খুলনায় রাতে পুলিশ সদস্যদের একা চলাচল না করতে নির্দেশনা

আপডেট : ১০ অক্টোবর ২০২৬, ০৪:১০ পিএম

ছিনতাইকারীদের হামলায় পুলিশ সদস্য আহতের জেরে রাতের বেলায় খুলনায়, পুলিশ সদস্যদের একা চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে জেলা পুলিশ। অভিযানসহ অন্যান্য দায়িত্ব পালনের সময় সদস্যদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট ইউনিট ইনচার্জদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়।

শুক্রবার রাতে খুলনা জেলা ডিএসবির পুলিশ সুপার স্বাক্ষরিত অফিসিয়াল চিঠির মাধ্যমে সতর্কতামূলক এই নির্দেশনা দেওয়া হয়।

জেলা পুলিশের ওই চিঠিতে আরো বলা হয়, চলমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় জেলার রূপসা, তেরখাদা, দিঘলিয়া ও বটিয়াঘাটা থানা এলাকায় বর্তমানে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। সম্প্রতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার ঘটনা পরিলক্ষিত হওয়ায় সদস্যদের ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিত করা জরুরি হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে যেন দায়িত্ব পালনকালে রাতের বেলায় পুলিশ সদস্যরা একা একা চলাচল না করেন। বিষয়টি নিশ্চিত করতে ইউনিট প্রধানদের প্রতি কড়া নির্দেশ দেওয়া হয়েছে।

দাপ্তরিক নির্দেশনার বিষয় জানতে চাইলে খুলনা জেলা পুলিশ সুপার সরকার ওমর ফারুক ফোনে আলাপ-কে বলেন গত বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে নগরীর খানজাহান আলী সড়কের খুলনা কলেজিয়েট স্কুলের সামনে ধারালো চাপাতির কোপে গুরুতর আহত হন পুলিশ পরিদর্শক শাহ আলম। ছিনতাইকারীদের হামলায় রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ লাইন্স হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এসপি বলেন, ঘটনার মুহূর্তে আহত কর্মকর্তা সাদা পোশাকে ছিলেন। তাই এমন  ঘটনার পর জেলা কতর্ব্যরত পুলিশের সদস্যদের নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় রাতের বেলায় একলা চলাচলের ওপর এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।