মরছে মানুষ মবে, থামবে কবে

একদল মানুষের হাতে আইন। তারাই অভিযোগ করছে, বিচার করছে এবং প্রাণ কেড়ে নিচ্ছে। মবের মুল্লুকের শেষ কোথায়? মব সন্ত্রাস থামছে না কেন? কড়াকড়ি ঘোষণার পরও বিচারহীনতার সংস্কৃতিই কি অপরাধীদের বেপরোয়া করে তুলছে? 

আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ পিএম

কাউকে পিটিয়ে হত্যা করা হচ্ছে চোর সন্দেহে, কাউকে মেরে ফেলা হচ্ছে ধর্ম অবমাননার অভিযোগ তুলে, হত্যা করা হচ্ছে ছেলেধরা, ছিনতাইকারী আখ্যা দিয়েও। 

হত্যাকাণ্ড চলছে হাসপাতালের ভেতরে, জনসমক্ষে, মানুষের উপস্থিতিতে। এমনকি শত শত মানুষ নারকীয় উল্লাস করে প্রকাশ্যে পিটিয়ে, পুড়িয়ে মারছে মানুষ। একদল লোক নিজেরাই হয়ে উঠছে অভিযোগকারী, বিচারক ও শাস্তিদাতা। 

স্বাভাবিকভাবেই রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিচারব্যবস্থা নিয়ে উঠছে প্রশ্ন। আরও বড় প্রশ্ন হলো, জনতার ইচ্ছার কাছে কি অসহায় হয়ে পড়ছে আইনের শাসন?

২০২৪ সালের ৫ই অগাস্টের পর থেকে বাংলাদেশের জননিরাপত্তা এবং বিচারব্যবস্থার জন্য গুরুতর উদ্বেগের কারণ হয়ে উঠেছে মব সহিংসতা ও গণপিটুনির ঘটনা। 

সরকারের পক্ষ থেকে ঘোষণা এসেছে কঠোর অবস্থানের, জিরো টলারেন্সের কথা বলা হয়েছে মব সহিংসতার বিরুদ্ধে। 

পুলিশ বলছে, ব্যবস্থা নেওয়া হচ্ছে অপরাধীদের বিরুদ্ধে। সরকারি পরিসংখ্যানে দাবি করা হচ্ছে, ঘটনা ও প্রাণহানি কমেছে। 

কিন্তু বাস্তবতা হলো, একের পর এক হত্যাকাণ্ড ঘটেই চলেছে। আর অধিকাংশ ঘটনার ক্ষেত্রে বিচারিক কোনও অগ্রগতি নেই। কোথাও আসামি গ্রেপ্তারের পর জামিনে মুক্ত হচ্ছেন, কোথাও দীর্ঘসময় ধরে চলছে তদন্ত, কোথাও আবার জমা পড়েনি অভিযোগপত্রই। 

সরকারের পরিসংখ্যানের সঙ্গে দ্বিমত রয়েছে বেসরকারি সংস্থাগুলোর। 

গত জানুয়ারি থেকে নয় মাসে মব সহিংসতায় নিহতের সংখ্যা নিয়ে বিস্তর ফারাক দেখা গেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন ও সালিশ কেন্দ্র এবং হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির হিসাবের মধ্যে। সরকারি হিসাবের তুলনায় কয়েকগুণ বেশি মানুষের নিহত হওয়ার খবর দিচ্ছে বেসরকারি সংস্থা দুটি। 

সবকিছু মিলিয়ে প্রশ্ন উঠছে, সরকারের ঘোষিত কঠোর অবস্থান ও মাঠপর্যায়ের বাস্তবতার মধ্যে এত ব্যবধান কেন? মব সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা থাকলেও বাস্তবে কোথায় আটকে আছে বিচার?

আর বিচারহীনতার এই অভিজ্ঞতা কি মব সহিংসতায় জড়িতদের আরও বেপরোয়া করে তুলছে? 

মব সন্ত্রাসের আলোচিত কয়েকটি হত্যাকাণ্ডের তদন্ত ও বিচারপ্রক্রিয়ার অবস্থা, সরকারি ও বেসরকারি পরিসংখ্যানের অসামঞ্জস্য এবং পুলিশ, সরকার ও মানবাধিকারকর্মীদের বক্তব্য বিশ্লেষণ করে এসব প্রশ্নের উত্তর খোঁজা হয়েছে এই প্রতিবেদনে। 

সাতক্ষীরার দেবহাটায় ‘মব’ করে গণপিটুনি দিয়ে হত্যা করা হয় শামীমকে।

সাম্প্রতিক তিনটি আলোচিত ঘটনা

সাতক্ষীরার দেবহাটায় ওয়াহেদুজ্জামান সানা ওরফে শামীমকে ‘মব’ করে গণপিটুনি দিয়ে হত্যার কথা আপনার নিশ্চয়ই মনে আছে। দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন শামীম। কখনো স্বাভাবিকভাবে কথা বলতেন, কখনো করতেন অসংলগ্ন আচরণ। 

ধর্ম অবমাননার অভিযোগ তুলে ফেইসবুকে লাইভ করে লোকজন জড়ো করে গত ১৩ই অক্টোবর হত্যা করা হয় শামীমকে।

ঘটনার দুদিন পর ১৫ই অক্টোবর নিহতের ভাই আব্দুল জলিল হত্যা মামলা করেন দেবহাটা থানায়। আসামিদের মধ্যে জামায়াত কর্মী ফজলুল হক আমিনি, মোক্তার খান, আসাদুল মোল্লা ও যুবদল নেতা সাদিকুল ইসলাম ভদুসহ ১০ জনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাতনামার সংখ্যা আরও ২৫০ জন। 

দেশে বিদেশের সংবাদ মাধ্যমে আলোচিত এই ঘটনার তদন্তও শুরু হয়েছিল জোরেশোরে। ফজলুল হক আমিনি ও সাদিকুল ইসলাম ভদু দিয়েছেন স্বীকারোক্তিমূলক জবানবন্দি। 

মামলার পর ১৫ই অক্টোবর মোক্তার খান, ১৬ই অক্টোবর আসাদুল মোল্লা ও ১৭ই অক্টোবর ফজলুল হক আমিনিকে গ্রেপ্তার করা হয়। 

মামলার তদন্ত কর্মকর্তা দেবহাটা থানার উপপরিদর্শক (এসআই) আল আমিন বলেন, হত্যা মামলার দুই নম্বর আসামি সাদিকুল ইসলাম ভদু ২৮এ অক্টোবর আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। আদালত নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয় এবং আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড শেষে ১লা নভেম্বর ভদুকে আদালতে হাজির করা হলে তিনি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দেন বলে উপপরিদর্শক আল আমিন জানান। 

এর আগে ১৮ই অক্টোবর স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন ফজলুল হক আমিনি।

মামলার এজাহার ঘেঁটে দেখা গেছে, ১২ই অক্টোবর সন্ধ্যায় স্থানীয় জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে থেকে একদল লোক শামীমের বাড়িতে হামলা চালায়। পরদিন সন্ধ্যায় ডা. এম এ সবুরের ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় সেখানেও হামলা চালিয়ে নির্যাতন করা হয় শামীমকে।

একই দিন ফেইসবুকে লাইভ করে জড়ো করা হয় লোকজন। নেতৃত্ব দেন ফজলুল হক আমিনি। সেই ক্লিনিক থেকে শামীমকে নেওয়া হয় সখীপুর হাসপাতালে। হামলা চালানো হয় সেখানেও। 

পারুলিয়া এলাকা থেকে মিছিল নিয়ে সখীপুর হাসপাতালের পেছনের দরজা ভেঙে প্রবেশ করে পুলিশ, আনসার ও চিকিৎসকের উপস্থিতিতে শামীমকে মারধর করা হয়। পরে তার মৃত্যু হয়।

এত বড় ঘটনার একমাস পেরিয়ে গেলেও নামোল্লেখ করা ১০জন আসামির সবাইকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। 

তাহলে ‘মব’-এ নিহত শামীম হত্যা মামলার তদন্ত কবে শেষ এবং কবে শুরু হবে বিচার, সেই প্রশ্ন থেকেই যাচ্ছে।

সাতক্ষীরায় শামীমের ঘটনার আট দিনের মধ্যে আরেকজনকে পিটিয়ে হত্যা করা হয় রাজধানী ঢাকাতে।   

২১এ অক্টোবর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের ভেতর আলম শেখ নামে এক যুবক ঘুরে বেড়াচ্ছিলেন। চাকরির খোঁজে ঢাকায় আসা আলম ‘মানসিক ভারসাম্যহীন’ ছিলেন বলে তার পরিবারের দাবি। ‘ছেলেধরা’ সন্দেহে পিটিয়ে হত্যা করা হয় তাকে।

“মাথা ছাড়া সব জায়গায় মারবেন”,  ইন্টারনেটে ছড়িয়ে পড়া ভিডিওতে অন্যদেরকে এমন বলতে দিতে শোনা যায় এক ব্যক্তিকে। ভিডিওটিতে দেখা যায়, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ‘ছেলেধরা’ সন্দেহে একদল লোক ৪১ বছর বয়সি মো. আলম শেখকে পিটিয়ে হত্যা করছে।

আলমকে মাটিতে ফেলে আঘাত করতে দেখা যায় ওই ভিডিওতে। এ ঘটনায় আলমের পরিবারের পক্ষ থেকে মামলা করা হয় শেরেবাংলা নগর থানায়।

মো. মোস্তাফিজুর রহমান অয়ন নামের একজনকে গ্রেপ্তারও করে পুলিশ। ভিডিও ফুটেজ পর্যালোচনা করে শনাক্তও করা হয় জড়িত থাকা অন্যদেরও।

কিন্তু মামলার তদন্ত আর এগোয়নি। গ্রেপ্তার হয়নি আর কেউই, অয়নও জামিন নিয়ে বেরিয়ে গেছেন। 

২৭এ অক্টোবর ভোরে ঢাকার যাত্রাবাড়ীর বিবির বাগিচার চার নম্বর গেটের কাছে একটি ক্লাবে ঘটে আরেক ঘটনা। পিকআপ ভ্যানচালক জনি ও আরেক তরুণ নিশাতকে ছিনতাইকারী আখ্যা দিয়ে বেধড়ক মারধর করে একদল লোক।

ঘটনাস্থলেই মৃত্যু হয় জনির। গুরুতর আহত অবস্থায় নিশাতকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। পরদিন মৃত্যু হয় তারও।

ওই ঘটনায় মামলা হলেও তদন্তে অগ্রগতি নেই, গ্রেপ্তারও করা হয়নি কাউকে।  

মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)-এর তথ্য বলছে, অক্টোবরে সারাদেশে গণপিটুনি ও মব সহিংসতায় ২৩ জন নিহত এবং ৫৬ জন আহত হয়েছে। এছাড়া ৭টি বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা এবং ৪টিতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

পুলিশ ও অন্যান্য সূত্র থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, সাতক্ষীরায় শামীম হত্যাকাণ্ড ছাড়া অক্টোবরে সংঘটিত মব সন্ত্রাসে নিহত হওয়ার কোনো মামলার ক্ষেত্রে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি নেই তদন্তের।

২০২৫ সালের ৯ই অগাস্ট রংপুরের তারাগঞ্জ-কাজীরহাট সড়কের বটতলা এলাকায় চোর সন্দেহে রূপলাল দাস ও প্রদীপ দাসকে পিটিয়ে হত্যা করে একদল উচ্ছৃঙ্খল জনতা।

পুলিশের সঙ্গে মিলছে না মানবাধিকার সংগঠনগুলোর হিসাব

মব সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। কিন্তু এরপরও আলোচিত হত্যাকাণ্ডের অনেক মামলায় অগ্রগতি নেই তদন্ত ও বিচারপ্রক্রিয়ায়।

২০২৪ সালের ৫ই অগাস্টের পর থেকে দেশে যতগুলো মব সন্ত্রাসের ঘটনা ঘটেছে, বিচার হয়নি তার একটিরও। 

হত্যার ঘটনায় মামলা হলেও বিচারে গতি না থাকায় এমন ঘটনা রোধ করাও যাচ্ছে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 

এদিকে ২০২৬ সালের প্রথম নয় মাসে মব সহিংসতায় নিহতের সংখ্যা কত, তা নিয়ে সরকারের হিসাবের সঙ্গে বড় ধরনের ব্যবধান রয়েছে মানবাধিকার সংগঠনগুলোর। 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাবে, বছরের প্রথম নয় মাসে মবের হাতে নিহত হয়েছেন ৪০ জন। কিন্তু নিহতের সংখ্যা এর কয়েকগুণ বেশি বলে জানাচ্ছে দুটি মানবাধিকার সংঘটন। 

আইন ও সালিশ কেন্দ্রের (আসক) হিসাবে, নিহত হয়েছেন ১৭১ জন। হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) হিসাবে এই সংখ্যা ১৮৭ জন। 

সরকার বলছে, মব সহিংসতা কমেছে। পুলিশ বলছে, এসব ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কিন্তু মানবাধিকারকর্মীদের অভিযোগ, সহিংসতা বন্ধে কার্যকর উদ্যোগের রয়েছে ঘাটতি। 

আর কঠোর অবস্থানের ঘোষণা থাকলেও দৃষ্টান্তমূলক শাস্তি কোথায়, এ প্রশ্ন তুলছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। 

সরকারি হিসাবে কমেছে, বেসরকারি হিসাবে বেশি

স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ২০এ অক্টোবর প্রকাশিত তুলনামূলক পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত দেশে মব সহিংসতার ৬৩টি ঘটনা ঘটেছে। আগের বছরের একই সময়ে ঘটনা ছিল ১০৭টি। 

সরকারি হিসাবে, নিহতের সংখ্যা ২০২৫ সালের একই সময়ের ৬৩ থেকে কমে হয়েছে ৪০ জনে। আহতের সংখ্যা ৮২ থেকে নেমেছে ৬৫তে। 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, নয় মাসে মব সহিংসতার ঘটনা কমেছে ৪১ দশমিক ১২ শতাংশ।

তবে আইন ও সালিশ কেন্দ্রের হিসাবে, ২০২৬ সালের প্রথম নয় মাসে মব সহিংসতা ও গণপিটুনিতে নিহত হয়েছেন ১৭১ জন। 

মানবাধিকার সংগঠন এইচআরএসএসের হিসাবে, একই সময়ে ৩৯৮টি ঘটনায় নিহত ১৮৭ জন, আহত ৪০১ জন। 

অর্থাৎ, একই সময়ের নিহতের সংখ্যায় সরকারি হিসাবের সঙ্গে আসকের ব্যবধান ১৩১ জন এবং এইচআরএসএসের ব্যবধান ১৪৭ জন।

আসকের হিসাবে, ২০২৪ সালে মব সন্ত্রাস ও গণপিটুনিতে নিহত হন ১২৮ জন এবং ২০২৫ সালে নিহত ১৯৮ জন। চলতি বছরের প্রথম নয় মাসের ১৭১ জনকে যুক্ত করলে ২০২৪ সাল থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত সংস্থাটির হিসাবে মব সন্ত্রাসে মোট নিহতের সংখ্যা ৪৯৭ জন।

অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল মবের ঘটনায় বেসরকারি সংস্থাগুলোর প্রতিবেদনে হতাহতের সংখ্যা নিয়ে সংশয় প্রকাশ করেন।

তিনি বলেন, “এসব ঘটনার দ্রুত বিচার নিশ্চিত করতে মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেওয়া যেতে পারে।” 

দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা গেলে মব-সন্ত্রাস কমবে বলে মনে করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বক্তব্য, অপরাধ দমনে বিদ্যমান সাধারণ আইনেই বিচার সম্ভব; মবের জন্য আলাদা কোনো বিশেষ আইনের প্রয়োজন নেই।

পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া) কামারুম মুনিরা আলাপ-কে বলেন, “উচ্ছৃঙ্খল জনতা মব সৃষ্টি করে বেআইনি কর্মকাণ্ডে জড়ালে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এসব ঘটনায় মামলা ও আসামি গ্রেপ্তারের বিষয়ে পুলিশ সদর দপ্তর থেকে সংশ্লিষ্ট ইউনিটগুলোকে নির্দেশনা দেওয়া হয়।”

মানবাধিকার সংগঠনগুলোর সঙ্গে পরিসংখ্যানের পার্থক্য প্রসঙ্গে তিনি বলেন, তথ্য হিসাবে পুলিশের তথ্যই নির্ভরযোগ্য। 

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ঘটনা আলোচনায় না এলে পুলিশ ব্যবস্থা নেয় না, এমন অভিযোগও নাকচ করেন তিনি। 

কামারুম মুনিরা দাবি করেন, “কর্তৃপক্ষ ঘটনা সম্পর্কে জানতে পারলেই দ্রুত পদক্ষেপ নেয়।”

মানবাধিকারকর্মী নুর খান মনে করেন, মব সহিংসতা বন্ধে রাষ্ট্রের কার্যকর উদ্যোগের ঘাটতি রয়েছে। 

আলাপ-কে তিনি বলেন, “৫ই অগাস্টের পর থেকে এ ধরনের সহিংসতা নিয়মিত ঘটছে। কিন্তু তা বন্ধে দৃশ্যমান কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না।”

নুর খানের মতে, কখনো জনপ্রতিনিধিরা সন্ত্রাস দমন বা মাদকবিরোধী অভিযানের নামে মবের আশ্রয় নিচ্ছেন। আবার ব্যক্তিগত ও রাজনৈতিক অভিলাষ পূরণেও এ ধরনের সহিংসতা ব্যবহৃত হচ্ছে।

তিনি বলেন, “আড়াই বছরেরও বেশি সময় ধরে মবের বিচার হয়নি।” 

তার বক্তব্য, শুধু ঘটনা কমেছে, এমন পরিসংখ্যান দিয়ে সফলতার দাবি করা যায় না। বিচার নিশ্চিত করে মানুষকে বোঝাতে হবে যে, রাষ্ট্র মব সহিংসতার বিরুদ্ধে।

২০২৫ সালের ১৮ই ডিসেম্বর ময়মনসিংহের ভালুকায় পোশাকশ্রমিক দীপু চন্দ্র দাসকে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ তুলে পিটিয়ে হত্যা করা হয়।

আলোচিত হত্যাকাণ্ডের মামলায় নেই অগ্রগতি

২০২৫ সালের ৯ই অগাস্ট রংপুরের তারাগঞ্জ-কাজীরহাট সড়কের বটতলা এলাকায় চোর সন্দেহে রূপলাল দাস ও প্রদীপ দাসকে পিটিয়ে হত্যা করে একদল উচ্ছৃঙ্খল জনতা। ঘটনার এক বছর পার হলেও মামলায় অভিযোগপত্র জমা দিতে পারেনি পুলিশ।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বুড়িরহাট উচ্চবিদ্যালয় মাঠে শত শত মানুষ তাদের মারধর করছে। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও কার্যকর ভূমিকা নিতে ব্যর্থ হওয়ার অভিযোগ ওঠে।

দায়িত্বে অবহেলার কারণে তারাগঞ্জ থানার দুই উপপরিদর্শকসহ আট পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়।

মামলায় প্রধান পরিকল্পনাকারী হিসাবে অভিযুক্ত রুবেল পাইকার গত জানুয়ারিতে জামিনে মুক্ত হওয়ার পর নিহতদের পরিবারকে হুমকি দেন বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে পরিবারের পক্ষ থেকে সাধারণ ডায়েরি ও অভিযোগ করা হয়েছে থানায়।

তারাগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মাহমুদ ২০এ অক্টোবর আলাপ-কে বলেন, এ মামলায় ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

দ্রুত অভিযোগপত্র জমা দেওয়া হবে বলেও জানান তিনি।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা আবদুল্লাহ আল মাসুদকে ২০২৪ সালের ৭ই সেপ্টেম্বর পিটিয়ে হত্যা করা হয়। তার ভাইয়ের করা মামলাটি থানা-পুলিশ ও গোয়েন্দা পুলিশের হাত ঘুরে পিবিআইয়ে গেলেও, ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। তদন্তেও অগ্রগতির খবর পাওয়া যায়নি।

২০২৪ সালের ১৮ই সেপ্টেম্বর রাতে চুরির সন্দেহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের কক্ষে পিটিয়ে হত্যা করা হয় তোফাজ্জল হোসেনকে। 

তদন্ত শেষে প্রথমে ২১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। পরে পুনঃতদন্তের পর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ২৮ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র দেয়।

২০২৬ সালের ১০ই মার্চ আদালত অভিযোগপত্র গ্রহণ করে ২২ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এর আগে ছয়জন গ্রেপ্তার হয়েছিলেন। কিন্তু অভিযোগপত্র জমা পড়লেও আসামিদের সবাইকে আদালতে হাজির করা যায়নি।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও ২০২৪ সালের ১৮ই সেপ্টেম্বর সাবেক ছাত্রলীগ নেতা শামীম আহমেদ ওরফে শামীম মোল্লাকে পিটিয়ে হত্যা করা হয়। কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলায় তার জড়িত থাকার অভিযোগ ঘিরে উত্তেজনার মধ্যে এ ঘটনা ঘটে।

ঘটনার দুই বছর পরও তদন্ত প্রতিবেদন জমা পড়েনি। ২০২৬ সালের সেপ্টেম্বরেও পিবিআই জানিয়েছে, তদন্ত চলছে।

২০২৫ সালের ৫ই সেপ্টেম্বর রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। হামলাকারীরা তার মরদেহ কবর থেকে তুলে মহাসড়কে নিয়ে আগুন ধরিয়ে দেয়। সংঘর্ষে তার অনুসারী রাসেল মোল্লা নিহত হন। এ ঘটনায় একাধিক মামলা হলেও বিচার শুরু হয়নি। দুটি মামলায় ২৮ জনকে গ্রেপ্তারের তথ্য পাওয়া গেছে। 

একই বছরের ১৩ই নভেম্বর নুরাল পাগলার শ্যালিকা শিরিন বেগম আদালতে আরেকটি মামলা করেন। এতে ৯৬ জনের নাম উল্লেখ করে আরও ৪০০ থেকে ৫০০ অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করা হয়। আদালত তদন্তের দায়িত্ব দেন পিবিআইকে। পরে বাদী মামলা প্রত্যাহারের আবেদন করেন।

একই বছরের ১৮ই ডিসেম্বর ময়মনসিংহের ভালুকায় পোশাকশ্রমিক দীপু চন্দ্র দাসকে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ তুলে পিটিয়ে হত্যা করা হয়। পরে তার মরদেহ গাছে ঝুলিয়ে আগুন দেওয়া হয়। ২০২৬ সালের ২৪ ফেব্রুয়ারির এক প্রতিবেদনে এ ঘটনায় ২৩ জনকে গ্রেপ্তারের কথা জানানো হয়।

তবে এসব মামলার একটিরও বিচার শেষ হয়নি। বিচারিক প্রক্রিয়ার অগ্রগতিও থমকে রয়েছে।

হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম বলেন, মব সহিংসতা বন্ধ করতে হলে শুধু নিন্দা জানালে চলবে না; প্রতিটি ঘটনার নিরপেক্ষ তদন্ত, অপরাধীর আইনানুগ বিচার, ভুক্তভোগীর প্রতিকার এবং রাষ্ট্রীয় জবাবদিহি নিশ্চিত করতে হবে। এটাই মানবাধিকারের দাবি, এটাই আইনের শাসনের শর্ত।

ইতিহাস বলছে, এ ধরনের গণপিটুনি বা মব সহিংসতা বাংলাদেশে আগেও ঘটতো, সব সময়ই ঘটেছে। কখনও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পালন করেছে দর্শকের ভূমিকা। তার ওপর, অতীত থেকে বর্তমান, সব আমলের ক্ষমতাসীনরাই মব নিজেদের পক্ষে গেলে তা নিয়ে নীরব থেকেছে বা প্রশ্রয় দিয়েছে। তাই অপরাধীদের মধ্যে এই বার্তাই প্রতিষ্ঠিত হয়েছে যে, দলবদ্ধভাবে আইন হাতে তুলে নিলে পার পাওয়া যায়। বিচারহীনতা ও রাজনৈতিক প্রশ্রয়ের কারণে ‘জনতার আদালতের’ কাছে অসহায় হয়ে পড়ে রাষ্ট্রের শাসন।