মিরপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেলো ৪ জনের

আপডেট : ০৪ নভেম্বর ২০২৬, ০১:১৪ পিএম

রাজধানীর মিরপুরের বেড়িবাঁধ এলাকায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৪জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২ জন পুরুষ ও ২ জন নারী।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকাল সাড়ে ৭টায় মিরপুরের নবাবেরবাগ উত্তরপাড়া এলাকার সড়কে এই দুর্ঘটনা ঘটে।ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম আলাপ-কে বলেন, "ঘটনাটি মিরপুর বেড়িবাঁধ এলাকায়, যা শাহ আলী থানা এলাকার অন্তর্ভুক্ত। বাসটি ছিল এশিয়ান ইউনিভার্সিটির নিজস্ব বাস।"

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কল্যাণপুর ফায়ার স্টেশনের একটি ইউনিট। এরপর তারা সেখানে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। তবে নিহতদের নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

পরে মরদেহগুলো শাহআলী থানার জিম্মায় দেওয়া হয়। 

দুর্ঘটনার পর ওই রাস্তায় কিছু সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি যান চলাচল স্বাভাবিক করে।