বিমানবন্দরে রেড অ্যালার্ট, পুলিশে আতঙ্ক

নাশকতার টার্গেট পুলিশের স্থাপনা ও যানবাহনও। রাতের ডিউটিতে থাকা পুলিশ সদস্যদের মধ্যে আতঙ্ক বাড়ছে, অন্যদিকে ধারাবাহিক হামলার প্রেক্ষাপটে বিমানবন্দরগুলোতে জারি হয়েছে সর্বোচ্চ সতর্কতা। 

আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ০৯:১০ পিএম

বুধবার রাতে ঢাকার শাহাজানপুরে বিএনপির সিনিয়র নেতা মির্জা আব্বাসের বাসভবনের সামনে ককটেল হামলা হয়। কয়েক ঘণ্টার ব্যবধানে আগুন দেওয়া হয় গুলশান এবং মালিবাগের দুইটি পুলিশ বক্সে। সংশ্লিষ্ট থানা পুলিশ অবশ্য এসব ঘটনার কিছু কিছু অস্বীকার করেছে।

বৃহস্পতিবার ভোররাত পর্যন্ত ঢাকার মিরপুর বেড়িবাঁধ, মধ্য বাড্ডা, রামপুরা, মালিবাগ, মোহাম্মদপুর, খিলগাঁও রেলগেট, উত্তরা জসীম উদ্দিন রোড, হাতিরঝিলে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের তথ্য পাওয়া গিয়েছে।

পুলিশ সদর দপ্তরের তথ্যমতে, ৭ থেকে ১৮ই নভেম্বর পর্যন্ত সারাদেশে ৭৮টি স্থানে ককটেল বিস্ফোরণ ও ৭৪টি যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এর মধ্যে পুলিশের তিনটি স্থাপনায় অগ্নিসংযোগ বা ভাঙচুর, ১৮টি গাড়িতে অগ্নিসংযোগ, দুটি স্থাপনায় ককটেল বিস্ফোরণ এবং একটি গাড়ি ককটেলে ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব ঘটনায় ৩৮টি মামলা হয়েছে, গ্রেপ্তার হয়েছেন ৬৩ জন।

শঙ্কায় পুলিশ সদস্যরা

আলাপের সাথে কথা হয়েছে বিভিন্ন স্তরের বেশ কয়েকজন পুলিশ সদস্যের। তাদের ভাষ্য, ৬ই নভেম্বর থেকে ধারাবাহিকভাবে ককটেল, পেট্রল বোমা ও আগুন দেওয়ার ঘটনা ঘটছে। সাধারণ মানুষের পাশাপাশি আতঙ্কে আছেন আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা সদস্যরাও। কনস্টেবল থেকে ডিসি পর্যন্ত সবার মধ্যেই এক ধরনের অজানা ভয় কাজ করছে বলে তারা জানিয়েছেন।

“আমরা আমাদের দায়িত্ব পালন করে যাচ্ছি। কিন্তু যেভাবে হঠাৎ করেই আমাদের যানবাহন ও স্থাপনা টার্গেট হচ্ছে তাতে করে ফোর্সের মনোজগতে এর প্রভাব জেঁকে বসেছে। বিশেষ করে, সন্ধ্যা থেকে ভোররাতে ডিউটি চলাকালীন কনস্টেবল থেকে পুলিশ পরিদর্শকরা ভয়েই দিন কাটাচ্ছেন”, নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ সদস্য আলাপকে বলেছেন।

দুইজন পুলিশ কর্মকর্তা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার কথাও তুলে ধরেছেন। তাদের ভাষ্য, সেখানে হামলা ও নাশকতার মুখে যেভাবে থানা-পুলিশ সদস্যরা চলে যেতে বাধ্য হয়েছেন, তা বাহিনীর জন্য বাড়তি হুমকি হয়ে দাঁড়িয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে একজন গোয়েন্দা কর্মকর্তা আলাপকে বলেছেন, এই ধরনের ঘটনা দিনে দিনে বাড়ছে। তার দাবি, নাশকতার বেশকিছু আগাম গোয়েন্দা প্রতিবেদন সরকারের সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছিল। 

‘কোনও প্রভাব পড়ছে না’

তবে মাঠের সদস্যদের এই বক্তব্যের একেবারে বিপরীত অবস্থান পুলিশ সদর দপ্তরের।

“বিচ্ছিন্ন এই ধরনের নাশকতা কর্মকান্ডে পুলিশের কার্যক্রমে খুব একটা প্রভাব পড়ছে আমরা এমনটা মনে করি না,” এআইজি ( মিডিয়া) কামারুম মুনিরা আলাপকে বলেছেন।

তিনি জানান, সাম্প্রতিক অস্থিরতা আর ধারাবাহিক নাশকতায় সম্পৃক্ত অর্থের যোগানদাতা, পরিকল্পনাকারীদের বিষয়েও পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছে। তাদের অবস্থান ও অর্থের উৎস খুঁজে দেখা হচ্ছে।

“নাশকতায় জড়িত কাউকেই ছাড় দেওয়া হবেনা, প্রত্যেককেই আইনের আওতায় আনা হবে,” বলেন পুলিশ সদর দপ্তরের এই কর্মকর্তা।

চিরুনি অভিযানে গ্রেপ্তার ১০৭ 

গেলো ২৪ ঘন্টায় ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১০৭ জনকে গ্রেপ্তার করার তথ্য জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)

বৃহস্পতিবার ডিএমপি-এর অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী গণমাধ্যমকে বলেছেন, গ্রেপ্তার হওয়া অনেকের বিরুদ্ধেই নাশকতার অভিযোগ রয়েছে।

ঢাকার মিরপুর মডেল থানা পুলিশ জানিয়েছে, নাশকতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের ৫জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

হত্যার অভিযোগ সাবেক মন্ত্রী নাহিদের বিরুদ্ধে

বুধবার মধ্যরাতের পর ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার করা হয় সাবেক শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে। আওয়ামী লীগের এই নেতার বিরুদ্ধে হত্যা মামলাসহ মোট ১৪টি মামলা রয়েছে। জুলাই আন্দোলনের সময় সাদিকুল ইসলাম নামে এক মাদরাসা ছাত্রকে হত্যার মামলায় তাকে বৃহস্পতিবার কারাগারে পাঠিয়েছেন ঢাকার একটি আদালত। 

এছাড়া, আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্টতায় অভিযোগে উত্তরা থেকে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকেও গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। 

সব বিমানবন্দরে রেড অ্যালার্ট

দেশের বিভিন্ন জায়গায় ধারাবাহিক ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের প্রেক্ষাপটে বাংলাদেশের সবগুলো বিমানবন্দরে সর্বোচ্চ সতকর্তা বা রেড অ্যালার্ট জারি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, বেবিচক। সংস্থাটির একজন দায়িত্বশীল কর্মকর্তা নিশ্চিত করেছেন, ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। 

এনিয়ে আর্মড পুলিশ ব্যাটেলিয়ন, এপিবিএন-কে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে এবং বিমানবন্দর থানা পুলিশকেও টহল বাড়াতে বলা হয়েছে। তাছাড়া, রাতে ফ্লাইট চলে না এমন  বিমানবন্দরগুলোতে রাতের নজরদারি ও টহল বাড়াতে নির্দেশ দেওয়া হয়েছে।

এপিবিএন আলাপকে জানিয়েছে, সাম্প্রতিক কিছু হুমকি বিশ্লেষণ করে এই ধরনের নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ।

এদিকে একাধিক গোয়েন্দা কর্মকর্তা আলাপকে জানিয়েছেন, তারা সতর্ক রয়েছেন। বিমান বন্দরে প্রবেশ থেকে বের হওয়া পর্যন্ত প্রতিটি যানবাহনের দিকে কড়া নজর রাখা হচ্ছে। এছাড়া বিভিন্ন গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে দেখা হচ্ছে।