হামলা বন্ধে রাজি যুক্তরাষ্ট্র-ইরান, আলোচনা কাতারে

আপডেট : ২৯ জুন ২০২৬, ১০:০৭ এএম

কয়েক দিনের হামলা পালটা হামলার পর ফের আলোচনায় ফিরছে যুক্তরাষ্ট্র ও ইরান। হামলা বন্ধে সম্মত হয়েছে দুই দেশ। ফের বসবে আলোচনায়।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় বৈঠকে বসবে দুই দেশ। গত ১৭ই জুন হওয়া ১৪ দফার অন্তর্বর্তী সমঝোতায় দুই পক্ষ আপাতত হামলা থেকে বিরত থাকতে রাজি হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলও স্বাভাবিক থাকবে। আলোচনা অব্যাহত থাকবে সমঝোতার কারিগরি বিষয় নিয়ে।

এই সিদ্ধান্ত এমন এক সময়ে এলো, যখন গত কয়েক দিনে হরমুজ প্রণালিতে জাহাজে হামলাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ে। উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তোলে।

২৮এ জুন ভোরে কুয়েত ও বাহরাইনের মার্কিন সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছিলেন, ইরান সমঝোতা না মানলে দেশটির জন্য কঠিন পরিণতি অপেক্ষা করছে।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসও হামলা বন্ধ ও দোহায় আলোচনার খবর দিয়েছে।

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের কোনো সেনা নিহত হয়নি এবং বড় ধরনের ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি। তবে পরিস্থিতি এখনও পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে রয়টার্সকে জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা।

বাহরাইন জানিয়েছে, ইরানের একটি ড্রোন হামলায় দেশটির মুহাররাক অঞ্চলের একটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে কেউ হতাহত হয়নি। কুয়েতও জানিয়েছে, তারা দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে।

একই সময়ে লেবাননে ইরান-সমর্থিত হেজবুল্লাহর অবস্থানে নতুন করে হামলা চালানোর কথা জানিয়েছে ইসরায়েল। তেহরান বলেছে, আঞ্চলিক শান্তি কার্যকর রাখতে হলে লেবাননের সংঘাতও বন্ধ করতে হবে।