জুলাই স্মৃতি জাদুঘরের নতুন মহাপরিচালক ড. কামরুজ্জামান

আপডেট : ০১ আগস্ট ২০২৬, ০৬:০৯ পিএম

জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা যুগ্মসচিব ড. মোহাম্মদ কামরুজ্জামানকে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে। 

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে গত বুধবার জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। 

ড. মোহাম্মদ কামরুজ্জামানের নিয়োগের আগে এই দায়িত্বে ছিলেন জাতীয় জাদুঘরের ডিজি তানজিম ওয়াহাব। জারি করা আদেশ ‘অবিলম্বে’ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে। 

এতে আরও বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (পদোন্নতিজনিত) হিসেবে কর্মরত যুগ্ম সচিব মোহাম্মদ কামরুজ্জামানকে বদলিপূর্বক প্রেষণে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অধীন জুলাই গণ–অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে। 

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ও চেতনা সংরক্ষণে ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত গণভবনকে জুলাই স্মৃতি জাদুঘরে রূপান্তর করা হয়।