পূজামণ্ডপের নিরাপত্তা নিয়ে মতবিনিময় সভা করলো এসআরবি-১

আপডেট : ১২ অক্টোবর ২০২৬, ০৭:১১ পিএম

দুর্গাপূজা উপলক্ষ্যে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে মণ্ডপ সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেছে এসআরবি-১। সোমবার রাজধানীর উত্তরায় এসআরবি-১ এর সদর দপ্তরে এই সভা হয়।  

এসময় এসআরবি-এর অধিনায়ক লে. কর্ণেল মো. নেয়ামুল হালিম খান বলেন, “বাংলাদেশে কোন সংখ্যালঘু নেই, আমরা সবাই বাংলাদেশি এবং সবাই সমান নাগরিক অধিকার ভোগ করবো।” 

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্‌যাপন, সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে সংশ্লিষ্ট সকলের মধ্যে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা করা হয়। 

এ সময় এসআরবি-১ অধিনায়ক পূজামণ্ডপ কর্তৃপক্ষকে নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করার পরাপর্শ দেন। এছাড়াও যেকোনো সন্দেহজনক পরিস্থিতি চোখে পড়লে দ্রুত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।  

সভা শুরুর আগে উত্তরার দিয়াবাড়ি ও খিলক্ষেতসহ বেশ কয়েকটি পুজামণ্ডপ পরিদর্শন করেনলে. কর্ণেল মো. নেয়ামুল হালিম খান। 

উত্তরা, বনানীসহ এসআরবি-১ এর অধীনে থাকা ৪১৮টি পূজামণ্ডপে মোতায়েন করা পোশাক ও সাদা পোশাকের গোয়েন্দা দল তাদের দায়িত্ব পালন করবে।