৬১টি নিত্য প্রয়োজনীয় পণ্যের কর প্রত্যাহার করা হয়েছে, সংসদে জানালেন প্রধানমন্ত্রী

আপডেট : ২৯ জুন ২০২৬, ০৩:৩০ পিএম

বাজেট ঘোষণার পর এবার নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়েনি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একইসাথে ৬১টি পণ্যের ওপর থাকা ট্যাক্স প্রত্যাহার করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

সোমবার প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি ২০২৬-২৭ অর্থ বছরের বাজেটকে ‘জীবনবান্ধব’ হিসেবে উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী বলেন, “এই সেশনে আমরা যে বাজেট উপস্থাপন করছি সরকারি দলের সদস্য হিসেবে একে আমি একটি নামকরণ করতে চাই। আর সেটি হচ্ছে এ বাজেট ‘জীবনবান্ধব’।”

“আমরা দেশের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে অনেক আলোচনা করেছি, অনেক বক্তব্য রেখেছি। অতীতে ভালোমন্দ কি হয়েছে আমি সে বিতর্কে আর যাবো না। আমাদেরকে অবশ্যই সামনে চলতে হবে” যোগ করেন প্রধানমন্ত্রী।

সকাল সাড়ে ১০টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশন শুরু হয়। সমাপনী বাজেট আলোচনায় প্রথমে বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান এবং পরে সংসদ নেতা প্রধানমন্ত্রী বক্তব্য রাখেন।

রাষ্ট্রব্যবস্থায় বাজেটকে গুরুত্বপূর্ণ বিষয়  উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “বাস্তবতা অনেক কঠিন। তারপরেও বিভিন্ন বিষয় বিবেচনা করে যে বাজেটটি আমরা এখানে উপস্থাপন করেছি, অবশ্যই আমরা চেষ্টা করেছি আমাদের সর্বোচ্চ বুদ্ধি, বিবেক ও জ্ঞান দিয়ে এমন একটি বাজেট উপস্থাপন করতে যাতে শ্রেণী-পেশা ও সমাজের সকল মানুষ কিছুটা হলেও স্বস্তির শ্বাস ফেলতে পারে।'

সংসদে বাজেট উপস্থাপনের পরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বাড়েনি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “আমরা অতীতে লক্ষ্য করেছি যে বাজেট উপস্থাপনের আগে ও পরে অনেক নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম হঠাৎ করে কোন কারণ ছাড়াই বেড়ে যেত। তবে এ বছর আমরা সেরকম কোন দৃশ্য দেখিনি।”

তিনি বলেন, 'নিত্য প্রয়োজনীয় বলতে আমরা সাধারণত যা বুঝে থাকি এরকম ৬১ টি পণ্যের ওপর থেকে পূর্বের নির্ধারিত ট্যাক্স প্রত্যাহার করে নেওয়া হয়েছে।”

রাজনৈতিক দল হিসাবে, রাজনৈতিক সরকার হিসাবে, জনগণের প্রতি থাকা দায়িত্ব কিছুটা পূরণ করা গেছে বলে মনে করেন প্রধানমন্ত্রী। বলেন, “কিছুটা হলেও আমরা জনগণকে স্বস্তি দিতে পেরেছি।”

প্রধানমন্ত্রী বলেন, “বিরোধীদলের নেতাও বলেছেন আগে হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছিল, জাতীয়  ও আন্তর্জাতিকভাবেও যেটি স্বীকৃত। দেশের উৎপাদন এবং বিনিয়োগ প্রায় স্থবির হয়ে পড়েছিল। মূল্যস্ফীতি কি অবস্থায় পৌঁছে গিয়েছিল আজ থেকে দুই আড়াই বছর আগে সেটি বোধহয় আমরা সকলেই হাড়ে হাড়ে টের পেয়েছিলাম।”

পুঁজিবাজারের সংকটের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, “পুঁজিবাজার অর্থনীতির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খাত। এই খাত এমন অবস্থায় গিয়ে পৌঁছেছিল মানুষ সর্বস্ব হারিয়ে আত্মহত্যাও করেছিল। হাজার কোটি টাকা পাচার ও অপচয়ের মাধ্যমে  বৈদেশিক মুদ্রার রিজার্ভ কি ভয়াবহ অবস্থায় পৌঁছেছিল সেটি নিশ্চয়ই কারো অজানা নয়। টাকার যে এক্সচেঞ্জ এটি ৪০ শতাংশ নেমে গিয়েছিল।”

প্রধানমন্ত্রী বলেন, “বেশ কিছু ভ্যানিটি প্রজেক্ট গ্রহণ করার মাধ্যমে অহেতুক দেশি বিদেশি ঋণ গ্রহণ করা হয়েছিল যা এখন জাতির ওপর বোঝা হয়ে দাঁড়িয়েছে। এখান থেকে রেভিনিউ কালেক্ট হয় না। ফলে বাইরে থেকে টাকা দিয়ে এই বৈদেশিক ঋণগুলোকে শোধ করতে হচ্ছে এবং শুধু অল্প সময় না লম্বা একটি সময় ধরে আগামীতে হয়তো জাতিকে এই বোঝা টানতে হবে।”

সংকটকে অস্বীকার করা যাবে না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “সংকটকে আমরা অজুহাত বানাতে চাই না। সেজন্যই  বিরোধী নেতার সাথে আমি সম্পূর্ণভাবে একমত। আমরা জনগণকে সাথে নিয়ে রাজনৈতিক সদিচ্ছা এবং কার্যকর নীতির মাধ্যমে সফলভাবে এ সংকট মোকাবিলা করতে চাই।”