের পুঁজিবাজারে ছাড়তে চায়। তবে তাদের অংশীদার মুহাম্মদ ইউনূসের কাছে নিজেদের ৬২ শতাংশ মালিকানার একটি অংশ বিক্রি করার দাবি তারা প্রত্যাখ্যান করেছে।
টেলিনর দাবি করেছিল, গ্রামীণফোনের ভবিষ্যৎ মালিকানা নিয়ে কোনো আইনগত চুক্তি ছিল না।
প্রতিষ্ঠানটি আরও দাবি করেছে, ২০০১ থেকে ২০০৩ সালের মধ্যে গ্রামীণফোনের উন্নয়নে টেলিনর উল্লেখযোগ্য বিনিয়োগ না করলে কোম্পানিটির এত দ্রুত প্রবৃদ্ধি সম্ভব হতো না।
টেলিনরের পরিকল্পনা ছিল, পুঁজিবাজারে শেয়ার ছাড়লে আরও বেশি বাংলাদেশি গ্রামীণফোনের সাফল্যের অংশীদার হতে পারবেন।
তারা দাবি করেছিল, এর মাধ্যমে দরিদ্র মানুষের জন্য নতুন ও প্রয়োজনীয় সেবা চালুর অর্থায়নও সম্ভব হবে। যেমন, মোবাইল ফোনের মাধ্যমে চিকিৎসা ও আর্থিক বিষয়ে তথ্য সরবরাহ।
টেলিনরের উপপ্রধান নির্বাহী কর্মকর্তা আর্ভে ইয়োহানসেন বিবিসিকে বলেছিলেন, “কোম্পানিটির পরিচালনার দায়িত্ব নিজেদের হাতে রাখার পেছনে টেলিনরের সুস্পষ্ট কারণ আছে। অত্যন্ত প্রতিযোগিতামূলক বাজারে কোম্পানিটির ভবিষ্যৎ উন্নয়নের জন্য একজন পেশাদার প্রতিষ্ঠানের পরিচালনায় থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

২০০৮ সালের ৫ই সেপ্টেম্বর ডেইলি স্টারে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, এ ঘটনায় ড. ইউনূস টেলিকম অপারেটর টেলিনরকে বাধ্য করতে আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে।
প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, টেলিনরের বিরুদ্ধে অবৈধ ইন্টারনেট টেলিফোনি সার্ভিস ব্যবসায় জড়িত থাকার অভিযোগ আছে। এ ছাড়া প্রতিষ্ঠানটির সাব-কন্ট্রাক্টরদের বিরুদ্ধে পরিবেশ আইন লঙ্ঘন এবং শিশুদের শ্রমিক হিসাবে নিয়োগের অভিযোগও উঠেছিল।
এসব অভিযোগের বিষয়ে পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করতে টেলিনরের প্রতি আহ্বান জানিয়েছিলেন মুহাম্মদ ইউনূস। তিনি তদন্ত প্রতিবেদন ও শেয়ারহোল্ডারদের মধ্যকার চুক্তি প্রকাশেরও দাবি করেছিলেন।
গ্রামীণফোন নিয়ে মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিরোধের একটি বন্ধুত্বপূর্ণ সমাধান হবে বলে আশা প্রকাশও করেছিল টেলিনর। সংবাদ সংস্থাগুলোর বরাতে জানা যায়, প্রতিষ্ঠানটি গ্রামীণফোনকে ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত করতে চায়।
নোবেলজয়ী ইউনূসও আশা করছিলেন, শেষ পর্যন্ত আইনি পদক্ষেপ নেওয়ার প্রয়োজন হবে না। কারণ তিনি মনে করতেন ১৯৯৬ সালে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে বাধ্য করবেন টেলিনরের মালিকরা।
ইউনূস তখন গণমাধ্যমে বলেছিলেন, “এই বিরোধের শেষ পরিণতি নিয়ে আমি অত্যন্ত আশাবাদী। কারণ, বিষয়টি মূলত নরওয়ের জনগণের হাতে। তাদের আমি চিনেছি এবং বিশ্বাস করতে শিখেছি। ব্যবসায়িক নৈতিকতার ক্ষেত্রে নরওয়ের জনগণ অত্যন্ত উচ্চ মান বজায় রাখেন। আর তারাই টেলিনরের সংখ্যাগরিষ্ঠ মালিক।”
গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারের পরিপ্রেক্ষিতে প্রকাশিত ওই বিবৃতিতে ১৯৯৬ সালের চুক্তির বিষয়টিও তুলে ধরেন ইউনূস।
তিনি বলেন, টেলিনর ও গ্রামীণ টেলিকমের মধ্যে চুক্তি হয়েছিল, ছয় বছরের মধ্যে যৌথ প্রতিষ্ঠানটি স্থানীয়ভাবে পরিচালিত হবে। সেখানে বাংলাদেশি ব্যবস্থাপনা থাকবে এবং সংখ্যাগরিষ্ঠ মালিকানা থাকবে বাংলাদেশিদের হাতে।
ইউনূসের বক্তব্য ছিল, শুরু থেকেই গ্রামীণফোনের ব্যবস্থাপনার দায়িত্ব টেলিনরের হাতে আছে। টেলিনরের লক্ষ্য হলো নিজেদের মালিকদের স্বার্থে সর্বোচ্চ মুনাফা অর্জন করা। অন্যদিকে, গ্রামীণ টেলিকমের লক্ষ্য সামাজিক উন্নয়ন ও অলাভজনক কার্যক্রম। অর্থাৎ দুই প্রতিষ্ঠানের উদ্দেশ্যের মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে।
তিনি বলেন, “আমরা যখন অংশীদার হয়েছিলাম, তখন টেলিনর এসব বিষয় জানত। আমরা আশা করেছিলাম, আমাদের অংশগ্রহণ রয়েছে এমন যেকোনো প্রতিষ্ঠান বা সংস্থায় কঠোর ব্যবসায়িক নৈতিকতা অনুসরণ করা হবে। অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে আমরা আমাদের অংশীদারদের বক্তব্যের ওপর নির্ভর করি।”
এই দ্বন্দ্ব খুব বেশি গড়ানোর ইতিহাসও পাওয়া যায় না। উভয়পক্ষ আদালতে যাওয়ার কথা বললেও কেউই শেষ পর্যন্ত যায়নি। বরং দুই পক্ষের আলোচনার পর তারা যৌথ বিবৃতি দেয়। সেখানে তারা অভ্যন্তরীণ মতবিরোধ সরিয়ে রেখে কোম্পানির স্বার্থে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করে।
গ্রামীণ টেলিকমের কাছে শেয়ার বিক্রি করার বদলে টেলিনর তাদের পরিকল্পনা অনুযায়ী গ্রামীণফোনকে পুঁজিবাজারে নিয়ে আসার সিদ্ধান্ত বাস্তবায়ন করে। ২০০৯ সালের অক্টোবরে আইপিও-র মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ শেয়ার ছাড়া হয়। ২০০৯ সালের ১৬ই নভেম্বর ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গ্রামীণফোনের শেয়ার লেনদেন শুরু হয়।
প্রভাব খাটিয়ে ড. ইউনূসকে নোবেল পাইয়ে দেওয়ার তত্ত্ব
২০০৬ সালের ১৩ই অক্টোবর ড. মুহাম্মদ ইউনূস এবং গ্রামীণ ব্যাংক যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার পান। নরওয়েজিয়ান নোবেল কমিটির আনুষ্ঠানিক ঘোষণা অনুযায়ী, ক্ষুদ্রঋণের মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে দারিদ্র্য দূরীকরণ এবং অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের সুযোগ তৈরির স্বীকৃতিস্বরূপ তাদের এই পুরস্কার দেওয়া হয়।

অভিযোগে অনেকে দাবি করেন, টেলিনর প্রভাব খাটিয়ে ড. ইউনূসকে নোবেল পুরস্কার এনে দিয়েছে। প্রচলিত দাবির পক্ষে যুক্তি হলো, গ্রামীণফোনের ৬২ শতাংশ শেয়ারের মালিকানা টেলিনরের হাতে ছেড়ে দেওয়ার বিনিময়ে নরওয়ে সরকার ও টেলিনর ড. মুহাম্মদ ইউনূসকে নোবেল শান্তি পুরস্কার পাইয়ে দিয়েছিল।
বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন এবং সামাজিক মাধ্যমে এই তত্ত্বটিই বেশি প্রচার হয়ে আসছে। অভিযোগে বলা হয়, ড. ইউনূস তখন টেলিনরের সাথে একটি গোপন সমঝোতা করেন—টেলিনর যদি তাকে নোবেল শান্তি পুরস্কার পাইয়ে দেওয়ার ব্যবস্থা করে, তবে তিনি গ্রামীণফোনের সংখ্যাগরিষ্ঠ মালিকানা আর দাবি করবেন না এবং টেলিনরকে বাংলাদেশে ব্যবসা চালিয়ে যেতে দেবেন।
আর এই সমঝোতার পর নরওয়ে সরকারের প্রভাব খাটানোর দাবিও করা হয় এসব তত্ত্বে। যুক্তি হলো, যেহেতু টেলিনর একটি নরওয়েজিয়ান রাষ্ট্রায়ত্ত কোম্পানি এবং নোবেল শান্তি পুরস্কারও নরওয়ে থেকেই দেওয়া হয়। তাই টেলিনর নরওয়ে সরকারের শীর্ষ মহল ও নোবেল কমিটির ওপর প্রভাব খাটিয়ে ২০০৬ সালে ড. ইউনূসের জন্য পুরস্কারটি নিশ্চিত করে।
এই তত্ত্বের আরেকটি অংশ হলো, ড. ইউনূস ছিলেন একজন অর্থনীতিবিদ ও ব্যাংকার। তার পুরস্কার পাওয়ার কথা ছিল অর্থনীতিতে। যে নোবেলটি দেওয়া হয় সুইডেন থেকে। কিন্তু সুইডেনে প্রভাব খাটানো সম্ভব না হওয়ায় টেলিনর ও নরওয়ে সরকার নিজেদের নিয়ন্ত্রণে থাকা 'শান্তি পুরস্কার' তাকে পাইয়ে দেয়।
কিন্তু এই তত্ত্বের পক্ষে শক্ত কোনো যুক্তি বা নথি পাওয়া যায় না। এছাড়াও নোবেল পাওয়া এবং টেলিনরের সঙ্গে দ্বন্দ্বের ঘটনাক্রম দেখলে এসব যুক্তির ভিত্তি পাওয়া যায় না।

ড. ইউনূস ২০০৬ সালে নোবেল পুরস্কার পান, অথচ টেলিনরের সাথে তার মালিকানা নিয়ে প্রকাশ্য এবং সবচেয়ে তীব্র দ্বন্দ্বটি চরমে পৌঁছায় ২০০৭ ও ২০০৮ সালে। নোবেল পাওয়ার পর তিনি বরং আন্তর্জাতিকভাবে আরও জোরালোভাবে টেলিনরের ব্যবসায়িক নীতি ও চুক্তি ভঙ্গের বিরুদ্ধে কথা বলেছিলেন। টেলিনর তাকে পুরস্কার পাইয়ে দিলে বা এ নিয়ে কোনো গোপন সমঝোতা হলে নোবেল পাওয়ার পর তিনি টেলিনরের বিরুদ্ধে মামলা করার কথা বলতেন না।
এছাড়াও নরওয়েজিয়ান সংসদ কর্তৃক নিযুক্ত ৫ সদস্যের একটি স্বাধীন কমিটি নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীতদের যাচাই-বাছাই করে। কোনো বাণিজ্যিক কোম্পানি বা সরকারের পক্ষে এই কমিটির সিদ্ধান্ত প্রভাবিত করা বা পুরস্কার ‘কিনে দেওয়া’ সম্ভব নয়।
এছাড়াও ২০১১ সালের ৩রা সেপ্টেম্বর ডেইলি স্টারে উইকিলিকসের ফাঁস করা মার্কিন কূটনৈতিক বার্তা প্রকাশ হয়। সেখানেও এ ধরনের কোনো তথ্য পাওয়া যায় না। বরং উইকিলিকসের ফাঁস করা তথ্যে দেখা যায়, ড. ইউনূস তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিরোধ মেটাতে চেয়েছিলেন।
উইকিলিকসের ফাঁস করা কূটনৈতিক বার্তায় বলা হয়, গ্রামীণ ব্যাংক ও তার বিভিন্ন উদ্যোগ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভুল বোঝাবুঝির অবসান ঘটাতে চেয়েছিলেন নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস। কিন্তু জরুরি অনুরোধ জানানোর পরও তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় পাননি।
২০০৯ সালের ১২ই অগাস্ট পাঠানো এক কূটনৈতিক বার্তায় ঢাকায় তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি এ তথ্য জানান। তিনি বলেন, ৯ই অগাস্ট নোবেলজয়ী অধ্যাপক ইউনূসের সঙ্গে তার সাক্ষাৎ হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেনশিয়াল মেডেল অব ফ্রিডম পাওয়ায় তাকে অভিনন্দন জানাতেই এ সাক্ষাৎ করেন রাষ্ট্রদূত।
সাক্ষাতে ইউনূস জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে তার টানাপোড়েন অব্যাহত আছে। তবে ভুল বোঝাবুঝি দূর করতে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার আশা করছেন। ইউনূস বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে এই দূরত্ব সরকারের সঙ্গে গ্রামীণ ব্যাংকের কাজ করার প্রচেষ্টাকে জটিল করে তুলছে।
ভারত জয়, শেষে পরাজয়
ভারতে ২০১২ সালে দেশটির সুপ্রিম কোর্ট টু-জি স্পেকট্রাম কেলেঙ্কারির কারণে টেলিনরের ২২টি লাইসেন্স বাতিল করে দেয়। ২০১২ সালের ২রা ফেব্রুয়ারি বিবিসির একটি প্রতিবেদন বলছে, ভারতের ২০০৮ সালে বিভিন্ন কোম্পানিকে দেওয়া ১২২টি টেলিযোগাযোগ লাইসেন্স বাতিল করেছে দেশটির সুপ্রিম কোর্ট।

সাবেক টেলিযোগাযোগমন্ত্রী এ রাজা এসব লাইসেন্স দিয়েছিলেন। তার বিরুদ্ধে কম দামে টেলিকম ব্যান্ডউইথ বিক্রির অভিযোগও রয়েছে বলে বিবিসির প্রতিবেদনে দাবি করা হয়। একইসঙ্গে এই ঘটনাকে ভারতের ইতিহাসের সবচেয়ে বড় দুর্নীতির কেলেঙ্কারিগুলোর একটি বলা হয়। সরকারি নিরীক্ষকদের দাবি ছিল, এই দুর্নীতির কারণে দেশটির প্রায় ৪০ বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, আদালতের আদেশে ক্ষতিগ্রস্ত কোম্পানিগুলোর মধ্যে ছিল লুপ, ভিডিয়োকন, আইডিয়া সেলুলার, টাটা টেলিকম, ইউনিনর ও সোয়ান।
ইউনিনরই ছিল নরওয়ে টেলিনরের ভারতীয় যৌথ উদ্যোগ। ওই সময় বিবিসিকে টেলিনরের প্রেসিডেন্ট জন ফ্রেডরিক বাকসাস বলেছিলেন, ভারতে টেলিনরের ৩ কোটি গ্রাহক আছে। চার মাসের মধ্যে তারা মোবাইল সংযোগ হারানোর ঝুঁকিতে পড়ে গেলেন। তিনি এও বলেছিলেন, এই পরিস্থিতি খারাপের দিকে গেলে ভারতে টেলিনরের ব্যবসার সমাপ্তি ঘটবে।
২০১৭ সালের ২৩এ ফেব্রুয়ারি টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানানো হয়, নরওয়ের টেলিযোগাযোগ প্রতিষ্ঠান টেলিনর গ্রুপ ভারতের মোবাইল ফোনের বাজার থেকে নিজেদের ব্যবসা গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। প্রতিষ্ঠানটি ভারতের টেলিযোগাযোগ ব্যবসা ভারতীয় এয়ারটেলের কাছে বিক্রি করবে।
ভারতের বাজারে তীব্র প্রতিযোগিতার কারণে টেলিনর এই সিদ্ধান্ত নিয়েছে বলেও জানায় ‘টাইমস অব ইন্ডিয়া’। বিশেষ করে মুকেশ আম্বানির রিলায়েন্স জিও বাজারে প্রবেশের পর প্রতিযোগিতা বেড়ে যায়। টেলিনরের ভারতে প্রায় ৪ কোটি ৪০ লাখ গ্রাহক ছিল। অন্ধ্রপ্রদেশ, বিহার, মহারাষ্ট্র, গুজরাট, উত্তর প্রদেশের পূর্ব ও পশ্চিমাঞ্চল এবং আসাম—এই সাতটি টেলিকম সার্কেলে প্রতিষ্ঠানটির কার্যক্রম ছিল।
এয়ারটেল তাদের বিবৃতিতে ২০১৭ সালে জানায়, চুক্তির আওতায় টেলিনর ইন্ডিয়ার সব সম্পদ ও গ্রাহক তাদের কাছে হস্তান্তর করবে। এয়ারটেলের গ্রাহকসংখ্যা ও নেটওয়ার্ক আরও সম্প্রসারিত হবে। পাশাপাশি ১৮০০ মেগাহার্টজ ব্যান্ডে ৪৩ দশমিক ৪ মেগাহার্টজ স্পেকট্রাম যুক্ত হবে।

টেলিনর গ্রুপের তৎকালীন প্রধান নির্বাহী সিগভে ব্রেক্কে টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ভারত ছাড়ার সিদ্ধান্ত সহজে নেওয়া হয়নি। তবে এককভাবে ভারতে ব্যবসা চালিয়ে যেতে যে বিপুল বিনিয়োগ প্রয়োজন, তার বিপরীতে প্রত্যাশিত মুনাফা পাওয়া সম্ভব হবে না বলে তাদের ধারণা।
মূল বিষয় হলো, লোকসান, স্পেকট্রামের চড়া দাম এবং মুকেশ আম্বানির জিও’র ফ্রি ডেটার আগ্রাসী প্রতিযোগিতায় টিকতে না পেরে ২০১৭ সালে টেলিনর তাদের পুরো ভারতীয় ব্যবসা কোনো লাভ ছাড়াই এয়ারটেলের কাছে বিক্রি করে ভারত ছাড়তে বাধ্য হয়।
পাকিস্তানেও ব্যবসা বিক্রি
টেলিনর গ্রুপ ২৯১ মিলিয়ন মার্কিন ডলারে ২০০৪ সালের ১৪ই এপ্রিল পাকিস্তান টেলিকমিউনিকেশন অথরিটি (পিটিএ)-এর কাছ থেকে জিএসএম মোবাইল অপারেটর হিসাবে লাইসেন্স পায়। ইসলামাবাদে তারা ‘টেলিনর পাকিস্তান’ শুরু করে। নরওয়ের বাইরে এটিই ছিল টেলিনরের প্রথম শতভাগ নিজস্ব মালিকানাধীন প্রতিষ্ঠান।
লাইসেন্স পাওয়ার পর শুরু হয় অবকাঠামো নির্মাণ। ২০০৫ সালের ১৫ই মার্চ পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ ও নরওয়ের প্রধানমন্ত্রী শেল মাগনে বন্ডেভিকের মধ্যে ফোনালাপের মাধ্যমে ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি ও করাচিতে টেলিনরের বাণিজ্যিক নেটওয়ার্ক আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়।
নেটওয়ার্ক নির্মাণ, কর্মপরিবেশ, কর্মীদের ব্যবস্থাপনা এবং গ্রাহকসেবায় আন্তর্জাতিক মানদণ্ড নিয়ে শুরু হয় টেলিনর পাকিস্তান।

শুধু টেলিযোগাযোগ সেবায় আটকে না থেকে ডিজিটাল ও আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতেও বিভিন্ন কর্মসূচি নিয়েছিল প্রতিষ্ঠানটি। এর মধ্যে রয়েছে ডিজিটাল জন্মনিবন্ধন, ওপেন মাইন্ড পাকিস্তান এবং খুশাল ওয়াতান। এসব উদ্যোগের মাধ্যমে বিভিন্ন জনগোষ্ঠীর ক্ষমতায়ন, পরিচয় নিবন্ধনের সুযোগ এবং অন্তর্ভুক্তিমূলক কর্মসংস্থান এগিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে।
দেশটির ৮০ শতাংশের বেশি জনগোষ্ঠীর কাছে নেটওয়ার্ক পৌঁছে দিয়েছে টেলিনর। প্রতিষ্ঠানটির গ্রাহকসংখ্যা হয় ৪ কোটি ২০ লাখের বেশি।
পাকিস্তানেও তীব্র প্রতিযোগিতা এবং মুদ্রার অবমূল্যায়নের কারণে ব্যবসা ধরে রাখা কঠিন হয়ে পড়ায় ২০২৩ সালের শেষে 'টেলিনর পাকিস্তান' দেশটির সরকারি কোম্পানি পিটিসিএল (PTCL)-এর কাছে বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেয়।
২০২৬ সালের জানুয়ারিতে এই বিক্রয়প্রক্রিয়া শেষ হয়।
মিয়ানমার ট্র্যাজেডি
২০১১ সাল থেকে মিয়ানমার গণতান্ত্রিক সংস্কার শুরু হয়। তখন টেলিনরের চোখ পড়ে মিয়ানমারে। সেই সংস্কারের অংশ হিসেবেই ২০১৩ সালে তারা বিদেশি টেলিযোগাযোগ কোম্পানিগুলোর জন্য বাজার উন্মুক্ত করে।
মিয়ানমার সরকারের সঙ্গে দেশজুড়ে টেলিযোগাযোগ সেবা চালুর জন্য ১৫ বছর মেয়াদি লাইসেন্স চুক্তি করেছিল টেলিনর। লাইসেন্সের আওতায় ৯০০ মেগাহার্টজ ও ২ দশমিক ১ গিগাহার্টজ ব্যান্ডের স্পেকট্রাম ব্যবহারের অনুমতি পেয়েছিল প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটির লক্ষ্য ছিল দেশটির মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে সহজলভ্য মোবাইল যোগাযোগসেবা পৌঁছে দেওয়া।

টেলিনর গ্রুপের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা জন ফ্রেডরিক বাকসাস বলেন, ‘মিয়ানমারের মানুষ বিশ্বমানের মোবাইল সেবা পাওয়ার জন্য প্রস্তুত। আর টেলিনর সেই সেবা দিতে প্রস্তুত।’
প্রায় ৬ কোটি মানুষের দেশ মিয়ানমারে তখন ১০ শতাংশেরও কম মানুষের মোবাইল সেবা ব্যবহারের সুযোগ ছিল। এ কারণে এশিয়ায় টেলিনরের জন্য দেশটি একটি সম্ভাবনাময় বাজার হিসাবে বিবেচিত হচ্ছিল।
মিয়ানমারে টেলিযোগাযোগ লাইসেন্স দেওয়ার প্রক্রিয়ায় ৯১টির বেশি প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করেছিল। ২০১৩ সালের ২৭এ জুন সফল আবেদনকারীদের নাম ঘোষণার পর লাইসেন্সের নীতিমালা চূড়ান্ত করতে সরকারের সঙ্গে আলোচনা শুরু করে টেলিনর। ২০১৪ সালের ২৭ সেপ্টেম্বর মান্দালয় শহরে প্রথম বাণিজ্যিকভাবে তাদের নেটওয়ার্ক সচল হয়।
২০২১ সালের ফেব্রুয়ারিতে মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর পরিবর্তিত পরিস্থিতির কারণে টেলিনর গ্রুপ দেশটি থেকে তাদের ব্যবসা গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়। কোম্পানির নিজস্ব আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিগুলো বিশ্লেষণ করলে পুরো প্রক্রিয়াটির তিনটি প্রধান ধাপ পাওয়া যায়
প্রথমত ২০২১ সালের ৭ই জুলাই টেলিনর গ্রুপ আনুষ্ঠানিকভাবে জানায়, তারা 'টেলিনর মিয়ানমার'-এর ১০০ শতাংশ মালিকানা লেবাননভিত্তিক বিনিয়োগ প্রতিষ্ঠান এম১ গ্রুপ-এর কাছে বিক্রি করতে সম্মত হয়েছে। বিক্রির মোট মূল্য নির্ধারণ করা হয় ১০৫ মিলিয়ন মার্কিন ডলার, যার মধ্যে ৫০ মিলিয়ন ডলার তাৎক্ষণিক এবং বাকি ৫৫ মিলিয়ন ডলার পরবর্তী ৫ বছরে পরিশোধের শর্ত রাখা হয়।

টেলিনরের প্রেসিডেন্ট ও সিইও সিগভে ব্রেক্কে এক বিবৃতিতে জানান, কর্মীদের নিরাপত্তা, নিয়ন্ত্রক সংস্থার চাপ এবং আইনি ও নৈতিক বাধ্যবাধকতা মেনে চলার ক্ষেত্রে মিয়ানমারের পরিস্থিতি ক্রমাগত চ্যালেঞ্জিং হয়ে পড়ায় ব্যবসা বিক্রি করে দেওয়াই ছিল একমাত্র বাস্তবসম্মত সমাধান।
দ্বিতীয়ত, ২০২২ সালের ১৭ই মার্চ চুক্তির প্রায় আট মাস পর মিয়ানমার ইনভেস্টমেন্ট কমিশন এই বিক্রির চূড়ান্ত অনুমোদন দেয়। তবে অনুমোদনের ক্ষেত্রে জান্তা সরকার শর্ত জুড়ে দিয়ে জানায়, মালিকানা হস্তান্তরের পর এম১ গ্রুপের সাথে মিয়ানমারের কোনো স্থানীয় অংশীদার থাকতে হবে।
টেলিনর স্পষ্ট করে জানায়, তাদের বিক্রয় চুক্তিটি কেবল এম১ গ্রুপের সাথেই হয়েছে। তবে নিয়ন্ত্রক সংস্থার শর্ত পূরণে এম১ গ্রুপ সিঙ্গাপুরে নিবন্ধিত তাদের প্রতিষ্ঠান 'ইনভেস্টকম'-এর ৪৯ শতাংশ শেয়ার মিয়ানমারের স্থানীয় প্রতিষ্ঠান শ্বে বাইন ফিউ-এর কাছে হস্তান্তর করে এবং চূড়ান্ত লেনদেনের পর আরও ৩১ শতাংশ শেয়ার তাদের কাছে বিক্রির সিদ্ধান্ত নেয়।
সর্বশেষ ২০২২ সালের ২৪এ মার্চ টেলিনর এক সংক্ষিপ্ত ঘোষণায় জানায়, তারা 'টেলিনর মিয়ানমার'-এর বিক্রয় প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে সম্পন্ন করেছে। চুক্তি অনুযায়ী তারা প্রথম কিস্তির ৫০ মিলিয়ন ডলার বুঝে পায় এবং এর মধ্য দিয়ে মিয়ানমারে টেলিনরের প্রায় আট বছরের যাত্রার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ
২০২৬ সালের ১৫ই সেপ্টেম্বর নরওয়ের পুলিশ ও নিরাপত্তা সংস্থাগুলো অসলোতে টেলিনরের প্রধান কার্যালয়ে অভিযান চালায়। বহুজাতিক টেলিযোগাযোগ প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মিয়ানমারে মানবতাবিরোধী অপরাধে সহায়তা এবং নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগ আনা হয়।

২০২১ সালের ফেব্রুয়ারিতে মিয়ানমারে সামরিক অভ্যুত্থানে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার ক্ষমতাচ্যুত হয়। এর পরিপ্রেক্ষিতে ২০২২ সালের মার্চে দেশটিতে নিজেদের সহযোগী প্রতিষ্ঠান বিক্রি করে টেলিনর।
২০২৫ সালের অগাস্টে নরওয়ের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনআরকে এক অনুসন্ধানী প্রতিবেদনে জানায়, মিয়ানমার ছাড়ার আগে সামরিক জান্তার অনুরোধে গ্রাহকদের ব্যক্তিগত তথ্য দিয়েছিল টেলিনর। কলের রেকর্ড ও অবস্থানসংক্রান্ত তথ্য ব্যবহার করে সামরিক বাহিনী গণতন্ত্রপন্থী কর্মীদের শনাক্ত, আটক ও হত্যা করে থাকতে পারে।
নিহতদের মধ্যে ছিলেন গণতন্ত্রকর্মী কো জিমি। ২০২২ সালের জুলাইয়ে তাকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এ ছাড়া নজরদারির সরঞ্জাম হস্তান্তরের মাধ্যমে নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগও রয়েছে টেলিনরের বিরুদ্ধে।
টেলিনর যখন মিয়ানমারের ব্যবসা বিক্রির প্রস্তুতি নিচ্ছিল, তখন নাগরিক সমাজের সংগঠনগুলো ঝুঁকির বিষয়ে সতর্ক করেছিল। প্রতিষ্ঠানটি তাদের সহযোগী কোম্পানি বিক্রি করতে চেয়েছিল একটি যৌথ উদ্যোগের কাছে। এতে ছিল লেবাননের একটি গোষ্ঠী এবং বার্মিজ উদ্যোক্তা থেইন উইন জাও। তাঁর সঙ্গে সামরিক বাহিনীর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে অভিযোগ রয়েছে।
বিক্রির পরও টেলিনরের জবাবদিহি নিশ্চিত করার চেষ্টা অব্যাহত রেখেছে বিভিন্ন সংগঠন। গোপনে কাজ করা কর্মী সংগঠন জাস্টিস ফর মিয়ানমার আন্তর্জাতিক আইনজীবী সংগঠন ইন্টারন্যাশনাল কমিশন অব জুরিস্টসের (আইসিজে) সঙ্গে মিলে টেলিনরের ভূমিকার নথিপত্র সংগ্রহ করে।

২০২৪ সালের ডিসেম্বর এবং ২০২৫ সালের অক্টোবরে তারা নরওয়ের পুলিশের কাছে অভিযোগ দায়ের করে।
এ ছাড়া ২০২৫ সালের অক্টোবরে নাগরিক সমাজের কয়েকটি সংগঠন টেলিনরের বিরুদ্ধে মামলা করে। নেদারল্যান্ডসভিত্তিক সেন্টার ফর রিসার্চ অন মাল্টিন্যাশনাল করপোরেশনস এই উদ্যোগের সমন্বয় করে। মামলায় অভিযোগ করা হয়, টেলিনর ১ হাজার ২০০ জনের বেশি মানুষের তথ্য সামরিক বাহিনীর কাছে হস্তান্তর করেছে।
অন্যদিকে, বহুজাতিক প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যবসা পরিচালনা বিষয়ে অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার (ওইসিডি) নির্দেশনাও লঙ্ঘন করেছে বলে অভিযোগ উঠেছে টেলিনরের বিরুদ্ধে।
আন্তর্জাতিক সহযোগিতায় টিকে আছে জান্তা
টেলিনরের বিরুদ্ধে এই অভিযোগ মিয়ানমারের সামরিক জান্তাকে টিকিয়ে রাখতে বিভিন্ন দেশের সরকার ও বিদেশি প্রতিষ্ঠানের ভূমিকার বিষয়টিও সামনে এনেছে। এসব সহযোগিতা দেশটিতে যুদ্ধ চালিয়ে যেতে সহায়তা করছে।
অভ্যুত্থানের পর বিশ্বের প্রায় সব দেশ মিয়ানমারের সামরিক শাসকদের স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানায়। নির্বাসনে থাকা জাতীয় ঐক্য সরকারকে (এনইউজি) দেশটির বৈধ প্রতিনিধি হিসেবে বিবেচনা করতে থাকে তারা।
তবে পরে কয়েকটি কর্তৃত্ববাদী রাষ্ট্র জান্তার প্রতি সমর্থন জানায়। এ ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে রয়েছে রাশিয়া। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মিয়ানমারের জান্তাপ্রধান মিন অং হ্লাইংকে একাধিকবার মস্কো সফরের আমন্ত্রণ জানান।
চীন, ভারত, সিঙ্গাপুর ও থাইল্যান্ডও রাশিয়ার সঙ্গে মিলে মিয়ানমারে অস্ত্র সরবরাহ করেছে।
চীনের বেশ কয়েকটি প্রতিষ্ঠান সামরিক জান্তার সঙ্গে কাজ করছে। এর মধ্যে রয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান জিজ নেটওয়ার্কস। চীনা রাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা প্রতিষ্ঠানটি অনলাইন নজরদারিতে বিশেষজ্ঞ।
জাস্টিস ফর মিয়ানমার প্রকাশ করেছে, প্রতিষ্ঠানটি কীভাবে সামরিক বাহিনীকে চীনের ‘গ্রেট ফায়ারওয়াল’-এর আদলে একটি ব্যবস্থা গড়ে তুলতে সহায়তা করছে। এর মাধ্যমে ইন্টারনেট ব্যবহার নিয়ন্ত্রণ, ব্যবহারকারীদের তথ্য সংগ্রহ এবং ভিন্নমতাবলম্বীদের শনাক্ত ও অনুসরণ করা সম্ভব।
মিয়ানমারের সামরিক জান্তা টেলিনরসহ সব অপারেটরকে নির্দেশ দেয়, তাদের নেটওয়ার্কের প্রতিটি গ্রাহকের ঐতিহাসিক ট্রাফিক ডেটা, কল রেকর্ড, রিয়েল-টাইম লোকেশন এবং কার কার সাথে যোগাযোগ হচ্ছে— সেই সব সংবেদনশীল তথ্য মিলিটারির সার্ভারে সরাসরি পাঠাতে হবে। শুধু তাই নয়, গ্রাহকদের ওপর সার্বক্ষণিক নজরদারি করার জন্য বিশেষ স্পাইওয়্যার বা নজরদারি প্রযুক্তি স্থাপনেরও নির্দেশ দেওয়া হয়।
এখানেই তৈরি হয় নৈতিকতার চরম সংকট। নরওয়ের আইন এবং আন্তর্জাতিক মানবাধিকারের মূল নীতি অনুযায়ী, কোনো গ্রাহকের তথ্য এভাবে আদালতের পরোয়ানা ছাড়া কোনো সামরিক সরকারের হাতে তুলে দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। টেলিনর শুরুতে কিছুটা আপত্তি জানালেও, শেষ পর্যন্ত জান্তার চাপের কাছে নতি স্বীকার করে। নরওয়েজিয়ান পুলিশের সাম্প্রতিক চার্জশিটে বলা হয়েছে— টেলিনর মিয়ানমার জান্তা সরকারের কাছে বারবার তাদের গ্রাহকদের সংবেদনশীল তথ্য হস্তান্তর করেছে, ঠিক যখন সেই জান্তা বাহিনী সাধারণ নাগরিকদের ওপর গণহত্যা, নির্বিচার গ্রেপ্তার এবং নির্যাতন চালাচ্ছিল।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর তদন্তে দেখা গেছে, টেলিনরের দেওয়া সেই লোকেশন ডাটা এবং কল রেকর্ড ব্যবহার করে মিয়ানমারের মিলিটারি রাতের অন্ধকারে গণতন্ত্রকামী কর্মীদের বাড়ি থেকে তুলে নিয়ে গেছে, যাদের অনেককে পরবর্তীতে নির্যাতন করে মেরে ফেলা হয়েছে।
একটি কোম্পানি যখন কোনো দেশে ব্যবসা করতে যায়, তখন তার প্রথম এবং প্রধান লক্ষ্য থাকে মুনাফা। কিন্তু সেই মুনাফা যখন মানুষের জীবন মানবাধিকারের চেয়ে বড় হয়ে ওঠে— তখন জন্ম নেয় টেলিনরের মতো করপোরেট ট্র্যাজেডি। বাংলাদেশে তারা জড়িয়েছে মালিকানার কোন্দল, শিশুশ্রমের বিতর্ক এবং শীর্ষ নোবেলজয়ীর সঙ্গে বিরোধে। আর মিয়ানমারে এসে তারা নিজেদের কর্মীদের বাঁচানোর উছিলায় কোটি গ্রাহকের ব্যক্তিগত তথ্য তুলে দিয়েছে এক নৃশংস জান্তার হাতে, যা আজ আন্তর্জাতিক আইনের চোখে 'মানবতাবিরোধী অপরাধের সহযোগী' হিসাবে উল্লেখ করা হচ্ছে।
ইউরোপের বুকে বসে যারা অনুন্নত বিশ্বকে মানবাধিকার এবং করপোরেট সুশাসনের সবক দেয়, তাদেরই রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি যখন এশিয়ায় এসে এমন রক্তক্ষয়ী অধ্যায়ের জন্ম দেয়, তখন তাদের আসল চেহারাটা উন্মোচিত হয়ে পড়ে। অসলোর সদর দপ্তরে নরওয়েজিয়ান পুলিশের এই তল্লাশি এবং মামলা হয়তো শেষ পর্যন্ত প্রমাণ করবে— করপোরেট মুনাফার কোনো সীমানা বা নৈতিকতা নেই, তা যত বড় সুশীল কোম্পানির মুখোশই পরে থাকুক না কেন।



